যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসায় পরিবর্তন আসছে

যুক্তরাষ্ট্রে শুধু অভিবাসনেই নয়, ভ্রমণ ভিসায়ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। বড় কোনো ঘোষণা ছাড়াই প্রশাসনিক আদেশে এই পরিবর্তন হচ্ছে।
গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ভ্রমণ-ইচ্ছুকদের ভিসা প্রদানের ব্যাপারে আরও কঠোর হতে দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়ার উদ্যোগ নিচ্ছে। দেশটিতে প্রবেশের জন্য ভিসাপ্রার্থীদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করার নতুন সুযোগ সৃষ্টি করা হচ্ছে। যারা ভ্রমণ ভিসা নিয়ে আছেন, তাদের তাড়িয়ে দেওয়ার জন্য নতুন নির্দেশনা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন ও কনসাল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে পাঠানো তারবার্তায় ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কমপক্ষে তিন মাস কী করবেন, তা ভালোভাবে পরখ করার নির্দেশ দিয়েছেন। যদি সাক্ষাৎকারে বিষয়টি ঠিকমতো বলতে ব্যর্থ হন তবে ভিসাপ্রার্থীর আবেদন নাকচ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তারবার্তায় বলা হয়, যদি ভিসাপ্রার্থী মার্কিন নাগরিককে বিয়ে কিংবা লেখাপড়ার জন্য এই দেশে আসতে চান বলে দাবি করেন, তবে মনে করতে হবে যে আবেদনকারী অসত্য বলছেন।
এ ধরনের ব্যক্তিদের জন্য ভিসা নবায়ন করা কিংবা নতুন ভিসার আবেদনসহ ভিসার মর্যাদা পরিবর্তন করা অসম্ভব না হলেও কঠিন হবে বলে মনে করা হচ্ছে। ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তিন মাসের মধ্যে এ দেশের নাগরিককে বিয়ে করা বা স্কুল-কলেজে ভর্তি হওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি দেশ থেকে বিতাড়নের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। তারবার্তায় আরও বলা হয়, আগের বিধি অনুযায়ী যুক্তরাষ্ট্রে আগমনের প্রথম মাসেই ভ্রমণকারীর মত পরিবর্তনকে সন্দেহের চোখে দেখা হতো।
আমেরিকান অভিবাসন আইনজীবী সমিতির সহযোগী পরিচালক ডাইয়েন রিস বলেন, যদি কোনো ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে এসে প্রেমে পড়েন, ৯০ দিনের মধ্যে বিয়ে করেন এবং গ্রিনকার্ডের জন্য আবেদন করেন, তা হলে ওই আবেদন প্রত্যাখ্যাত হবে। এটা গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন।
পর্যটন শিল্পকে বেগবান করার উদ্দেশ্যে ২০১৬ সালে যুক্তরাষ্ট্র ১০ মিলিয়নের বেশি ভিসা দিয়েছিল। নতুন বিধি ইউরোপ ও দীর্ঘ দিনের মিত্র দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানসহ ৩৮টি দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসব দেশের নাগরিকদের জন্য ভিসা কিংবা যুক্তরাষ্ট্রে আগমনের আগে ভ্রমণ, ব্যবসা কিংবা লেখাপড়ার কোনো পরিকল্পনার কথা উল্লেখ করতে হবে না।
মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার অধিকাংশ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই ভিসা প্রয়োজন হয়। কোনো কোনো দেশের হাজার হাজার ভিসা প্রত্যাশী প্রতিদিন আবেদনপত্র জমা দেওয়ার জন্য দূতাবাস ও কনস্যুলেটের বাইরে লাইনে দাঁড়ান।
ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের নির্দেশে গত জুন থেকে আংশিক শিথিল হওয়া ভিসা প্রত্যাশীদের ক্ষেত্রে এসব বিধি নেতিবাচক প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে।
অভিবাসন বন্ধে কঠোরতর আইন প্রণয়নের সমর্থক গোষ্ঠী নতুন এ নিয়মকে স্বাগত জানিয়েছেন। তবে মিস রিস মনে করেন, একজন তরুণ ভ্রমণকারীর জীবনে তিন মাসে অনেক পরিবর্তন আসতে পারে। তাই ওই পরিবর্তনকে উদ্দেশ্যমূলক মিথ্যাচার হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না।
যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী প্রথম আলোকে বলেন, বেশ কিছু পত্রিকায় এ সংক্রান্ত বিভ্রান্তমূলক সংবাদ এসেছে। প্রশাসনিক নির্দেশটি যেসব দেশ থেকে আগাম ভিসা নিয়ে আসতে হয়—তাদের বেলায় এই নিয়ম প্রযোজ্য হবে। সে ক্ষেত্রে বাংলাদেশ থেকে আসা ভ্রমণকারীরাও এই আদেশের আওতায় পড়বেন।
মঈন চৌধুরী বলেন, নির্বাহী আদেশটি মানবাধিকার পরিপন্থী। যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক ভ্রমণকারীর ভিসার দিনক্ষণ দেখে প্রেমে পড়বে আর বিয়ে করবে—এমন আইন নাগরিক অধিকারের লঙ্ঘন বলে তিনি মনে করেন।