যে প্রশ্নের জবাব দিচ্ছেন না হিলারি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের ওয়াশিংটন ডিসির বাড়িতে গত শুক্রবার দাওয়াত পেয়েছিলেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন। এ দাওয়াতের কথা আগেভাগেই জানা ছিল। তাই সকাল থেকেই হিলারির বাড়ির সামনে অসংখ্য টিভি ক্যামেরাম্যান ও সাংবাদিক গভীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে ওয়ারেন ঢুকলেন, কিন্তু কারও সঙ্গে কোনো কথা বললেন না। ঠিক ৬৬ মিনিট পরে বেরিয়ে এলেন। এবারও কোনো কথা না বলে তিনি চলে গেলেন।
শুক্রবার দুপুরে স্থানীয় এক কফির দোকানে ঢুকেছিলেন হিলারি। তক্কেতক্কে ছিলেন সাংবাদিকেরাও। হিলারিকে প্রশ্ন করা হয়, কী কথা হলো? এলিজাবেথ ওয়ারেনকে তিনি নিজের রানিং মেট করার কথা ভাবছেন কি না?
জবাবে কফির কাপ তুলে হিলারি বললেন, ‘চমৎকার কফি, তোমরা অবশ্যই খেয়ে দেখতে পার।’
সাংবাদিকদের কাছে তাঁদের আলোচনার সারবস্তু ফাঁস করতে রাজি না হলেও এলিজাবেথ ওয়ারেনকে হিলারির রানিং মেট করার জন্য নানা মহল থেকে চাপ বাড়ছে। প্রগতিশীল মহলে জনপ্রিয় এই সিনেটরকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দিলে বার্নি স্যান্ডার্সের অনেক অনুসারী হিলারির পক্ষে তাঁদের সমর্থন জানাবেন—এমন যুক্তিতে ডেমোক্রেটিক পার্টির ভেতরেই অনেকে ওয়ারেনের পক্ষে যুক্তি দেখানো শুরু করেছেন। শুক্রবার হিলারি-ওয়ারেনের আলোচনা চলার সময়ই সিএনএনকে সাক্ষাৎকারে দিচ্ছিলেন ওরেগনের ডেমোক্রেটিক সিনেটর জেফ মার্কলি। সেখানে তিনি বলেন, এ মুহূর্তে আমেরিকার প্রতিটি প্রগতিশীল নাগরিক আশা করছেন যে হিলারি ওয়ারেনকে নিজের রানিং মেট করার প্রস্তাব নিয়ে কথা বলছেন।
তবে ডেমোক্রেটিক পার্টির ভেতরে ওয়ারেনের ব্যাপারে সন্দিহান এমন লোকেরও অভাব নেই। পেনসিলভানিয়ার প্রাক্তন গভর্নর ও বর্ষীয়ান ডেমোক্রেটিক নেতা এড র্যান্ডাল বলেন, ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রধান শর্তই হলো—কোনো কারণে প্রেসিডেন্ট তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভাইস প্রেসিডেন্ট অবিলম্বে সে দায়িত্ব গ্রহণ করবেন। এলিজাবেথ ওয়ারেন সে দায়িত্ব পালনে প্রস্তুত নন বলে মন্তব্য করেন র্যান্ডাল। একই কথা বলেন মন্টানা থেকে নির্বাচিত ডেমোক্রেটিক সিনেটর জন টেস্টারও।
এর আগের দিন ওয়ারেনকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সব যোগ্যতাই আমার আছে।’ তিনি অবশ্য এ কথাও বলেন, সিনেটর হিসেবে নিজের দায়িত্বে তিনি খুশি, এর বাইরে অন্য কোনো পরিকল্পনা তাঁর নেই।