যে গল্পে খুশি হইনি
একবার এক চোর রাতে গৃহস্থের বাড়িতে সিঁধ কাটতে গিয়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে এক কূপের মধ্যে পড়ে গেল। নিশ্চিত মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। বাঁচতে হলে তাকে কিছু একটা করতে হবে। এক বুদ্ধি এল তার মাথায়। কী বুদ্ধি? সে কথা একটু পরে বলছি।
নতুন বছর শুরু হলো; ২০২০। সারা বছরই তো সিরিয়াস লিখি। আজ একটু হালকা থাকতে চাই। বলতেও চাই হালকা। শৈশবে (পঞ্চাশ/ষাট দশক) শোনা কিছু গল্প; বেশ মজার। গল্প হলেও এগুলোর মধ্যে পাওয়া যায় সমাজকে। সে সময়ের এবং আজকের রাজনীতিবিদরা বক্তৃতায় কত কিছু বলতেন। কত গল্প, কত উপমা। জাদুকরী সে সব কথা মানুষ শুনত মন্ত্রমুগ্ধের মতো।
সোজা ও বাঁকা আঙুল প্রদর্শন করে বলতেন, ‘সোজা আঙুলে ঘি ওঠে না।’ আরও বলতেন, ‘চোরা না শুনে ধর্মের কাহিনি’, কিংবা ‘কুকুরের লেজ কি কখনো সোজা হয়?’
কূপে পড়া চোরের গল্পে ফিরে আসি। ধর্মের দোহাই দিয়ে যারা রাজনীতি করতেন, তাঁদের বিরুদ্ধে প্রগতিশীল রাজনীতিবিদেরা গল্পটি বেশি বলতেন। গল্পটি এমন—এক চোরের নাম ছিল নূরুল ইসলাম। কূপে পড়ে সে ভেবে দেখল এখন যদি চিৎকার করে বলে, ‘নূরুল ইসলামকে বাঁচাও’, কেউ তার ডাকে আসবে না। চোরের সাহায্যে কে আসবে? কেউ না। যা ডাকলে সবাই আসবে এবং তাকে বাঁচাবে সেই ডাক দিতে হবে। তাই সে শুরু করল, ‘ইসলাম গেল, ইসলাম গেল’ বলে। লোকে ভাবল, ‘কী? আমাদের ধর্ম যায়?’ ধর্মপ্রাণ মানুষ দলে দলে ছুটে আসে। আর এভাবে বেঁচে যায় চোর।
আশির দশকে এক রাজনীতিবিদের ‘নেতা আদেশ করিলে ঝাড়ু দিতে প্রস্তুত’ এবং অন্য এক রাজনীতিবিদের ‘শূন্য তত্ত্ব’ ( ০+০=০) বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এই ‘শূন্য তত্ত্ব’ ছিল দুই নারী রাজনীতিবিদের বিরুদ্ধে।
আরকটি গল্প খুব বলা হতো আগে; এখনো হয় কখনো কখনো। প্রভু বের হয়েছেন নরক পরিদর্শনে। এক নরকে গিয়ে দেখেন কোনো পাহারাদার নেই। ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, ‘এখানে পাহারাদার নেই কেন?’ ফেরেশতারা জবাব দিলেন, ‘প্রভু, এ নরকে পাহারাদারের প্রয়োজন পড়ে না। কারণ এখানে থাকে বাঙালিরা। তাদের কেউ পালাতে চাইলে, অন্যরা পাকড়াও করে রাখে।’ অনেকে ‘নরকের’ স্থলে অনেকে ‘কারাগার’ বসিয়েও গল্পটি চালিয়ে দেন।
