যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক যুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কৌশল বিষয়ক উপদেষ্টা স্টিভ ব্যানন বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধের মধ্যে আছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন এ লড়াইয়ে হেরে যাচ্ছে। তবে অন্যায্য বাণিজ্যিক চর্চাকে কেন্দ্র করে বেইজিংকে কড়া জবাব িদতে চলেছে।

যুক্তরাষ্ট্রের ত্রৈমাসিক রাজনীতিবিষয়ক সাময়িকী দ্য আমেরিকান প্রোসপেক্ট-এর ওয়েবসাইট প্রোসপেক্ট ডটঅর্গ-এ গতকাল বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে স্টিভ ব্যানন এসব কথা বলেন। এতে তিনি সরাসরি বলেন, ‘আমরা চীনের সঙ্গে অর্থনৈতিক যুদ্ধে আছি।’

গত সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লিথিজারকে চীনের বাণিজ্য নীতি মার্কিন বিনিয়োগকারী ও কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত করছে কি না, তা নিরূপণের নির্দেশনা দিয়ে এক স্মারক সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের বাণিজ্য সংরক্ষণবাদ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত করবে। চীনের এই প্রতিক্রিয়া আসার পরদিন গতকাল স্টিভ ব্যাননের ওই মন্তব্যগুলো প্রকাশিত হলো।

সাক্ষাৎকারে স্টিভ ব্যানন বলেন, ‘যুদ্ধের বিষয়টি তাদের (চীন) সব লেখাতেই রয়েছে। তারা যা করছে, তা বলতে তারা লজ্জাবোধ করে না।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘আমরা যদি হারতে থাকি, তাহলে আমাদের হাতে আর পাঁচ বছর আছে। আমি মনে করি, সর্বোচ্চ ১০ বছর সময় আছে, যার পর আমরা তলানিতে গিয়ে দাঁড়াব, যেখান থেকে ঘুরে দাঁড়ানোর উপায় থাকবে না।’

স্টিভ ব্যানন বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে চীনের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ নেই যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, উত্তর কোরিয়াকে নিবৃত্ত করতে চীন হয়তো খুব বেশি কিছু করবে না।

এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের সময় বলেন, ‘বাস্তবতায় চীন ও যুক্তরাষ্ট্রের দীর্ঘ মেয়াদের পারস্পরিক সহযোগিতায় উভয় দেশের জনগণই লাভবান হয়েছে। যেকোনো নিরপেক্ষ ব্যক্তিই পরিষ্কারভাবে এটি দেখতে পারবেন।’

বর্ণবাদীরা ‘ভাঁড়’

সিএনএন জানায়, বর্ণবাদীদের ‘ভাঁড়ের দল’ বলেছেন ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন। দ্য আমেরিকান প্রোসপেক্ট-এ প্রকাশিত সাক্ষাৎকারেই এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিলে গত শনিবারের সহিংসতার কয়েক দিন পর তাঁর এই মন্তব্য প্রকাশ পেল। ওই সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত আহত হন।

শার্লটসভিলের সহিংসতার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য নিয়ে এমনিতেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এখন ঝড় বইছে। তার সঙ্গে এবার যোগ হলো প্রেসিডেন্টের উপদেষ্টার মন্তব্য। 

সংঘর্ষের দিন টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্প ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে এক বিবৃতিতে তিনি ‘বিভিন্ন পক্ষে’ যে ঘৃণা ও সহিংসতা দেখানো হয়েছে, তার নিন্দা জানান। কিন্তু সরাসরি বর্ণবাদীদের বিরুদ্ধে কিছু না বলায় খোদ রিপাবলিকান দলেই সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর গত সোমবার এক বিবৃতিতে বর্ণবাদীদের নিন্দা করেন ট্রাম্প। এর পরদিন, গত মঙ্গলবার সহিংসতায় জড়িয়ে পড়া সব পক্ষেরই সমালোচনা করেন তিনি।

তবে স্টিভ ব্যাননের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছেন, তিনি বিশ্বাস করেন না, চলতি সপ্তাহে দ্য আমেরিকান প্রোসপেক্ট-এর সহপ্রতিষ্ঠাতা ও সহযোগী সম্পাদক যখন ব্যাননের সঙ্গে কথা বলেন, তখন তাঁরা আসলে তাঁর সাক্ষাৎকার নিচ্ছিলেন। সূত্রটি বলেন, ‘ওটা কোনো সাক্ষাৎকার ছিল না।’

ব্যবসায়িক কাউন্সিল ভেঙে দিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল দুটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক কাউন্সিল ভেঙে দিয়েছেন। শার্লটসভিলের সহিংসতার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কয়েকজন প্রধান নির্বাহী পদত্যাগ করায় তিনি এ পদক্ষেপ নেন। এর আগে টুইটারে তিনি লেখেন, আমেরিকান ম্যানুফ্যাকচারিং কাউন্সিল এবং স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিসি ফোরাম ভেঙে দিচ্ছেন তিনি।

আমেরিকান ম্যানুফ্যাকচারিং কাউন্সিলের কাজ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে দেশজ উৎপাদনে বিভিন্ন উদ্যোগের বিষয়ে পরামর্শ দেওয়া। আর স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিসি ফোরাম নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে প্রেসিডেন্টকে পরামর্শ দিত। কিন্তু  আট প্রধান নির্বাহী এই দুই কমিটি থেকে পদত্যাগের পর ট্রাম্প তাঁর এই দুই পরামর্শক প্যানেলই ভেঙে দিলেন।