যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন বলেছেন, যে ট্রাম্প প্রশাসনের জন্য তাঁরা লড়াই করেছিলেন এবং বিজয়ী হয়েছিলেন, তা শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মতামতধর্মী রক্ষণশীল সাময়িকী দ্য উইকলি স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
গত শুক্রবার পদত্যাগ করেন স্টিভ ব্যানন। কট্টর ডানপন্থী ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কের সাবেক এই প্রধান নির্বাহী ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের সঙ্গে যোগ দেন।
নির্বাচনের পর তাঁকে রাজনৈতিক কৌশলবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পদত্যাগের পর স্টিভ ব্যানন সোজা চলে যান ব্রাইটবার্ট কার্যালয়ে। এর কয়েক ঘণ্টা পরই উইকলি স্ট্যান্ডার্ড-এ তাঁর সাক্ষাৎকার প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে স্টিভ ব্যানন আরও বলেন, ট্রাম্প প্রশাসনের পক্ষে এখনো অনেক সমর্থন রয়েছে। তবে সেই প্রশাসন আর নেই। তিনি বলেন, ‘সব ধরনের লড়াই চলবে। ভালো দিন, খারাপ দিন আসবে। তবে সেই প্রশাসন আর নেই।’
পদত্যাগ করতে চলেছেন ট্রাম্প!
ইনডিপেনডেন্ট পত্রিকার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনীকার টনি শুয়ার্টজ ধারণা করছেন, খুব শিগগির পদত্যাগ করতে চলেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, চলতি বছরের শেষ নাগাদ ট্রাম্প প্রশাসন টিকে থাকলে তিনি অবাক হবেন।
১৯৮৭ সালে প্রকাশিত ট্রাম্পের জীবনীগ্রন্থ দ্য আর্ট অব দ্য ডিল-এর সহলেখক ছিলেন টনি শুয়ার্টজ। সম্প্রতি তিনি টুইটারে দাবি করেন, ট্রাম্পের চারপাশটা ক্রমেই ছোট হয়ে আসছে। খুব বেশি হলে শরৎকাল পর্যন্তই হোয়াইট হাউসে আছেন তিনি।