ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনে প্রতিদিন গড়ে অন্তত ৯০ লাখ ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো এই অভিযানে খরচের হিসাব প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক জোট গত বছরের আগস্ট মাস থেকে মধ্যপ্রাচ্যের দুই দেশে আইএসবিরোধী বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পেন্টাগনের দেওয়া হিসাব অনুযায়ী এতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের একার মোট খরচ ২৭০ কোটি ডলার।
প্রকাশিত তথ্যে বলা হয়েছে, মোট ব্যয়ের দুই-তৃতীয়াংশই খরচ হয়েছে বিমানবাহিনীর পেছনে। মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের লক্ষ্য করে এ পর্যন্ত ৪ হাজার ১০০-এর বেশি বিমান হামলা চালিয়েছে।
আইএসের বিরুদ্ধে হামলায় আরও ব্যয় বন্ধ করার উদ্যোগ নেওয়ার দাবি কংগ্রেসে প্রত্যাখ্যাত হওয়ার পর এ প্রতিবেদন প্রকাশ করল পেন্টাগন।
চলতি সপ্তাহে হোয়াইট হাউস ঘোষণা দেয়, প্রশিক্ষণ দেওয়ার জন্য ইরাকে আরও ৪৫০ জন সেনা উপদেষ্টা পাঠানো হবে। এ নিয়ে দেশটিতে মার্কিন প্রশিক্ষকের সংখ্যা দাঁড়াবে সাড়ে তিন হাজারে।
আইএস জঙ্গিরা ‘খিলাফত’ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গত বছরের জুনে ইরাক ও সিরিয়ায় লড়াই শুরু করে দেশ দুটির বিশাল অংশ নিয়ন্ত্রণে নেয়।
আরও মার্কিন ঘাঁটি হবে: যুক্তরাষ্ট্র কয়েক দিন আগে ইরাকের আনবার প্রদেশে যে নতুন সামরিক ঘাঁটি তৈরি করার ঘোষণা দিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে সে রকম আরও কিছু ঘাঁটি করার কথা ভাবা হচ্ছে। বৃহস্পতিবার পেন্টাগন এ কথা জানিয়ে বলেছে, আইএস মোকাবিলায় ইরাকি বাহিনীকে সহায়তার উদ্দেশ্যেই এগুলো প্রতিষ্ঠা করা হবে।