যুক্তরাষ্ট্রের ১০০ সেনাকে হত্যার হুমকি আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সামরিক বাহিনীর ১০০ জন সদস্যকে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী। অনলাইনে ওই মার্কিন নাগরিকদের ছবি ও ঠিকানা প্রকাশ করে তাঁদের হত্যার জন্য ‘যুক্তরাষ্ট্রে বসবাসরত ভাইদের’ প্রতি আহ্বান জানিয়েছে আইএস। খবর রয়টার্স ও বিবিসির।
ইন্টারনেটে প্রকাশিত এসব ছবি ও তথ্য অনুযায়ী বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা গত শনিবার সংবাদমাধ্যমকে বলেন, প্রকাশিত তথ্য সঠিক কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে তাঁরা ব্যাপারটি খতিয়ে দেখছেন।
ইন্টারনেটে তথ্য প্রকাশকারী জঙ্গিরা নিজেদের ‘আইএসের হ্যাকিং শাখার’ সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। তারা ইংরেজি ভাষায় লিখেছে, ওই শাখা বেশ কয়েকটি সামরিক সার্ভার, তথ্যভান্ডার (ডাটাবেইস) ও ই-মেইল অচল (হ্যাক) করে দিয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর ১০০ সদস্যের তথ্য জনসমক্ষে প্রকাশ করার কারণ হিসেবে জঙ্গিরা জানায়, ‘এককভাবে সক্রিয়’ হামলাকারীরা যাতে ওই সেনাদের হত্যা করতে পারে—সে জন্যই তাঁদের নাম-ঠিকানা ও ছবি প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যের নয় শিক্ষার্থী সিরিয়ায়: চিকিৎসাবিদ্যার নয় ব্রিটিশ শিক্ষার্থী অবৈধভাবে সিরিয়ায় গিয়ে আইএসনিয়ন্ত্রিত কয়েকটি হাসপাতালে কাজ করছেন বলে জানা গেছে। দলটিতে চার তরুণীও রয়েছেন। যুক্তরাজ্যের গার্ডিয়ান ও অবজারভার পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।