যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি আইএস
ইরাক ও সিরিয়ায় সক্রিয় কট্টরপন্থী ইসলামি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) নিজেদের জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল গত বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।
আফগানিস্তানে মার্কিন অভিযানের আগে আল-কায়েদাকে এভাবেই যুক্তরাষ্ট্রের জন্য ১ নম্বর শত্রু ঘোষণা করা হয়েছিল। আর আইএসকে রুখতে এরই মধ্যে ইরাকে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটির সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে হটাতে ২০০৩ সালের মার্চে ইরাকে মার্কিন অভিযান শুরু হয়। ২০১১ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে সেই অভিযানের সমাপ্তি টানে ওয়াশিংটন। তবে প্রায় নয় বছরের সেই লড়াইয়ের শেষ দিকে মার্কিন বাহিনীকে নাস্তানাবুদ করে ছেড়েছিল ‘আল-কায়েদা ইন ইরাক’। এদেরই উত্তরসূরি আইএস।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আইএসকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন চাক হেগেল। তিনি বলেন, ‘এরা শুধু একটি সন্ত্রাসী গোষ্ঠী নয়, তার চেয়েও বেশি কিছু। তারা আদর্শের সঙ্গে অসাধারণ কৌশলগত ও সামরিক দক্ষতার সমন্বয় ঘটিয়েছে। তাদের পেছনে অর্থের জোগানও আছে অঢেল। এমনটা আমরা আগে কখনো দেখিনি।’
আর মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্তা জেনারেল মার্টিন ডেম্পসি বলেছেন, আইএসের চিন্তাচেতনা চরম ধ্বংসাত্মক। তাদের পরাস্ত করতেই হবে। সিরিয়ায় তাদের ঘাঁটিতে হামলা চালাতে না পারলে তাদের ধ্বংস করা যাবে না বলে মনে করেন তিনি।
আইএসের জন্ম মার্কিন বাহিনীর ইরাক আক্রমণের বছর খানেক পর ২০০৪ সালের প্রথম দিকে। শুরুতে নাম ছিল জামায়াত আল-তাওহিদ ওয়া-আল-জিহাদ। পরে বিভিন্ন নামে পরিচিতি পায় সংগঠনটি, যেমন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট (আইএসআইএল) বা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)। কট্টরপন্থী সুন্নি মুসলিমদের এই সংগঠন ইরাকে লড়েছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। দেশে দেশে পরিচিতি হয়ে ওঠে মূলত ২০১৩ সালে সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। আর গত জুনে ইরাকে সরকারি বাহিনীকে হটিয়ে একটার পর একটা শহর-অঞ্চল যখন তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকে, তখন তোলপাড় পড়ে চায় বিশ্বজুড়ে। ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। ইরাকে সাম্প্রতিক সময়ে ইয়াজিদি ও খ্রিষ্টান এবং শিয়া মুসলিমদের হত্যা করে কুখ্যাতি কুড়িয়েছে তারা। তাদের সামরিক অগ্রযাত্রা রুখতে ৮ আগস্ট ইরাকে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবারও ইরাকের মসুল বাঁধের কাছে আইএসের অবস্থানের ওপর বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।
ওহাবিপন্থী আইএস চায় বিশ্বজুড়ে সুন্নি মুসলিমদের খিলাফত প্রতিষ্ঠা করতে। এ লক্ষ্য বাস্তবায়নে গত ২৯ জুন ইরাক ও সিরিয়ায় নিজেদের দখলে থাকা অঞ্চল নিয়ে খিলাফতের ঘোষণা দেয় তারা। খলিফা মনোনীত করা হয় সংগঠনের প্রধান আবু বকর আল-বাগদাদিকে। খিলাফতের রাজধানী করা হয়েছে সিরিয়ার আল-রাকাহ শহরকে।
আইএসের মূল শক্তি তাদের প্রশিক্ষিত প্রায় ৮০ হাজার যোদ্ধা। এর মধ্যে সিরিয়ায় আছে ৫০ হাজার এবং ইরাকে ৩০ হাজার। অত্যাধুনিক অস্ত্রসম্ভারের পাশাপাশি এখন তাদের হাতে আছে ব্লাকহক জঙ্গি হেলিকপ্টার ও পরিবহন বিমানও। সিরিয়া ও ইরাকে বিভিন্ন লড়াইয়ে সরকারি বাহিনীকে পরাজিত করার পর অস্ত্রাগার লুট করে এসব হস্তগত করেছে তারা।
সিরিয়া ও ইরাকের পাশাপাশি লেবাননেও সক্রিয় আছে আইএস। তবে এই তিন দেশের বাইরেও মিত্র আছে তাদের। যেমন, নাইজেরিয়ার ‘বোকো হারাম’, ইন্দোনেশিয়ার ‘জামাহ ইসলামিয়া’, ইয়েমেনের ‘আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনসুলা’ ও ‘আল-কায়েদা ইন দি ইসলামিক মাগরেব’।
আইএসকে ভয়ংকর সংগঠন হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ও সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল ডেম্পসি। তবে সংগঠনটিকে দমন করতে ইরাকে সীমিত আকারে যে মার্কিন অভিযান চলছে, তাতে বড় ধরনের কোনো পরিবর্তনের আভাস দেননি দুজনের কেউই। কিন্তু তাই বলে ইরাক ও সিরিয়ায় বাড়তি সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করে দেননি মার্কিন কর্মকর্তারা।