এবারের গল্প ‘হালাল তত্ত্বের’। গল্পটি এমন—এক গ্রামে এক চোর নিজ বাড়িতে মিলাদের আয়োজন করে। মিলাদে যথারীতি দাওয়াত করা হলো গ্রামের হুজুরকে। হুজুর মোটেই রাজি হচ্ছেন না। সাফ কথা—চোরের বাড়িতে তিনি মিলাদ পড়াবেন না। গ্রামের কিছু লোক হুজুরকে বোঝাল, ‘যান হুজুর মিলাদটা পড়ান। চোর যখন আল্লাহ-রসুলের নাম নিচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছুর ইঙ্গিত আছে। আজ সে চোর, কাল হয়তো ভালো হয়ে যাবে।’ গ্রামের লোকজনের অনুরোধে হুজুর গেলেন মিলাদ পড়াতে। মিলাদ শেষে সেই চোর হুজুরকে অনুরোধ করল, ‘হুজুর, গরিবের ঘরে কিছু খানাপিনার আয়োজন করেছি। আপনি শরিক হলে খুশি হব।’ হুজুরের সাফ জবাব, ‘অসম্ভব, আমি এ দাওয়াত খেতে পারি না।’ ‘কেন?’ হুজুরের সন্দেহ, ‘যে খানার আয়োজন হয়েছে, তা চুরির মুরগি দিয়ে।’ এই খাবার তিনি জেনে-শুনে খেতে পারেন না। এটা হারাম। বাড়ির লোকজন অনুনয় করে বলল, ‘হুজুর, বেচারা এত কষ্ট করে রান্না-বান্না করেছে, একটু শরিক হন। ঠিক আছে, সন্দেহ হলে মুরগির মাংস খাবেন না। একটু ঝোল নেবেন; তবু বেচারাকে নিরাশ করবেন না।’ হুজুর রাজি হলেন। সামনে পোলাও, মাংসের বাটি। প্লেটে পোলাও নিয়ে মাংসের বাটিটি এগিয়ে আনলেন। না, তিনি মাংস নেবেন না; শুধু ঝোল নেবেন। বাটি কাত করে ঝোল ঢালতে গিয়ে তার প্লেটে পড়ে গেল মুরগির বড় এক টুকরো মাংস। এ কী হলো? তিনি তো চাননি। তাঁর কিসমত, আপনা-আপনি পড়ে গেল। এখন কী করবেন? ফেলে দেবেন? না, তুলে রাখবেন বাটিতে? মুহূর্তের দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে বলে উঠলেন, ‘জো কুচ আপসে গিরতা হ্যায়, ও কুচ হালাল হ্যায়।’ এরপর মুরগির রানের ঠিকানা হলো হুজুরের উদরে।
‘কনক ধুলির’ কথা কখনো শুনেছেন? এ গল্প আগেকার দিনের। ‘কনক ধুলির’ অর্থও শিখেছি গল্পটির মাধ্যমেই। আগে কোর্ট প্রাঙ্গণে পাওয়া যেত পেশাদার সাক্ষী। কারও প্রয়োজন হলে অথবা নির্ধারিত সাক্ষী অনুপস্থিত থাকলে তাদের ডাক পড়ত। নিঃসন্দেহে মিথ্যা বা বানিয়ে বলার অনেক গুণ ছিল তাদের। একবার এক খুনের মামলায় ডাক পড়ল এমন এক পেশাদার সাক্ষীর। বিপক্ষ উকিলের জেরা সে সামাল দিয়ে যাচ্ছে সফলভাবে। এক জায়গায় এসে আটকে গেল। উকিল জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা বলুন তো, যে জমিতে খুন হয়েছিল তা কী রকম ছিল? শুকনো? কাদা? না ধুলোয় ঢাকা?’ সাক্ষীর তা জানা ছিল না। কেউ তাকে আগাম বলেনি। এখন কী করবে? একটু ভেবে সে উত্তর দিল, স্যার এটা ছিল ‘কনক ধুলি।’ ‘কনক ধুলি! সে আবার কী?’ উত্তর, ‘মাঝামাঝি কিছু। না কাদা, না ধুলি, না শুকনো। আবার এ সবের কাছাকাছি।’
