যুক্তরাষ্ট্রে 'জঙ্গিবাদে উদ্বুদ্ধ' তিন সন্দেহভাজন গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে জিহাদের নামে জঙ্গিবাদে উদ্বুদ্ধ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজনকে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আইএসে যোগ দেওয়ার জন্য বিমানযাত্রার প্রাক্কালে আটক করা হয়। দেশের মাটিতে বেড়ে ওঠা জঙ্গিদের নিয়ে ইতিমধ্যে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রে এ গ্রেপ্তারের ঘটনা আলোড়ন তুলেছে। নিউইয়র্কে এ জন্য নিরাপত্তা জোরদার করা হয়।
গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলগামী এক ফ্লাইটে ওঠার ঠিক আগে আটক করা হয় আবদুর রসুল জুরাবোয়েভকে। তাঁর সহযোগী আখরর সাইদাখমেতভের (১৯) আগামী সপ্তাহেই তুরস্কের ইস্তাম্বুল হয়ে সিরিয়ায় যাওয়ার কথা ছিল। তাঁদের যুদ্ধ করতে যাওয়ার জন্য সন্দেহভাজন অর্থ জোগানদাতা আবরর হাবিবভকে (৩০) ফ্লোরিডায় এবং প্রথম দুজনকে নিউইয়র্কে গ্রেপ্তার করে ফেডারেল আদালতে হাজির করা হয়েছে।
আদালতে দেওয়া মামলার বিবরণ থেকে জানা গেছে, গ্রেপ্তার আবদুর রসুল ও আবরর হাবিবভ উজবেকিস্তান থেকে আসা অভিবাসী। তাঁদের সহযোগী সাইদাখমেতভ কাজাখ বংশোদ্ভূত। তিনজনেরই বসবাস নিউইয়র্কের ব্রুকলিন এলাকায়।
গত বছরের আগস্ট মাসে এই তিনজনের সন্দেহজনক তৎপরতা প্রথম মার্কিন গোয়েন্দাদের নজরে আসে। উজবেক একটি ওয়েবসাইটে জঙ্গিবাদের সমর্থনে লেখার সূত্র ধরে তাঁদের ওপর নজরদারি শুরু হয়। সমমনা ‘জিহাদির’ ছদ্মবেশে তাঁদের সঙ্গে যোগাযোগ শুরু করেন গোয়েন্দারা। অভিযুক্তরা তাঁদের সঙ্গে জঙ্গি পরিকল্পনা নিয়ে কথাবার্তা বললে তা গোপনে রেকর্ড করা হয়।
অভিযুক্তদের মধ্যে দুজন সরাসরি সিরিয়ায় গিয়ে আইএসের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন। আবদুর রসুল তাঁর মাকে মিথ্যা বলে ইম্তাম্বুল হয়ে সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করেন। পুলিশের ইনফরমারের সঙ্গে কথাবার্তায় তাঁরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গুলি করা, পুলিশের ওপর হামলা এবং নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিমানযাত্রার সময় যাত্রীবাহী বিমান ছিনতাই করার পরিকল্পনার কথাও তাঁরা আলোচনা করেন।
নিউইয়র্কের পুলিশ কমিশনার বিল বারটন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বুধবারের গ্রেপ্তারের ঘটনা দেশের অভ্যন্তরে নীরবে বেড়ে ওঠা জঙ্গিবাদের হুমকির কথাই আমাদের মনে করিয়ে দিচ্ছে।’ এফবিআইএর পরিচালক জেমস কোমেই জানিয়েছেন, অভ্যন্তরীণ জঙ্গিদের উত্থান ঠেকানোর জন্য প্রতিটি অঙ্গরাজ্যে জোরদার নজরদারি ও তদন্ত অব্যাহত রয়েছে।