যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ মুকুট নয়: মার্টিন ও'ম্যালে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদটি কোনো মুকুট নয়। তাই এর দখল কেবলমাত্র দুই রাজকীয় পরিবারের মধ্যেই সীমিত থাকবে না বলে মন্তব্য করেছেন মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মার্টিন ও’ম্যালে। তাঁর মতে, এই পদটি নীরব বিশ্বস্ততার প্রতীক। আর এই বিশ্বাস মার্কিন জনগণের কাছ থেকে অর্জন করতে হয়।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন নিয়ে লড়াইয়ে নামছেন মার্টিন ও’ম্যালে। গতকাল শনিবার বাল্টিমোরের এক পার্কে তিনি প্রার্থিতার ঘোষণা দেন। এ সময় তিনি এ কথা বলেন।
সাবেক ফার্স্টলেডি এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অনেক আগেই ডেমোক্র্যাট দলের হয়ে তাঁর মনোনয়ন প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। দলের বাছাইপর্বে হিলারিকে চ্যালেঞ্জ করতেই মার্টিন ও’ম্যালে এমন বক্তব্য দিচ্ছেন বলে মনে করা হচ্ছে।
রিপাবলিকান শিবিরে সাবেক প্রেসিডেন্ট বুশ পরিবারের তারকা প্রার্থী সাবেক গভর্নর জেব বুশের প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। জেব বুশের বাবা হলেন জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ভাই জর্জ ডব্লিউ বুশ।
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ক্লিনটন এবং বুশ পরিবারের দুই সদস্যের মধ্যেই লড়াই হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল। আর এই ভাবনায় পরিবর্তন আনতেই মার্টিন ও’ম্যালে দুই প্রভাবশালী পরিবারকে ইঙ্গিত করে বক্তব্য দিচ্ছেন।
২০০৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাট দলের বাছাইপর্বে মার্টিন ও’ ম্যালে হিলারির সমর্থক ছিলেন। তৎকালীন সিনেটর ম্যালে হিলারির সঙ্গে এককাট্টা হয়ে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে লড়েছিলেন। এবারে হিলারির সঙ্গ ছেড়ে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ও’ম্যালে। বলেছেন, ২০০৮ সালে মনে হয়েছিল হিলারিই প্রেসিডেন্ট পদের জন্য সেরা প্রার্থী। কিন্তু এখন আর তা মনে করেন না ম্যালে। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের জনগণ এখন নতুন নেতৃত্বের প্রত্যাশায় রয়েছে বলে তিনি মনে করেন।
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সফল গভর্নর হিসেবে ডেমোক্র্যাটদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে মার্টিন ও’ম্যালের। তিনি বাল্টিমোরের দুই দফা মেয়র ছিলেন। হিলারির মতো রাজনৈতিক তারকা না হলেও ডেমোক্র্যাটদের মধ্যে তাঁর পরিচিতি রয়েছে। তবে উদারনৈতিক ঘরানার এই প্রার্থী ডেমোক্র্যাটদের নতুন কী বার্তা দেবেন-তা পরিষ্কার না।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে দলের বাছাইপর্বে আগেও নানা নাটকীয়তা ঘটেছে। কেবল জনপ্রিয়তা এবং তারকাখ্যাতি দিয়েই বাছাইপর্বে সব সময় সাফল্য পাননি প্রার্থীরা। যুক্তরাষ্ট্রের প্রান্তিক রাজ্যগুলো বিভিন্ন ইস্যুতে বিভক্ত। এ কারণে অনেক বাঘা বাঘা প্রার্থীও দলীয় ভোটারদের কাছে আগে ধরাশায়ী হয়েছেন। ও’ম্যালের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে ডেমোক্র্যাট দলের বাছাইপর্ব নিয়ে আবার নতুন আলোচনা জমে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল।