যে ছবি ঘিরে অনেক কথা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে চলা বিক্ষোভে রয়টার্সের আলোকচিত্রী জনাথন বাকম্যানের তোলা আলোচিত সেই ছবিটি।
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে চলা বিক্ষোভে রয়টার্সের আলোকচিত্রী জনাথন বাকম্যানের তোলা আলোচিত সেই ছবিটি।

প্রতিবাদমুখর হয়ে উঠেছে মার্কিনরা। দুটি অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার জেরে এই প্রতিবাদ তাদের। বলছেন, কৃষ্ণাঙ্গদের জীবনেরও মূল্য আছে। এভাবে তাদের মারা যায় না। এই প্রতিবাদ কর্মসূচি চলাকালেই জন্ম হয়েছে একটি ঐতিহাসিক ছবির। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমে চলছে এই ছবি নিয়ে নানা আলোচনা।

ছবিটি প্রথম প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। এর আলোকচিত্রী জনাথন বাকম্যান। এরপর ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট ও শেয়ার করেন।

ছবির গল্পের শুরুটি জানতে হলে চলে যেতে হবে গত মঙ্গলবারে, লুইজিয়ানার বাটন রুসে। ওই দিন এখানে এক কৃষ্ণাঙ্গকে পুলিশ গুলি করে মারে। এর প্রতিবাদে রাস্তায় নামে অনেক মার্কিন। গত রোববারও ওই স্থানে প্রতিবাদ চলছিল। সেখান থেকে পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। ওই সময়ই আলোচিত এই ছবিটি তোলা হয়।

ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় শান্তভাবে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা এক কৃষ্ণাঙ্গ প্রতিবাদকারীর দিকে অ্যাকশন মুডে এগিয়ে আসছেন দুই পুলিশ সদস্য। আশপাশে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছেন আরও অনেক পুলিশ সদস্য।

এই ছবি তোলার বিষয়ে আলোকচিত্রী জনাথন বাকম্যান বিবিসি অনলাইনকে বলেন, ‘বিক্ষোভকারীরা এয়ারলাইন হাইওয়ের যে স্থানে অবরোধ করেছিল; সেখান থেকে সরে যাওয়ার জন্য পুলিশ বারবার তাদের প্রতি আবেদন জানাচ্ছিল। অনেককে তারা সরিয়েও দেয়। বিক্ষোভকারীরা যেখানে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা চালাচ্ছিল, কাছেই আমি ছবি তুলছিলাম। ঘাড় ঘোরাতেই দেখি, একজন নারী রাস্তার মধ্যভাগে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে আছেন। তিনি কিছু বলছেন না। ওই জায়গা থেকে সরছেনও না। দেখেই বোঝা যাচ্ছিল, পুলিশ তাঁকে দ্রুতই আটক করতে যাচ্ছে।’

রয়টার্স তখন খবরে জানায়, আইশিয়া ইভান্স নামের ওই প্রতিবাদকারীকে পুলিশ আটক করেছে।

পরে ইভান্স তাঁর ফেসবুকের মাধ্যমে জানান, তিনি ‘জীবিত ও নিরাপদ’ আছেন। মানুষের শুভকামনা ও ভালোবাসায় তিনি মুগ্ধ। তবে এই কৃতিত্ব স্রষ্টার, তিনি শুধুই একজন বাহক।

প্রতিবাদী ইভান্সের এই ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন নিউইয়র্ক ডেইলি নিউজের বিচারবিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক শন কিং। তাঁর ফলোয়ারের সংখ্যা সাড়ে পাঁচ লাখের বেশি। ছবিটিতে লাইক পড়েছে তিন হাজারের বেশি। বেশির ভাগই কমেন্ট করেছে যে ‘এটি ঐতিহাসিক ছবি’, ‘ছবিটি ইতিহাসে ঠাঁই নেবে’ ইত্যাদি।

১০০ প্রভাবশালী আফ্রিকানের তালিকায় স্থান পাওয়া যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্টের অধ্যাপক কেলেসটোয়াস জুমা ছবিটি পোস্ট করেছেন। ব্রিটিশ-ভারতীয় সাহিত্যিক হরি খুনজরু ছবিটির প্রশংসা করে লিখেছেন, ‘চাপের মুখে সাবলীল প্রতিবাদ’। কেউ কেউ ছবিটি দেখে ১৯৮৯ সালের তিয়েন আনমেন স্কয়ারে সামরিক ট্যাংকের সামনে এক প্রতিবাদী ব্যক্তির দাঁড়িয়ে থাকার ছবিটির কথা স্মরণ করেছেন।

যে ছবি নিয়ে এত আলোচনা, সেই ছবির আলোকচিত্রী জনাথন বাকম্যান বুঝতে পারেননি তিনি কী করেছেন। জানালেন, তাঁর বাবা ফোন করে জানানোর পর তিনি ছবিটির প্রতিক্রিয়া বুঝতে পারেন। একটি ছবির মাধ্যমে বাটন রুসের ঘটনা তুলে ধরতে পারায় তিনি তৃপ্ত বলে জানালেন।