যে দুঃখ মিশেল ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে একে আটটি বছর হোয়াইট হাউসে কাটিয়েছেন তিনি। নিজের দায়িত্ব পালনে দেশে-বিদেশে হয়েছেন প্রশংসিত। যুক্তরাষ্ট্রের সেই প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি মিশেল ওবামা এখন সাবেক হয়ে সাধারণ জীবন যাপন করছেন। কিন্তু একটা বিষয় কখনোই তাঁর পিছু ছাড়েনি। আর সেটা হলো তাঁর গায়ের রং, যা তাঁকে আহত করেছে, কাঁদিয়েছে।

গত মঙ্গলবার উইমেন’স ফাউন্ডেশন অব কলোরাডোর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মিশেল ওবামা নিজেই এসব কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আট বছর দেশের জন্য কাজ করার পরও অনেক মানুষ আছেন, যাঁরা আমাকে দেখতে পারেন না। কারণ, আমার গায়ের রং।’

ওয়াশিংটন পোস্ট-এর খবরে বলা হয়েছে, কৃষ্ণকায় মেয়েদের এসবে পাত্তা না দেওয়ার পরামর্শ দিয়েছেন মিশেল ওবামা। একই সঙ্গে মেয়েদের ভেতরের ইতিবাচক শক্তির কথা বলে উজ্জীবিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ‘প্রতিদিন মেয়েকে বলুন, তুমি স্মার্ট। তুমি দক্ষ।’ বহু মানুষের কাছে এখনো তার অনুকরণীয় ব্যক্তিত্ব পরিবারের কাছের কেউ। মা, শিক্ষক, ভাইবোন, বাবা—এমন সব কাছের জনকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়। এসব মানুষের প্রতিদিনকার প্রেরণা, উৎসাহ একটি মেয়ের জীবনকে বদলে দিতে পারে।

যুক্তরাষ্ট্রে বর্ণবাদ নিষিদ্ধ হয়েছে বহুকাল আগে। কিন্তু তা বিলুপ্ত হয়নি। মানুষের মনে, সমাজে এখনো রয়ে গেছে তা। মিশেল ওবামার মন খারাপ করা অনুভূতির প্রকাশ নতুন করে বিষয়টিকে আবার সামনে নিয়ে এসেছে।