যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়। এই লড়াইটা নৃশংস অপরাধীদের বিরুদ্ধে, যারা মানব সভ্যতাকে গুঁড়িয়ে দিতে চায়, যা সব ধর্মের ভালো মানুষেরা রক্ষা করতে চায়। এটা ‘শুভ আর অশুভের লড়াই’।
গতকাল রোববার রিয়াদে আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে বক্তৃতার সময় যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট এটাও বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইতে অবশ্যই মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দিতে হবে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে শীর্ষ সম্মেলনে যোগদানকারীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অধিকাংশই ছিলেন সৌদি নেতৃত্বাধীন ৪১টি দেশের জোটের নেতা।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ আবদুল আজিজ কনভেনশন সেন্টারে বিশ্বের ৫৫ দেশের নেতাদের সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইসলামকে বিশ্বের সেরা ধর্মবিশ্বাসগুলোর অন্যতম হিসেবে অভিহিত করেছেন। আর জঙ্গিবাদী হামলার শিকারে পরিণত হওয়া লোকজনের ৯৫ শতাংশের বেশি যে মুসলিম, সেটিও উল্লেখ করেছেন তিনি।
মার্কিন নির্বাচনের আগে ও পরে সারা বিশ্বের কাছে পরিচিত ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে এসে নিজেকে অন্যভাবে তুলে ধরলেন। কারণ, সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘আমি মনে করি, ইসলাম আমাদের ঘৃণা করে।’ আর ‘উগ্রপন্থী ইসলামি সন্ত্রাসবাদ’ শব্দবন্ধ উচ্চারণ না করায় নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষ বারাক ওবামার সমালোচনায় সব সময় মুখর ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসেই সিরিয়া ছাড়াও ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন—এই ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে মুসলিম দেশের নেতাদের সামনে বক্তৃতার সময় ট্রাম্প যেন এই শব্দগুলো এড়িয়ে চলেন, এ ব্যাপারে সতর্ক ছিলেন তাঁর কর্মী বাহিনী। কিন্তু ট্রাম্প আগে থেকে তৈরি করা লিখিত বক্তব্য বাদ দিয়ে বক্তব্য দেওয়ার সময় ‘ইসলামি জঙ্গিবাদ’ এবং সব ধরনের ‘ইসলামি সন্ত্রাসবাদ’ শব্দগুলো ব্যবহার করেছেন।
তবে গতকালের সম্মেলন যে শেষ পর্যন্ত ইরানবিরোধী একটা ফোরামে পরিণত হবে, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কথাতেই স্পষ্ট। তাঁদের সঙ্গে সুর মিলিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
পুরো অঞ্চলে ‘ধ্বংস আর বিশৃঙ্খলা’র জন্য ইরানের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানের শুরুতে সৌদি বাদশাহ সালমান বলেন, ইরান সরকার সারা বিশ্বে সন্ত্রাসবাদে নেতৃত্ব দিচ্ছে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌদি বাদশাহ।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘লড়াইটা বিভিন্ন বিশ্বাস, গোষ্ঠী কিংবা সভ্যতার মধ্যে লড়াই নয়। নিরপরাধ মুসলিমদের হত্যা, নারী নির্যাতন, ইহুদিদের নিপীড়ন এবং খ্রিষ্টান বধের বিরুদ্ধে সবাইকে এক হয়ে দাঁড়াতে হবে। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। কিন্তু শান্তির পথের সূচনা হবে এখান থেকেই, প্রাচীন ও পবিত্র মাটিতে।’
মার্কিন প্রেসিডেন্ট মুসলিম বিশ্বের নেতাদের সমাজ এবং রাষ্ট্র থেকে সন্ত্রাসবাদকে হটিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের ধর্মীয় স্থানগুলো থেকে এদের উৎখাত করুন, পবিত্র ভূমি থেকে এদের নির্মূল করুন। এই পৃথিবী থেকে সন্ত্রাসবাদ সমূলে উপড়ে ফেলুন। আমরা তখনই লড়াইতে বিজয়ী হতে পারব, যখন শুভশক্তিগুলো এক হয়ে শক্তিশালী হবে এবং যদি এই কামরায় উপস্থিত সবাই নিজ নিজ ক্ষেত্র থেকে যথোপযুক্ত উদ্যোগী হয় ও (এ লড়াইয়ে) নিজেদের দায়িত্ব পুরোপুরি পালন করে।’
ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন শক্তির জন্য অপেক্ষা করে থাকতে পারে না। এর পরিবর্তে তাদের নিজেদের দেশের এবং সন্তানদের জন্য কী ধরনের ভবিষ্যৎ চায়, সেটা অবশ্যই তাদের ঠিক করতে হবে।
সৌদি বাদশাহ সালমান ইরানের বিরুদ্ধে বৈশ্বিক সন্ত্রাস ছড়ানোরও অভিযোগ করে বলেন, ‘১৯৭৯ সালে (আয়াতুল্লাহ রুহুল্লাহ) খোমেনির বিপ্লবের পর ইরান বৈশ্বিক সন্ত্রাসে নেতৃত্ব দিচ্ছে। খোমেনির বিপ্লবের আগে বিশ্ব সন্ত্রাস ও চরমপন্থা সম্পর্কে কিছুই জানত না। জঙ্গিগোষ্ঠী আইএসকে দমনে তাঁর দেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, অপশক্তি ও চরমপন্থী শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ হওয়া আমাদের দায়িত্ব।’
ডোনাল্ড ট্রাম্পের পর বক্তব্য দেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
শীর্ষ সম্মেলন শেষে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কেন্দ্র ‘গ্লোবাল সেন্টার ফর কমবেটিং এক্সট্রিমিস্ট আইডিওলজি’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সৌদি বাদশাহ এবং মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শীর্ষ সম্মেলনের আগে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) নেতাদের সঙ্গে আরেকটি শীর্ষ বৈঠকে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। ওই আলোচনার আগে সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরব একটি সমঝোতা স্মারক সই করে।