যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামের দ্বন্দ্ব নেই: হিলারি

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ইসলাম যুক্তরাষ্ট্রের শত্রু নয়। বরং ঘৃণার মন্ত্র ছড়ায়, এমন একদল লোকের সঙ্গে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের মানুষ যুদ্ধরত।
নিউইয়র্কে গত বৃহস্পতিবার কাউন্সিল অন ফরেন রিলেশনসে এক ঘণ্টা স্থায়ী ভাষণ ও প্রশ্নোত্তরে হিলারি ক্লিনটন প্যারিসে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি কী হওয়া উচিত, তার রূপরেখা তুলে ধরার সময় এ কথা বলেন।
সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি বলেন, ‘জঙ্গি ইসলামি সন্ত্রাসবাদ’ বা সভ্যতার সংঘর্ষ নিয়ে যারা অতিরিক্ত মাতামাতি করে, তারা এসব খুনি ও অপরাধী যতটা মর্যাদা পাওয়ার যোগ্য, তার চেয়ে বেশি মর্যাদা দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সহযোগীদের মধ্যে ব্যবধান রচনা করছে।
হিলারি ক্লিনটন এই ভাষণ এমন এক সময়ে দিলেন যখন মার্কিন রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রেসিডেন্ট ওবামা ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার লক্ষ্যে পদাতিক সেনা পাঠানোর সম্ভাবনা বাতিল করে দিলেও ফ্রান্স, রাশিয়া ও ইরানের অংশগ্রহণের ভিত্তিতে নতুন রণকৌশল অবলম্বনে আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের জন্য প্রচারণা চালানো সব প্রার্থীই অবিলম্বে আইএসের ওপর হামলার প্রস্তাব করেছেন। আগামী এক বছরে ১০ হাজার সিরীয় উদ্বাস্তু গ্রহণের যে প্রস্তাব প্রেসিডেন্ট ওবামা করেছেন, এঁদের সবাই তার বিরোধিতা করেছেন। হিলারি ক্লিনটন যখন নিউইয়র্কে এ ভাষণ দিচ্ছিলেন, প্রায় সেই সময়ই মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ সিরীয় উদ্বাস্তুদের প্রবেশের ওপর নতুন কড়াকড়ি আরোপ করে বিপুল ভোটাধিক্যে এক প্রস্তাব পাস করে।
হিলারি তাঁর ভাষণে আইএসকে মোকাবিলায় ওবামার অনুসৃত নীতির প্রতি আপাত সমর্থন দেখালেও সংগঠনটির বিরুদ্ধে কঠোরতর সামরিক ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দেন। হিলারি বলেন, ‘শুধু বিমান হামলা পর্যাপ্ত নয়। ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণ থেকে ভূখণ্ড পুনরুদ্ধার করতে হলে স্থলবাহিনীর প্রয়োজন পড়বে।’ তবে তিনি মার্কিন পদাতিক বাহিনী পাঠানোর বিপক্ষে মত দেন। স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে বাহিনী গঠন করলে আইএসবিরোধী লড়াই এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন হিলারি।
যেসব রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী শুধু খ্রিষ্টান উদ্বাস্তুদের গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন, হিলারি তাঁদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ধর্মীয় কারণে ভেদাভেদ করা মার্কিন মূল্যবোধের পরিপন্থী।