যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বলেছিলেন ওসামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত রাখতে জীবনের শেষ দিনগুলোতে অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ওসামা বিন লাদেন। পাকিস্তানের গোপন আস্তানা থেকে উদ্ধার করা আল-কায়েদা নেতা ওসামার ব্যক্তিগত কাগজপত্রে এসব তথ্য মিলেছে। মার্কিন কর্তৃপক্ষ গত বুধবার ওই কাগজপত্র প্রকাশ করে। খবর এএফপি ও রয়টার্সের।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন অ্যাবোটাবাদের গোপন আস্তানায় ২০১১ সালের ২ মে মার্কিন কমান্ডো অভিযানে নিহত হন। তখন ঘটনাস্থল থেকে উদ্ধার করা কাগজপত্রের মধ্যে রয়েছে অনুসারীদের সঙ্গে বিনিময় করা ওসামার চিঠিপত্র, তাঁর একজন স্ত্রীর লেখা চিঠি এবং আল-কায়েদায় যোগদানের আবেদনপত্র। ইসলাম ধর্ম এবং অর্থনৈতিক ও সামরিক তত্ত্বের ওপর ইংরেজি ভাষায় লেখা বইপত্রও ছিল ওসামার সংগ্রহে। একটি চিঠিতে ওবামা তাঁর সহযোগীদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আবশ্যকতা সম্পর্কে লিখেছেন।
একটি চিঠিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সন্ত্রাসবিরোধী লড়াইকে বিদ্রূপ করা হয়েছে। রাজনীতি ও অর্থনীতি বিষয়ে বিভিন্ন প্রতিবেদনও পাওয়া গেছে।
নিজের স্ত্রীদের একজনের উদ্দেশে একটি ভিডিওতে ওসামা বলেন, ‘তোমার ভালোবাসা আমার হৃদয়কে পূর্ণ করে। আমাদের অনেক সুন্দর স্মৃতি রয়েছে। আর বিভিন্ন উদ্বেগের পরিস্থিতিতে আমাকে আশ্বস্ত করতে সহিষ্ণুতা দেখিয়ে তুমি অনেক যত্নশীলতার পরিচয় দিয়েছ...।’