যুক্তরাষ্ট্রে হামলাকারীদের পরিচয় মিলেছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিবন্ধী সেবাকেন্দ্রে হামলাকারী দুই বন্দুকধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ বলছে, হামলার সময় পুলিশের অভিযানে নিহত দুই বন্দুকধারীই মুসলিম। তাঁদের মধ্যে একজন মার্কিন বংশোদ্ভূত।
এএফপির খবরে জানা যায়, সান বার্নার্ডিনো কাউন্টির পুলিশ প্রধান জ্যারড বারগুয়ান স্থানীয় সময় গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিকভাবে হামলায় তৃতীয় কোনো ব্যক্তি জড়িত আছেন বলে তাঁরা ভেবেছিলেন। পরে তাঁরা নিশ্চিত হয়েছেন, দুজন বন্দুকধারীই হামলা চালিয়েছেন। তাঁদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাঁরা হলেন, সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাসফিন মালিক (২৭)। তাঁদের মধ্যে সৈয়দ রিজওয়ান মার্কিন বংশোদ্ভূত।
পুলিশ কর্মকর্তা বারগুয়ান বলেন, ফারুক ওই কাউন্টির সরকারি স্বাস্থ্য বিভাগে পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে পাঁচ বছর ধরে কর্মরত। পুলিশ মনে করছে, কর্মক্ষেত্রে অসন্তোষের কারণে এ হামলা হতে পারে। হামলা ছিল পূর্বপরিকল্পিত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলার আগে সেবাকেন্দ্রে চলা অনুষ্ঠানে ফারুক উপস্থিত ছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। সেখানে বাগবিতণ্ডা হয় বলে পুলিশের কাছে খবর রয়েছে। পরে ফারুক মেজাজ খারাপ করে সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ মনে করে, পুরো ঘটনাই পূর্বপরিকল্পিত ছিল। রাগ করে ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়াও তারই অংশ ছিল। ব্যাপারটি এমন নয় যে রাগ করে বেরিয়ে গিয়ে ফারুক ভারী অস্ত্র ও কমান্ডো পোশাকে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে।
আমাদের নিউইয়র্ক প্রতিনিধি জানান, স্থানীয় সময় গতকাল বুধবার বেলা ১১টার দিকে সান বার্নার্ডিনো কাউন্টির ইনল্যান্ড রিজিওনাল সেন্টার নামের ওই সেবাকেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি ছোড়েন বন্দুকধারীরা। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। পরে পুলিশের অভিযানে গুলিতে দুই বন্দুকধারী নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যালিফোর্নিয়ার হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। এ ধরনের সহিংসতা বন্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
বিবিসি ও রয়টার্সের খবরে জানানো হয়, সান বার্নার্ডিনো শহরের পুলিশ প্রধান জ্যারড বারগুয়ান সকালে বলেন, হামলাকারীরা সব ধরনের প্রস্তুতি নিয়ে অভিযানে নেমেছিলেন। তাঁদের কাছে ভারী অস্ত্র ও হাতবোমা ছিল। পোশাকও ছিল কমান্ডো ধরনের। মনে হচ্ছিল তাঁরা কোনো অভিযানে নেমেছেন। এটি জঙ্গি হামলা কি না, এ ব্যাপারে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গোলাগুলির সময় অনেকে ওই সেবাকেন্দ্রের বিভিন্ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে আত্মরক্ষার চেষ্টা করেন। পরে পুলিশ অনেককে সেখান থেকে সরিয়ে নেয়।
সেবাকেন্দ্রের সভাপতি ম্যাবেথ ফিল্ড বলেন, হামলার লক্ষ্য তাঁদের কাছে নিশ্চিত নয়। রোগীদের যেখানে চিকিৎসা দেওয়া হয়, সেখানে হামলা হয়নি। সেবাকেন্দ্রের যেখানে সম্মেলন বা সামাজিক অনুষ্ঠান হয়, সেখানেই হামলার ঘটনা ঘটেছে। প্রতিবছর ডিসেম্বর মাসের দিকে সেখানে এই অনুষ্ঠান হয়।
২০১২ সালে একটি স্কুলে গুলি করে ২৬ জনকে হত্যা করা হয়। কিছু দিন আগে কলোরাডো একটি পরিবার পরিকল্পনাকেন্দ্রে গুলি করে পাঁচজনকে হত্যা করেন বন্দুকধারীরা।
আরও পড়ুন...