যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রচণ্ড তুষার ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শীতকালীন তুষার ঝড় জুনোতে প্রায় এক মিটারের মতো বরফ জমেছে। ছবিটি গতকাল সোমবার সন্ধ্যায় নিউ জার্সি থেকে তোলা হয়। ছবি: ইব্রাহিম চৌধুরী
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শীতকালীন তুষার ঝড় জুনোতে প্রায় এক মিটারের মতো বরফ জমেছে। ছবিটি গতকাল সোমবার সন্ধ্যায় নিউ জার্সি থেকে তোলা হয়। ছবি: ইব্রাহিম চৌধুরী

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রচণ্ড তুষার ঝড় হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে শুরু হওয়া তুষার ঝড়ে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়ে কয়েক হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে, যা রেকর্ড।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, এবারের তুষারপাত নতুন রেকর্ড সৃষ্টি করেছে। তুষার ঝড়ে বিভিন্ন এলাকায় তিন ফুট (প্রায় এক মিটার) বরফ জমেছে। এর আগে ২০০৬ সালে সর্বোচ্চ ২৬ দশমিক নয় ইঞ্চি বরফ পড়েছিল। শুধু তুষারপাতই নয়, এর সঙ্গে ঘণ্টায় ৬০ মাইল বেগে দমকা বাতাস ধেয়ে আসছে শীতকালীন ঝড় জুনো। এ জন্য তুষার ঝড়ের সতর্কতার সঙ্গে বন্যার সতর্কতা জারি করা হয়।
তুষার ঝড়ে নিউইয়র্ক ভুতুড়ে নগরে পরিণত হয়েছে। কেবল জরুরি প্রয়োজনের গাড়ি ছাড়া কোনো যানবাহন চলছে না। নিউইয়র্ক থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত বিমানবন্দরগুলোতে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এ ঝড়ে গতকাল ও আজ মঙ্গলবারের ছয় হাজার ৫৬০ টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। রাত ১১টা পর্যন্ত নিউইয়র্ক নগরের যোগাযোগব্যবস্থা বন্ধ রাখা হয়। এই নগরের ১৩টি কাউন্টিতে রাস্তার চলাচল অপরাধমূলক কাজ হিসেবে ঘোষণা করা হয়।

এদিকে নিরাপত্তার স্বার্থে নিউইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কোমো জরুরি অবস্থা জারি করে ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করেছেন।

নিউইয়র্কের মেয়র ও পুলিশ কমিশনার এক সংবাদ সম্মেলনে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির কথা নাগরিকদের জানান। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বরফ সরানোর জন্য প্রায় দুই হাজারটি গাড়ি ও পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত রাখা হয়েছে। শুধু নিউইয়র্কের বরফ গলানোর জন্য এক লাখ ২৬ হাজার মেট্রিক টন লবণ মজুত রাখা হয়েছে। নিউইয়র্ক, নিউ জার্সি ও ফিলাডেলফিয়ার বিভিন্ন এলাকায় নাগরিকদের ঘরে থাকতে এবং যানবাহন নিরাপদ জায়গায় রাখতে মাইকিং করা হয়েছে।

লোকজন খাবার কিনে মজুত করায় মুদি দোকানগুলো ইতিমধ্যে খাবারশূন্য হয়ে পড়েছে। খাবারের পাশাপাশি তুষার সরানোর জিনিসপত্রের বিক্রিও বেড়েছে। তুষার ঝড়ে বিদ্যুৎ চলে গেলে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবে তার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি সংবাদ সম্মেলন করে জানান, নিরাপত্তার জন্য অঙ্গরাজ্যটির মহাসড়ক বন্ধ করে দিয়া হয়েছে।

সিএনএনের প্রচারিত সংবাদ থেকে জানা যায়, চলমান তুষারপাতে নিউইয়র্ক থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত কমপক্ষে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ এ দুর্যোগের কবলে পড়তে পারে। সোমবার দুপুর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।