যুক্তরাষ্ট্র-চীন বার্ষিক সংলাপে মতপার্থক্য থেকেই গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সংলাপ গতকাল বুধবার চূড়ান্ত দিনে গড়িয়েছে। ওয়াশিংটনে এই কৌশলগত সংলাপে সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক জলসীমায় চলাচলের স্বাধীনতাসহ বিভিন্ন মতবিরোধ প্রকাশ্যে এসেছে। তবে উভয় পক্ষই এসব বিষয়ে সংঘাত এড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বার্ষিক এই উচ্চপর্যায়ের সংলাপ গত মঙ্গলবার শুরু হয়। এ উপলক্ষে ওয়াশিংটনে যাওয়া চীনা প্রতিনিধিদলটির গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে গতকাল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠক হওয়ার কথা ছিল। তার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বেইজিংকে অনেক কড়া কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের মোট ব্যবসার ৮০ শতাংশই যে জলপথের ওপর নির্ভরশীল, সেই পথকে অবশ্যই উন্মুক্ত রাখতে হবে। বাইডেন রাখঢাক না করে বলেন, ‘দায়িত্বশীল দেশগুলোকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আন্তর্জাতিক সমুদ্রপথগুলোকে অবিচ্ছিন্ন ব্যবসার জন্য উন্মুক্ত রাখতে তাদের একসঙ্গে কাজ করতে হবে।’
বিশ্বের সবচেয়ে বড় দুই ব্যবসায়িক অংশীদার যুক্তরাষ্ট্র ও চীন বর্তমানে বিরোধে জড়িয়ে পড়েছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবি নিয়ে এ অবস্থা সৃষ্টি হয়েছে। চীন ওই সাগরে বেশ কিছু কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে। বিতর্কিত এ তৎপরতা থামাতে এবং যেসব জলসীমা নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের বিরোধ রয়েছে, তা শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়ে আসছে ওয়াশিংটন।
ওয়াশিংটন-বেইজিং মতবিরোধের বিষয়টি অকপটে স্বীকার করেছেন চীনা ভাইস প্রেসিডেন্ট ওয়াং ইয়াংও। বলেছেন, দুই পক্ষ সব বিষয়ে একমত পোষণ করে, বিষয়টি তা নয়। বিশেষ করে কিছু বিষয় রয়েছে, যা এখনো দুই দেশের বন্ধুতার পথে কাঁটা ছড়াচ্ছে। তবে তিনি ইঙ্গিত দেন, ‘অসহযোগিতা বা সর্বাত্মক সংঘাত’ শুরু হলে, তার খেসারত দেওয়ার সামর্থ্য যুক্তরাষ্ট্র বা চীন কারোরই নেই।
এ নিয়ে সপ্তমবারের মতো যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই বার্ষিক কৌশলগত সংলাপ হচ্ছে। এবারের সংলাপে কমবেশি ৪০০ সদস্যের চীনা প্রতিনিধি–দল অংশ নিচ্ছে, যার নেতৃত্বে রয়েছেন দেশটির প্রধান প্রশাসনিক কর্তৃপক্ষ স্টেট কাউন্সিলের সদস্য ইয়াং জিয়েচি।
প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়ে বাইডেন ইঙ্গিত দেন, দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে বেইজিংকে একটি নতুন ‘নিয়মভিত্তিক ব্যবস্থা’ স্থাপনের স্বার্থে অবশ্যই আলোচনার টেবিলে বসতে হবে।
বাইডেন বলেন, ‘নিবিড় প্রতিযোগিতা থাকবে। আমাদের মধ্যে প্রচণ্ড মতবিরোধ থাকবে। আন্তর্জাতিক সম্পর্কের স্বভাবই এটা। অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেখানে আমাদের দৃষ্টিভঙ্গিতে মিল দেখি না। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা হাতে হাত রেখে কাজ করা বন্ধ করে দেব।’ বাইডেনের সঙ্গে সুর মেলান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও। তিনি বলেন, ‘প্রতিটি বিষয়েই সব দেশ একমত হবে, তা নয়। কিন্তু আমরা এটা মানি না যে মতপার্থক্যগুলোকে কমিয়ে আনার বিষয়টি আমাদের আয়ত্তের বাইরে। আমাদের সম্পর্কটা গতিশীল। এটা বিগত দশকগুলোতে বৃদ্ধি পেয়েছে এবং ধীরস্থিরভাবে পরিণত রূপ নিয়েছে।’
চীনা প্রতিনিধিদলের প্রধানও বলেছেন, সম্পর্ক এগিয়ে নিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। জিয়েচি প্রত্যয় ব্যক্ত করে বলেন, বেইজিং ‘অকপটতার মানস’ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাবে। সংশ্লিষ্ট যেসব বিষয়ে উদ্বেগ আছে, তা মোকাবিলা করার চেষ্টা করবে।
সংলাপে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তার বিষয়টি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি কম্পিউটার ব্যবস্থাগুলোতে হ্যাকারদের বড় ধরনের কয়েকটি আক্রমণের প্রেক্ষাপটে এ সংলাপ হচ্ছে। ওই হ্যাকিংয়ের ঘটনায় চীনের মদদ আছে বলে অভিযোগ রয়েছে, যদিও বেইজিং এমন অভিযোগ নাকচ করে আসছে। এ ঘটনায় দুদেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়।