যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রত্যাশা রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসায় পঞ্চমুখ নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের আশা করছে। গতকাল মঙ্গলবার মস্কোয় পার্লামেন্টে এ কথা বলেছেন, রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ভাষণ দেওয়ার কথা ছিল গতকাল মঙ্গলবার। এর আগে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, রুশ-মার্কিন সম্পর্কে কোনো পরিবর্তন আসছে কি না, তা বুঝতে তাঁরা ট্রাম্পের এই ভাষণ মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করবেন।
সের্গেই রিয়াবকভ পার্লামেন্টে বলেন, স্নায়ুযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু তাঁরা আশা করছেন ওয়াশিংটনের অবস্থানের পরিবর্তন দুই দেশের মধ্যে আলোচনার দ্বার উন্মোচন করবে।
ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী শিবির মনে করে, তিনি মস্কোর সঙ্গে বেশি ঘনিষ্ঠ হয়ে গেছেন। এ ছাড়া মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য আসলেই রুশ হস্তক্ষেপ হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বের এ দুই পরাশক্তি ইউক্রেন, সিরিয়া যুদ্ধ ও ইরানের সঙ্গে সম্পর্ক——এমন কয়েকটি বিষয়ে বিপরীতমুখী অবস্থানে রয়েছে।
ইউক্রেনের ভূখণ্ড ক্রিমিয়া রাশিয়া নিজের সঙ্গে যুক্ত করে নেওয়ায় মস্কোর ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর মতে, এ নিষেধাজ্ঞা তুলে নিলে সিরিয়া সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা সহজ হবে।
এ বিষয়ে রুশ সংবাদ সংস্থা তাসকে রিয়াবকভ বলেন, ‘অবরোধ-নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আমরা আলোচনা করিনি এবং করবও না। বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আমাদের ক্ষতি করছে। তবে তা যুক্তরাষ্ট্রে রপ্তানি বন্ধ করার ক্ষতির চেয়ে বেশি নয়।’