যুক্তরাষ্ট্রের আচরণ পর্যবেক্ষণ করেই চূড়ান্ত হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম জং-উন
কিম জং-উন

উত্তর কোরীয় নেতা কিম জং-উন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় ভূখণ্ড গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনার বিষয়ে ব্রিফ করেছেন। দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএর খবরে এমন তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনার বিষয়ে ব্রিফ করলেও যুক্তরাষ্ট্রের আচরণ পর্যবেক্ষণ করেই উন গুয়ামে চূড়ান্ত হামলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

কেসিএনএ আরও জানায়, গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা নিয়ে কিম জং-উন দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তিনি এ নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। উত্তর কোরিয়ার কৌশলগত সেনাদলের কমান্ডার গুয়ামে হামলার নির্দেশের জন্য অপেক্ষা করছেন। ক্ষেপণাস্ত্র হামলার জন্য সদা প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন উন।

কিম জং-উন আরও বলেন, যুক্তরাষ্ট্রকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোরীয় উপদ্বীপে চাইলে তারা উত্তেজনা কমাতে পারে। সংঘর্ষ প্রতিরোধ করতে পারে।

গত সপ্তাহে উত্তর কোরিয়া বলেছিল, গুয়ামে তারা চারটি ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করেছে। হামলার এই হুমকি নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা চরমে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সতর্কতা জারি করে বলেন, উত্তর কোরিয়া যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে যেকোনো সময় যেকোনো হামলা থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে।

উত্তর কোরিয়া গত জুলাইয়ে দুটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এবং তারা দাবি করে, তাদের এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্টা শাস্তি হিসেবে জাতিসংঘ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ সময় যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে অভিযোগ এনে বলে, দেশটি উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করছে না। চীন হলো উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক শক্তি।

এদিকে দক্ষিণ কোরিয়া বরাবরই কূটনৈতিক সমাধানের উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। উত্তর কোরিয়ার মিত্রশক্তি চীনও সবাইকে শান্ত থাকতে বলেছে।

উত্তর কোরিয়ার কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে গত মে মাসে মার্কিন সেনারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরীক্ষা চালায়। এরপর জুলাইয়ে কয়েক দফা। পরে অবশ্য জানা যায়, একটি ব্যর্থ হয়েছিল। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের জ্যেষ্ঠ ফেলো অ্যাডাম মাউন্ট বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা যদি কোনো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়, তা হবে যুক্তরাষ্ট্রের জন্য লজ্জার।