যুক্তরাষ্ট্রের লক্ষ্য দুষ্প্রাপ্য খনিজ সম্পদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে হলেও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য সে দেশের দুষ্প্রাপ্য খনিজ সম্পদ, বিশেষত তামা ও আকরিক লোহা। এ কথা কখনোই খুব গোপন ছিল না, কিন্তু এখন কোনো রাখঢাক ছাড়াই সে কথা বলা হচ্ছে। চলতি সপ্তাহে এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আফগানিস্তানে অব্যাহত মার্কিন সেনা উপস্থিতি ও অতিরিক্ত সেনা মোতায়েনে ট্রাম্প প্রশাসনের সম্মতির অন্যতম কারণ সে দেশের বিপুল পরিমাণ খনিজ সম্পদ।

গত মাসে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ম্যাটিস আফগানিস্তানে মার্কিন রণকৌশল বিষয়ে যে রূপরেখা উপস্থিত করেন, তাতে দেশটিকে স্থিতিশীল করার জন্য অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তাব করা হয়েছিল। ট্রাম্প ও তাঁর অন্যতম উপদেষ্টা স্টিভব্যানন তাতে মোটেই খুশি হননি, তাঁদের চোখে ‘দেশ গঠন’ যুক্তরাষ্ট্রের কাজ নয়। তবে খনিজ সম্পদের বিষয়টি তাঁকে অবহিত করা হলে ট্রাম্প আপাতত ৪ হাজার থেকে ৬ হাজার অতিরিক্ত সেনা পাঠাতে সম্মত হন। ট্রাম্পের উপদেষ্টারা এ কথা বোঝাতে সক্ষম হন, আফগানিস্তান স্থিতিশীল থাকলে পশ্চিমা কোম্পানিগুলো লাভজনক উপায়ে সে দেশের খনিজ সম্পদ আহরণে সক্ষম হবে। টাইমস এ কথা জানিয়েছে।

আফগানিস্তান নিজেও যুক্তরাষ্ট্রের সামনে খনিজ সম্পদের মুলোটি ঝুলিয়েছে। ট্রাম্পের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে প্রেসিডেন্ট আশরাফ গনি নিজেই আফগান খনিজ সম্পদ আহরণে যুক্তরাষ্ট্রের সহযোগিতার অনুরোধ করেছিলেন। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, চীনের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। একাধিক ইউরোপীয় দেশও আফগান খনিজ সম্পদের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

জানা গেছে, বিষয়টি তলিয়ে দেখতে ট্রাম্প প্রশাসন আফগানিস্তানে একজন বিশেষ প্রতিনিধি পাঠাতে আগ্রহী, যার প্রধান কাজ হবে সে দেশের খনিজবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে সলাপরামর্শ করা। মার্কিন বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানে আহরণযোগ্য খনিজ সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারের মতো হবে। তবে সাম্প্রতিক সময়ে তামার দাম পড়ে যাওয়ায় মোট সম্পদের অর্থমূল্য কিছু কম হতে পারে। একজন মার্কিন খনিজ ব্যবসায়ীকে খোঁজখবর নেওয়ার জন্য প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আফগানিস্তানের খনিজ সম্পদের ওপর আমেরিকার নজর অনেক দিন আগে থেকেই। ১৯৯৬ সালে তালেবান ক্ষমতায় আসার পর ক্লিনটন প্রশাসন এ ব্যাপারে প্রথম খোঁজখবর নেওয়া শুরু করে। সে সময় তাদের প্রধান আগ্রহ ছিল আফগানিস্তানের ভেতর দিয়ে একটি পাইপলাইনের মাধ্যমে মধ্য এশিয়ার গ্যাস সম্পদ আরব সাগর দিয়ে রপ্তানির ব্যবস্থা। বুশ আমলে তালেবানকে বহিষ্কারের পর সে দেশের খনিজ সম্পদের ওপর প্রথম একটি পর্যালোচনা গ্রহণ করা হয়। ওবামা আমলেও নতুন করে স্যাটেলাইটের মাধ্যমে খনিজ সম্পদের হিসাব গ্রহণের ব্যবস্থা করা হয়।

তবে অব্যাহত গৃহযুদ্ধের কারণে ক্লিনটন থেকে ট্রাম্প পর্যন্ত কোনো প্রশাসনের পক্ষেই আফগানিস্তানের খনিজ সম্পদ কুক্ষিগত করা সক্ষম হয়নি। অধিকাংশ দুষ্প্রাপ্য খনিজ রয়েছে হেলমন্দ প্রদেশে, যা এখন নতুন করে তালেবান নিয়ন্ত্রণে চলে গেছে। তবে অব্যাহত বিশৃঙ্খলা সত্ত্বেও চীন ইতিমধ্যে সে দেশে জেঁকে বসেছে। খনিজ সম্পদ আহরণ ও রপ্তানির ব্যাপারে তারা আফগানিস্তানের সঙ্গে তিন বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তানের খনিজ সম্পদে আগ্রহী, এ বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হলে তা রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে—এ কথা ট্রাম্প প্রশাসনের ভেতরে ও বাইরে অনেকে সাবধান করে দিয়েছেন। আফগানিস্তানে স্টেট ডিপার্টমেন্টের সাবেক বিশেষ প্রতিনিধি লরা মিলার সালোন পত্রিকাকে বলেছেন, আফগানিস্তানের খনিজ সম্পদ দরিদ্র এই দেশটির উন্নয়নেই ব্যবহার করা উচিত। এই খনিজ সম্পদের নামে যদি আমেরিকা সেখানে তার সামরিক ভূমিকার পক্ষে সাফাই গায়, তাহলে সেটি হবে খুবই বিপজ্জনক।