যুক্তরাষ্ট্রের জন্য আরও ‘বড় উপহার’ আসছে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। তিন সপ্তাহে তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এমন ঘোষণা এল নিভৃতিকামী এই কমিউনিস্ট দেশটির পক্ষ থেকে।
উত্তর কোরিয়া সর্বশেষ গত সোমবার যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছে, তা আগের তুলনায় আধুনিক। এটি ‘স্কাড ধরনের ক্ষেপণাস্ত্র’ বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ। কেসিএনএ জানায়, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা তত্ত্বাবধান করছেন শীর্ষ নেতা কিম জং-উন স্বয়ং। তিনি যুক্তরাষ্ট্রের মোকাবিলায় আরও উচ্চক্ষমতাসম্পন্ন কৌশলগত অস্ত্র তৈরির নির্দেশ দিয়েছেন।
কিম জং-উন বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘সামরিক উসকানির’ পরিপ্রেক্ষিতে তাঁর দেশ আরও শক্তিশালী অস্ত্র বানাবে। যুক্তরাষ্ট্রের জন্য আরও ‘বড় উপহার’ অপেক্ষা করছে।
প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা করতে সক্ষম এমন আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নির্মাণে ব্যাপক তোড়জোড় করছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়া সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া করেছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের রণতরী ইউএসএস কার্ল ভিনসন ও ইউএসএস রোনাল্ড রিগ্যান কোরীয় উপদ্বীপে মহড়া করার প্রস্তুতি নিচ্ছে। এই মহড়ার আয়োজন উত্তর কোরিয়াকে ক্ষুব্ধ করেছে। দেশটি অভিযোগ করেছে, কোরীয় উপদ্বীপে পরমাণু বোমা ফেলার মহড়া করছে যুক্তরাষ্ট্র।
এই অঞ্চলে শান্তিরক্ষায় অন্যতম ভূমিকা পালনকারী দেশ হচ্ছে উত্তর কোরিয়ার প্রধান মিত্র হিসেবে পরিচিত চীন। কিন্তু উত্তর কোরিয়া চীনের কথাও তেমন শুনছে বলে মনে হচ্ছে না।