যুক্তরাষ্ট্রের মসজিদে নজরদারি বাড়ানোর পক্ষে মত
যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে নজরদারি আরও বাড়াতে হবে। নাগরিক অধিকারের নামে যতই কান্নাকাটি করা হোক না কেন, মসজিদ থেকে নিরাপত্তা হুমকি আসছে। জঙ্গিরা মসজিদে যাচ্ছে, যদিও যুক্তরাষ্ট্রে বসবাস করা ৯৯ শতাংশ মুসলমানই ভালো। গত রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রভাবশালী সদস্য পিটার কিং এসব কথা বলেন।
নিউইয়র্ক থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান পিটার কিং কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি এবং সিলেক্ট ইন্টেলিজেন্স কমিটির প্রভাবশালী সদস্য। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ১২ মেয়াদের নির্বাচিত এ আইন প্রণেতা বলেন, ইসলাম ধর্মে বিশ্বাস করেন—এমন লোকজনের সঙ্গে তাঁর বন্ধুত্বও রয়েছে। নাগরিক আন্দোলন বা নাগরিক অধিকারের নামে যতই কান্নাকাটি করা হোক না কেন, এতে কান না দিয়ে নিরাপত্তার জন্য মসজিদে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
কংগ্রেসম্যান পিটার কিং ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে বোমা হামলা থেকে শুরু করে সম্প্রতি ক্যালিফোর্নিয়াতে মুসলিম দম্পতির জঙ্গি কার্যক্রমের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, বোস্টন ম্যারাথনে হামলাকারী টামারলিন সারনেভ এবং তার ভাইকে দুই দফা স্থানীয় মসজিদ থেকে বের করে দেওয়া হলেও কর্তৃপক্ষকে কিছুই জানানো হয়নি। পিটার কিং মনে করেন, মসজিদ থেকে তথ্য দেওয়া হলে, রাশিয়া থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে বোস্টন পরিস্থিতি হয়তো ঠেকানো যেত।
বোস্টনের স্থানীয় মসজিদ থেকে বারবার বলা হয়েছে, ম্যারাথনে হামলাকারী দুই ভাইকে জঙ্গি হামলার জন্য সন্দেহ করার মতো কিছুই তাঁরা মসজিদে করেনি।
সম্প্রতি রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মসজিদে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে। ক্যালিফোর্নিয়ায় মুসলমান দম্পতির গুলিবর্ষণ ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িক নিষিদ্ধ করারও আহ্বান জানিয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্পের পর এবার প্রভাবশালী কংগ্রেসম্যান পিটার কিং মসজিদে কড়া নজরদারির তাগিদ প্রকাশ্যেই করলেন। যদিও ২০০০ সালের ১১ সেপ্টেম্বরের পরবর্তী বাস্তবতায় যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে এমনিতেই গোপন নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠনগুলো প্রশাসনের সমালোচনা করে আসছিল।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসম্যান পিটার কিং বলেন, জঙ্গি সংগঠন আইএস যুক্তরাষ্ট্রে হামলা চালাতে চায় এ বিষয়টি পরিষ্কার। আইএসের কথিত খলিফা আবু বকর আল বাগদাদির সঙ্গে তিনি একমত পোষণ করেন। বাগদাদি সম্প্রতি দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গত ১৬ মাসের সমন্বিত হামলায় তাদের কমই ক্ষয়ক্ষতি হয়েছে। পিটার কিং বলেন, আইএসের দখলে এখন বহু এলাকা এবং আফগানিস্তানেও তারা এগিয়ে যাচ্ছে।
দেশের জনগণের নিরাপত্তা নিয়ে অন্যান্য বিষয়েও কথা বলেন কংগ্রেসম্যান পিটার কিং। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা বিভাগ বিমান যাত্রীদের পুরো শরীর স্ক্যান করা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে। সম্প্রতি প্যারিস এবং ক্যালিফোর্নিয়ায় জঙ্গি হামলার পর জননিরাপত্তায় এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসম্যান পিটার কিং বলেন।