যুক্তরাষ্ট্রের অভিবাসীদের আইন মেনে চলার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের ব্রঙ্কসে অভিবাসন বিষয়ক ওয়ার্কশপে অংশ নেন অনেকে।
নিউইয়র্কের ব্রঙ্কসে অভিবাসন বিষয়ক ওয়ার্কশপে অংশ নেন অনেকে।

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশিসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের কঠোরভাবে আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিউইয়র্কের ব্রঙ্কসে অভিবাসনবিষয়ক এক সেমিনারে আইনজীবী ও ইমিগ্রেশন বিশেষজ্ঞরা এ পরামর্শ দেন।

গত রোববার ‘নো ইউর রাইটস ওয়ার্কশপ ফর ইমিগ্রেন্টস’ শিরোনামে ওয়ার্কশপের আয়োজন করা হয়। নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন ডিয়াজ, স্টেট সিনেটর জেফ ক্লিইন, অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা, সেন্ট হেলেনাস চার্চের ফাদার নেলসন হেনাও ছিলেন ওয়ার্কশপের আয়োজক।

এতে বিশেষজ্ঞরা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ছেড়ে না গিয়ে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সমস্যা হলে সঙ্গে সঙ্গে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতেও হবে।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস এর সঙ্গে অভিবাসীদের অধিকারসহ অভিবাসন সুযোগ-সুবিধা বিষয়ক নানা তথ্য তুলে ধরা হয় এ ওয়ার্কশপে।

অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদার সঞ্চালনায় ওয়ার্কশপে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন পিআরএলডিইএফ লেটিনো জাস্টিস জ্যাকসন চিন, মোহাম্মদ এন মজুমদার, নিউইয়র্ক লিগ্যাল অ্যাসিটেন্স গ্রুপের সুপাভাইজিং প্যারালিগ্যাল ডেভিড মুলিন্স, নর্দান ম্যানহাটন কোয়ালিশন ফর ইমিগ্রান্ট রাইটস অ্যাটর্নি অ্যান্থনি আলবা, মেয়র অফিসের ইমিগ্রান্ট অ্যাফেয়ার্স-এর সুরিই মিরান্ডা এলাকন, ইমিগ্রান্ট অ্যাফেয়ার্স ইউনিটের ব্রঙ্কস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের ডাইরেক্টরস মিরিয়াম বেল ব্লেয়ার, নিউইয়র্ক সিটি মানবাধিকার কমিশনের অস্কার এসেনসিও, নিউইয়র্ক সিটি কনজুমার অ্যাফেয়ার্সের তানজিলা রহমান প্রমুখ।

ওয়ার্কশপে প্যানেল আলোচকেরা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নতুন আদেশ জারি করলেও আইন মেনে চললে এবং কোনো অপরাধের সঙ্গে জড়িত না হলে নিউইয়র্ক সিটির অভিবাসীদের ভয়ের কিছু নেই। নিউইয়র্কের গভর্নর ও মেয়র অভিবাসীবান্ধব। তবে অভিবাসন বিষয়ক কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে বলা হয়েছে। তাঁরা বলেন, আমেরিকা আইনের দেশ। আইন মেনে চললে এবং কোনো অপরাধের সঙ্গে জড়িত না হলে ভয়ের কিছু নেই।