আমাদের অনেকের চিন্তার জগৎ বা বাস্তব জীবনও ‘কনক ধুলির’ মতো। স্পষ্টতা নেই। কেমন যেন আলো-আঁধারি।
এবার আসি ‘এভাবে চলবে কতদিন’ গল্পে। এও আগেকার দিনের গল্প। গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন জ্ঞানী এক ব্যক্তি। পথে পেলেন এক মক্তব। বেশ কিছু শিশু কোরাস করে গাইছে, ‘উলায়-মেলায় যাউক কত দিন’ (হেলাফেলায় যাক না কিছুদিন)। জ্ঞানী ব্যক্তির আগ্রহ হলো মক্তবটি দেখার। উঁকি দিয়ে তিনি দেখেন শিশুরা কোরাস গাইছে। কোনো শিক্ষক বা হুজুর নেই। শিশুদের জিজ্ঞেস করলেন, ‘তোমাদের হুজুর কোথায়?’ তারা জবাব দিল, ‘সকালে এই সবক দিয়ে হুজুর চলে গেছেন। পরে আসবেন।’ এবার জ্ঞানী ব্যক্তিটি শিশুদের জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা এই সবক তো তোমাদের মুখস্থ হয়ে গেছে?’ তারা জানাল, ‘হ্যাঁ।’ তিনি বললেন, ‘তাহলে এবার আমি তোমাদের নতুন একটি সবক দিই। তোমরা জপতে থাকো।’ এই বলে তিনি নতুন সবক দিলেন, ‘ ইতা করি খাইবায় কত দিন’ (এ সব করে খাবে কতদিন)। বেশ কিছুক্ষণ পর ফিরে এলেন হুজুর। এসে শুনলেন শিশুরা জপছে, ‘ইতা করি খাইবায় কত দিন।’ সব শুনে হুজুর ভীষণ লজ্জা পেলেন।
এবারের গল্পটি শুনেছি ঢাকা সফরকালে, ২০১৫ সালে। এ গল্পে আমি খুশি হতে পারিনি। গল্পটি এমন—প্রভু তাঁর ইচ্ছার কথা জানালেন; একজনকে তিনি বেহেশতে নেবেন। লাইনে দাঁড়ানো মৌলভি সাহেব, রাজনীতিক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, দিনমজুর, কৃষক, বাসচালক, বিমানচালক, চিকিৎসক, প্রকৌশলী ও সমাজসেবী। সবাই আশা করছেন, সেই একজন হবেন তিনিই। মৌলভি সাহেব এক পা এগিয়ে আছেন। সারা জীবন ‘আল্লাহ আল্লাহ’ ডেকেছেন, কখনো পাপ করেননি; বেহেশতের হক তাঁরই বেশি। এভাবে সবাই আশা করছেন। সবাই আছেন অপেক্ষায়। গভীর অপেক্ষায়। কার ডাক পড়ে? সবাইকে অবাক করে দিয়ে ডাক পড়ল বাসচালকের। এখানে একমাত্র বিজয়ী তিনি। প্রভু বেহেশতে নেবেন তাঁকেই। প্রশ্ন উঠল, ‘প্রভু কীভাবে এটা সম্ভব হলো। সবাইকে পেছনে ফেলে বাসচালক জিতে গেল?’ প্রভুর উত্তর, ‘এই বাসচালক মানুষকে দিয়ে আমার নাম যতবার জপিয়েছে, তোমরা কেউ তা পারনি। তার কারণে মানুষ আমাকে সবচেয়ে বেশি স্মরণ করেছে। সে যখন বাস চালাত, যাত্রীরা শুধু আল্লাহর নাম জপত। এই জন্য তাকে আমি পুরস্কৃত করেছি।’ সবাই পরস্পর শুধু মুখ চাওয়া-চাওই করছে। মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। প্রভুর হুকুম।
এই গল্পে আমি খুশি হইনি। শাহজাহান খান কি হয়েছেন?