যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ মানুষেরা কবে ন্যায্য আইন পাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরা যাক, যুক্তরাষ্ট্রের কোনো এক রাস্তায় রাতের বেলা টহল দিচ্ছেন একজন পুলিশ সদস্য। তাঁর দিকে দুজন লোক হেঁটে আসছেন: একজন শ্বেতাঙ্গ, আরেকজন কৃষ্ণাঙ্গ। দুজনের হাতেই দেখা যাচ্ছে বোতল। দুজনের সঙ্গেই কি ওই পুলিশ একই আচরণ করবেন?
যুক্তরাষ্ট্রের অনেক এলাকাতেই এ ক্ষেত্রে সমান আচরণের প্রয়োজন নেই। প্রচলিত বিধিবিধান বা কর্ম-প্রক্রিয়া পুলিশকে সেই অধিকার দিয়েছে। ওই পুলিশ সদস্য শ্বেতাঙ্গ ব্যক্তিকে বাদ দিয়ে সম্ভাব্য হামলাকারী বিবেচনা করে কৃষ্ণাঙ্গ পথচারীর দিকে এগিয়ে যেতে পারেন। লোকটির সঙ্গে বাদানুবাদ বা তাঁকে গ্রেপ্তারের সময় যদি ওই পুলিশ সদস্যের মনে হয় তাঁর নিজের জীবন ঝুঁকির মুখে, তাহলে তিনি গুলিও করতে পারেন। ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি এতে মারা গেলেও এ জন্য ওই পুলিশের বিচার করা হবে না। যুক্তরাষ্ট্রের সমাজে বর্ণবাদ এখনো কীভাবে গেড়ে বসে আছে, এটা তারই সংক্ষিপ্ত বিবরণ। এই নীতির সূচনা সেই দাসপ্রথার আমলে। সতের শতকের শেষের দিকে ফিলাডেলফিয়ার পুলিশকে রাস্তায় উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো কৃষ্ণাঙ্গদের আটক করার ক্ষমতা দেওয়া হয়েছিল।
মিজৌরি অঙ্গরাজ্যের যে ফার্গুসনে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় ওঠে, সেই এলাকার চিত্র: গত এক বছরে স্থানীয় পুলিশ যেসব গাড়িচালককে রাস্তায় থামিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, তার ৮৬ শতাংশই কৃষ্ণাঙ্গ। অথচ কালোরা স্থানীয় জনসংখ্যার ৬৭ শতাংশ। মোট গ্রেপ্তার হওয়া চালকের অনুপাত ধরলে তো চোখ কপালে উঠবে: কৃষ্ণাঙ্গ ৯৩ শতাংশ আর শ্বেতাঙ্গ ৭ শতাংশ।
আপাতদৃষ্টিতে মনে হতে পারে, কালোরা বেশি অপরাধ করে, তাই এই চিত্র। তবে পরিসংখ্যান বলছে উল্টো। মাদক বা এ-জাতীয় অবৈধ সামগ্রীর খোঁজে পুলিশ তল্লাশি চালানোর সময় এক-তৃতীয়াংশ শ্বেতাঙ্গের গাড়িতেই তা পেয়েছে। কৃষ্ণাঙ্গদের গাড়ির ক্ষেত্রে কিছু পাওয়ার হার মাত্র এক-পঞ্চমাংশ।
এ অবস্থায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গরা ন্যায্য আচরণ পাচ্ছে, তা বিশ্বাস করা কঠিন। চলমান বিক্ষোভের পেছনে এই অনুভূতিই কাজ করেছে। এসব আন্দোলন-বিক্ষোভের মধ্য দিয়ে এমন একটা সম্প্রদায়ের সাহায্যের আকুতি ফুটে উঠেছে, যারা নিজেদের সমাজে নিপীড়িত হিসেবে মনে করতে বাধ্য হচ্ছে। আগুন ধরিয়ে দেওয়া, লুটপাট ও সহিংসতার ঘটনাগুলো মূলত পুঞ্জীভূত ক্রোধের বিস্ফোরণ।
ওবামার শাসনামলে কৃষ্ণাঙ্গ মার্কিনদের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকেই গেছে। তবে আইন প্রয়োগের বিষয়টি বিবেচনায় নিলে, দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কালোদের জন্য সমান সুযোগের চেষ্টা করছেন, তা বলতেই হবে। অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেছেন, নাগরিক অধিকারের বিষয়টি বিচার বিভাগের সবচেয়ে অগ্রাধিকারের কাজ। বিশেষ করে অসহিংস মাদক অপরাধের বিচারে বাড়াবাড়ির ব্যাপারটিকে তিনি সামনে এনেছেন। এ ধরনের ঘটনায় কালোরাই বেশি হয়রানির শিকার হয় বলে অ্যাটর্নি জেনারেলের অভিমত। এসব ঠেকাতে কেন্দ্রীয় আইনের দণ্ডবিধিতে পরিবর্তন আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। ফার্গুসনের ঘটনার পর বর্ণগত পরিচয়ের ভিত্তিতে কাউকে শনাক্ত করার পদ্ধতিতে লাগাম টানতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এসব পরিবর্তন আসছে কেবল কেন্দ্রীয় আইনে। স্থানীয় ও রাজ্যের আইন চলছে আগের গতিতেই। সূত্র: বিবিসি