যুক্তরাষ্ট্রের কেনটাকিতে টর্নেডোর আঘাতে প্রাণহানি ৭০ ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শক্তিশালী টর্নেডোর তোড়ে লাইনচ্যুত হওয়া ট্রেন। কেনটাকি অঙ্গরাজ্যের হপকিন্স কাউন্টিতে
ছবি: রয়টার্স

শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হওয়া যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে প্রাণহানির সংখ্যা ৭০ জন ছাড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ৩৬৫ কিলোমিটার গতিতে টর্নেডোটি কেনটাকি জুড়ে আঘাত হানে। এসব তথ্য নিশ্চিত করেছেন কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার।এ আগে তিনি অর্ধশত মানুষের প্রাণহানির কথা জানিয়েছিলেন। খবর বিবিসি ও এএফপির।

শুক্রবারের এ টর্নেডোকে কেনটাকির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন বেশিয়ার। তিনি বলেন, প্রাণহানির সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, এমন আশঙ্কা থেকে শুক্রবার মধ্যরাতের আগেই রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি।

গভর্নর বেশিয়ার বলেন, টর্নেডোর আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানা বিধ্বস্ত হয়ে যায়। এতেই বেশি হতাহতের ঘটনা ঘটে। ঘটনার সময় কারখানাটির ভেতরে শতাধিক কর্মী ছিল। উদ্ধারকারীরা ৪০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সেখানে আরও প্রাণের সন্ধান করা হচ্ছে।

টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হওয়া মোমবাতি কারখানায় প্রাণের সন্ধান করছেন উদ্ধারকারীরা। মেফিল্ড, কেনটাকি, যুক্তরাষ্ট্র, ১১ ডিসেম্বর
ছবি: এএফপি

শুধু কেনটাকি নয়, যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্য ঝড়ের কবলে পড়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ইলিনয়, আরকানসাস ও টেনেসি অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায়। এসব স্থানেও হতাহতের ঘটনা ঘটেছে।

কেনটাকিতে টর্নেডো আঘাত হানার আগে শুক্রবার ইলিনয়ের কলিন্সভিল শহরে শক্তিশালী এক ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের একটি গুদাম। সেখানে প্রায় ১০০ কর্মী আটকা পড়েন। তবে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়েছে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা
ছবি: টুইটার থেকে সংগৃহীত

এদিকে ঝড়ের কবলে পড়ে আরকানসাসে একজন নিহত হয়েছে। টেনেসিতে কমপক্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।