যুক্তরাষ্ট্রের কনস্যুলার কার্যালয়ে হামলাকারী নিজেও মার্কিন
মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের কনস্যুলার কার্যালয়ে হামলাকারী ব্যক্তি নিজেও একজন মার্কিন নাগরিক। এফবিআইয়ের সহযোগিতায় রোববার তাঁকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর নিরাপত্তা কর্তৃপক্ষ। গত শুক্রবার সন্ধ্যায় মেক্সিকোর অন্যতম বৃহত্তম শহর গুয়াদালাজারাতে গুলির ঘটনায় ওই কার্যালয়ের এক কর্মকর্তা আহত হন।
আটক হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। তাঁকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হবে।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা তাঁকে বহিষ্কার করব এবং যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাব। সেখানকার কর্তৃপক্ষ তাঁর নাগরিকত্বের অবস্থা নির্ধারণ করবে।’
হামলার কারণ এখনো স্পষ্ট করেনি কোনো কর্তৃপক্ষ।
আহত মার্কিন কূটনীতিকের নাম ক্রিস্টোফার অ্যাশক্রাফট। তিনি পদে ভাইস কনসাল। তাঁর বুকে গুলি লাগলেও অবস্থা আশঙ্কামুক্ত।
শুক্রবারের হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই হামলাকারীকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল।