যে দম্পতির পিছু নিয়েছিল ইরমা

গ্রেচেন ও পিটার বোগাজের পিছু ছাড়ছেই না ইরমা। এ দম্পতিকে অনেকটা ছায়ার মতোই অনুসরণ করছে এ প্রলয়ংকরী ঘূর্ণিঝড়। এমনিতে ফ্লোরিডার টাম্পা উপকূলবর্তী শহর সারাসোটার অধিবাসী এ দম্পতির সঙ্গে ইরমার সাক্ষাৎ হওয়ার কথা শেষভাগে। কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলা হোক না কেন, এ সাক্ষাৎ ঘটে গেছে ইরমার আবির্ভাবের শুরুর দিনেই।
গত সপ্তাহে ১২ বছরের মেয়ে ইসাবেলাকে তার দাদা-দাদির কাছে রেখে গ্রেচেন ও পিটার বোগাজ রওনা হন ক্যারিবীয় দ্বীপ সাবার উদ্দেশে। নিজেদের ২০ তম বিয়েবার্ষিকী একান্ত প্রেমময় পরিবেশে কাটানোই ছিল উদ্দেশ্য। কিন্তু বাদ সাধে ইরমা। অথবা বলা যায় তাদের প্রণয়ের গভীর প্রদেশ থেকেই জেগে ওঠে ইরমা, যা তাদের অনুসরণ করেছে ১ হাজার ৪০০ মাইল পর্যন্ত।
গ্রেচেন বোগাজের বোন নাটালি গ্রিনেল নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ইরমার আগমনের সঙ্গে সঙ্গে তারা ঘরে ফেরার চেষ্টা করেন। কিন্তু তারা সে সময় সেইন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত পৌঁছাতে পারে।’
এ দম্পতি সেইন্ট মার্টিনে পৌঁছান ৬ সেপ্টেম্বর। আর এই দিনই সেখানেও এসে হাজির হয় ইরমা। শক্তিশালী এ ঝড়ের আবির্ভাবে কার্যত অচল হয়ে পড়ে দ্বীপটি। ফলে এর সৈকতঘেঁষা প্রসিদ্ধ বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। এতে করে সেখান থেকে অন্য কোথাও যাওয়ার রাস্তা একরকম বন্ধ হয়ে যায় তাদের জন্য। দ্বীপটির ৬ হাজার অধিবাসীর মতো তারাও আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বিমানবন্দরটির সংস্কারকাজ চলছে। ঝড়ের আঘাতের পর সেখানে এখন পর্যন্ত মাত্র কয়েকটি ত্রাণবাহী উড়োজাহাজ অবতরণ করেছে।
নিউইয়র্ক পোস্টকে পাঠানো এক ম্যাসেজে এ দম্পতি জানিয়েছেন, ‘আমরা ঠিক আছি।’ তবে খাদ্য সংকট ঘনিয়ে আসছে বলে জানিয়েছেন তারা। তারা বলেন, ‘খাবারের মজুত ক্রমেই কমে আসছে। এখানে কিছু ত্রাণবাহী উড়োজাহাজ এলেও তার কিছুই আমেরিকানদের জন্য নয়। অনেকটা যুদ্ধক্ষেত্রের মতোই পরিস্থিতি এখানে। খাবারের জন্য এক ধরনের সহিংসতার আবহ তৈরি হচ্ছে। আমরা দেশে ফিরতে চাই।’
বিভিন্ন দ্বীপে আটকে পড়া আমেরিকানদের ফিরিয়ে আনার বিষয়ে আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষও যথেষ্ট উদ্যোগী বলে জানা গেছে। এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আটকে পড়া আমেরিকানদের ফিরিয়ে আনতে সি-১৩০ পরিবহন বিমান কাজ করবে। তবে ঝোড়ো আবহাওয়া এ ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ইরমার পর আটলান্টিকে সৃষ্ট আরেক ঘূর্ণিঝড় ‘হোসে’ও এখন দুশ্চিন্তার কারণ।