যুক্তরাষ্ট্রের বাঁধ হুমকিতে বহু লোক সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বর্ষণ ও তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু বাঁধ ভেঙে পড়ার হুমকিতে পড়েছে। এ কারণে উত্তর ক্যালিফোর্নিয়ার অরোভিল এলাকার ওই বাঁধটির নিচের লাখ দুয়েক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ এলাকায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার বাঁধটির পানি নির্গমণপথে বড় ধরনের ফাটল দেখা দেওয়ার পর এ নির্দেশ দেওয়া হয়।

বাট কাউন্টির শেরিফ কোরি হোনিয়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বলেন, লেক অরোভিল বাঁধ বড় ধরনের হুমকিতে। যেকোনো সময় বাঁধভাঙা পানি লোকালয়ে আছড়ে পড়তে পারে। তাই সবাইকে সরে যেতে বলা হচ্ছে। তিনি তিনবার সতর্ক করে বলেন, এটি কোনো ড্রিল (জরুরি অবস্থায় পালনীয় কাজের অনুশীলন) নয়।

স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে চারটায় ক্যালিফোর্নিয়ার পানিসম্পদ দপ্তর টুইটারে জানায়, ঘণ্টাখানেকের মধ্যে বাঁধটি ভেঙে পড়বে। অবশ্য এরপরে কয়েক ঘণ্টা কেটে গেলেও বাঁধটি ভেঙে পড়েনি। স্থানীয় সময় রাত ১০টার দিকে দপ্তরের পরিচালক বিল ক্রোয়েল বলেন, পরিস্থিতি এখনো শঙ্কামুক্ত নয়। তিনি বলেন, পানির চাপ কমাতে নির্গমনপথ দিয়ে প্রতি সেকেন্ডে এক লাখ ঘনফুট পানি ছাড়া হচ্ছে। ক্রোয়েল বলেন, ১৯৬৮ সালে বাঁধটি তৈরির কাজ শেষ হওয়ার পর থেকে পানির এত বড় চাপ আগে কখনো হয়নি।

ন্যাশনাল গার্ড কর্তৃপক্ষ বলেছে, বাঁধ যাতে ভেঙে না পড়ে সে জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। কর্মীদের সহায়তা করতে আটটি হেলিকপ্টার দেওয়া হচ্ছে। এ ছাড়া ২৩ হাজার সেনাকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

১৯৬২ সালে লেক অরোভিল বাঁধের কাজ শুরু হয়। এর উচ্চতা ২৩০ মিটার।