যে বিরোধে দুই পক্ষেরই ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনাল্ড ট্রাম্প
ডেনাল্ড ট্রাম্প

রাজনীতিবিদদের সঙ্গে গোয়েন্দাদের মতবিরোধ কিংবা বৈরিতা নতুন নয় যুক্তরাষ্ট্রে। কিন্তু সে বিরোধ সচরাচর প্রকাশ্যে আসে না। এ নিয়ে টুইটারের মতো অনলাইন ফোরামে মন্তব্য কিংবা কংগ্রেসের শুনানি মার্কিন ইতিহাসে একেবারেই নতুন।
এই বিরোধে দুটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। প্রথমত, মার্কিন গোয়েন্দাদের বিশ্বাসযোগ্যতা। প্রেসিডেন্ট পদে শিগগিরই দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের টুইট এবং নানা মন্তব্য এই বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। দ্বিতীয়ত, ট্রাম্পের বৈধতা। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ট্রাম্পের পক্ষে কাজ করেছে, মার্কিন গোয়েন্দাদের এমন দাবি যদি সত্যি হয়, তাহলে দায়িত্ব নেওয়ার আগেই প্রেসিডেন্ট হিসেবে তাঁর বৈধতা নিয়ে প্রশ্নের সৃষ্টি হচ্ছে।
মার্কিন রাজনীতিতে গোয়েন্দা ও রাজনীতিকদের সম্পর্ক সব সময়ই কমবেশি অম্লমধুর ছিল। গত শতাব্দীর ৭০-এর দশকে কয়েকটি কংগ্রেস কমিটি আশঙ্কা প্রকাশ করে বলেছিল, সিআইএ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরে তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার সংস্থাটির পরিচালক পদে পরিবর্তন আনেন। নতুন পরিচালক স্ট্যান্ডফিল্ড টার্নার সরকারের আজ্ঞাবাহী হয়ে সিআইএর অনেক কর্মকর্তা-কর্মচারীকে পরিবর্তন করেছিলেন। এতে তখন বেশ অসন্তোষ দেখা দিয়েছিল।
নব্বইয়ের দশকে প্রেসিডেন্ট বিল ক্লিনটন তৎকালীন সিআইএ পরিচালক জেমস উলসের ওপর অসন্তুষ্ট ছিলেন। পরবর্তী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় অবস্থা ছিল আরও খারাপ। ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকা এবং দখল-পরবর্তী ইরাকের ভবিষ্যৎ নিয়ে গোয়েন্দা প্রতিবেদন ভুল হওয়ায় পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। তখন বুশ রিপাবলিকান আইনপ্রণেতা পোর্টার গসকে নিয়োগ করেছিলেন গোয়েন্দা সংস্থার ওপর হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ আরও বাড়াতে। ফল হয় বিপরীত। সিআইএয়ের সদস্য ও পোর্টারের লোকজনের মধ্যে সৃষ্টি হয় তিক্ততা। এক বছরের মাথায় পদত্যাগ করেন পোর্টার গস।
হবু প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক পম্পেকে সিআইএ পরিচালক এবং সাবেক জেনারেল মাইকেল ফ্লিনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন। সিআইএ ও ডিরেক্টরেট অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রতি মাইকেল ফ্লিনের মনোভাব বিরূপ বলে জানা গেছে। ফলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
প্রেসিডেন্ট বুশের সময় জঙ্গি, সন্ত্রাসীসহ বন্দীদের ওয়াটার বোর্ডিংসহ বিতর্কিত নানা পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ করা হতো। ব্যাপক সমালোচনার কারণে সেই পদ্ধতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ওবামা সরকার। কিন্তু ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় জিজ্ঞাসাবাদের বিতর্কিত পদ্ধতিগুলো ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। সামনের দিনগুলোতে কৌশল আসলে কী হবে, সিআইএয়ের সদস্যরা তা-ই ভাবছেন এখন।
ইরাক যুদ্ধ নিয়ে বেশ বিব্রত ছিলেন তখনকার মার্কিন সরকার ও গোয়েন্দারা। কিন্তু তাঁরা তখন উপলব্ধি করেছিলেন, দায় চাপানোর লড়াইয়ে নামলে হাটে হাঁড়ির ভাঙার দশা হবে। তাই বেশ বিব্রতকর হলেও একধরনের সমঝোতা ছিল।
এখন অবস্থা অবশ্য ভিন্ন। ট্রাম্প আসছেন আর গোয়েন্দা কর্মকর্তাদের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। ফলে তাঁদের হারানোর তেমন কিছু নেই। মুখ খুলতেও কোনো ভয় নেই। তবে এ বিরোধে দুই পক্ষেরই মর্যাদাহানি হচ্ছে। অবস্থা হচ্ছে নড়বড়ে। আর এ থেকে লাভবান হচ্ছে কেবলই যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ।