যুক্তরাষ্ট্রে ৮৫ শতাংশ ব্যবহারকারী টিকা নিয়েছেন বা নিতে চান: ফেসবুক
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনার জবাব দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। স্থানীয় সময় গতকাল শনিবার ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট গাই রোসেন অফিশিয়াল এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৮৫ শতাংশ ফেসবুক ব্যবহারকারী করোনার টিকা নিয়েছেন অথবা টিকা নিতে চান।’ খবর রয়টার্সের।
ফেসবুকের এই কর্মকর্তা আরও বলেন, ‘৪ জুলাইয়ের মধ্যে প্রেসিডেন্ট বাইডেন ৭০ শতাংশ মার্কিনকে টিকাদানের আওতায় আনতে চেয়েছিলেন। তাঁর এই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এর পেছনে ফেসবুকের কোনো ভূমিকা নেই।’
গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় বাইডেন অভিযোগ করেন, করোনার সংক্রমণ নিয়ে ফেসবুকে ভুয়া তথ্য প্রচারের কারণে মানুষ মারা যাচ্ছে। মানুষ টিকা গ্রহণ নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের নানা মাধ্যমের প্রচারে বিভ্রান্ত হচ্ছে। ভুল তথ্যের প্রচারে জীবনহানি ঘটছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অধিকাংশ মানুষই টিকা গ্রহণ করেননি। মহামারি এখনো টিকা না নেওয়া লোকের জন্যই টিকে আছে বলে উল্লেখ করেন তিনি।
বাইডেনের সঙ্গে সুর মিলিয়েছেন যুক্তরাষ্ট্রের অনেক গবেষক ও আইনপ্রণেতাও। তাঁরা বলছেন, ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে করোনা নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে। এসব অপপ্রচার নজরদারি করতে ব্যর্থ হয়েছে ফেসবুক। যদিও বরাবরই এসব অভিযোগ নাকচ করে এসেছে ফেসবুক। করোনা ও টিকাসংক্রান্ত ভুয়া তথ্য যেন সামাজিক যোগাযোগের এই মাধ্যমে না ছড়ায়, সে জন্য নানা নীতিমালা তৈরি করে তারা। এসবের জের ধরেই মানুষের কাছে একেবারে নির্ভরযোগ্য তথ্যটাই পৌঁছে গেছে বলে দাবি তাদের।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়েছে। গত এক সপ্তাহে দেশটিতে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে ৭০ শতাংশ। একই সময়ে মৃত্যু আগের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে।