যুক্তরাষ্ট্রের জন্য আইএস সবচেয়ে ভয়ানক হুমকি
মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে, গত কয়েক বছরে দেশটি যেসব হুমকির সম্মুখীন হয়েছে তার মধ্যে ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেটের জঙ্গিরা অনেক বেশি ভয়ানক। আর এ নিয়ে ওয়াশিংটন সতর্কতাও জারি করেছে।
আজ শুক্রবার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী চাক হেগেল এক সংবাদ সম্মেলনে আইএসকে আসন্ন হুমকি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মার্কিন বিমান হামলা ইরাকে জঙ্গিদের আগ্রাসন ঠেকাতে সহায়তা করবে। কিন্তু তারা আবারও সংঘবদ্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হেগেল আরও বলেন, ‘তাদের (আইএস) শুধু একটি সন্ত্রাসী সংগঠন বললে ভুল বলা হবে। তাদের মতাদর্শ ও সামরিক কর্মকৌশল সব মিলিয়ে তারা এক ভয়ানক হুমকি। তাদের পেছনে রয়েছে ব্যাপক অর্থায়ন। অন্য যেকোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের তুলনা করা হবে ভুল।’
যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্টিন ডেম্পসে আইএসকে পরাজিত করতে হলে সিরিয়ায় সংগঠনটির ঘাঁটিতে হামলা চালানোর ওপর জোর দেন।
গত মঙ্গলবার মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরশ্ছেদ করার ভিডিওচিত্র প্রকাশ করে আইএস। এর পরপরই এই সতর্কতার কথা বলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। সাংবাদিক ফলি ২০১২ সালে সিরিয়ায় অপহরণের শিকার হন।
অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার জানান, ফলির মৃত্যুর ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাজ্য পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ফলির হত্যার ভিডিওচিত্র প্রকাশকারীকে খুঁজছে। অসমর্থিত একটি সূত্র জানায়, লন্ডন অথবা দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড থেকে কেউ এই ভিডিওটি পোস্ট করেছে। ভিডিওতে দেখা যায়, ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন বিমান হামলা বন্ধ না হলে আরেক মার্কিন নাগরিককে হত্যার হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা ।