যেখানে হাসিনা সেখানেই বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমন এবং এখানে অবস্থানকালে বিক্ষোভ দেখাবে যুক্তরাষ্ট্র বিএনপি। বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত বিএনপির নেতারা প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় এ কথা বলেছেন।

যুক্তরাষ্ট্র বিএনপির একক কমিটি না থাকা সত্ত্বে প্রতিটি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কর্মসূচি পালন করবে। বিএনপির কর্মসূচির মূল স্লোগান হলো, ‘যেখানে হাসিনা সেখানেই প্রতিবাদ’।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, আবু সুফিয়ান, পারভেজ সাজ্জাদ, নিরু নিরা প্রমুখ জানিয়েছেন প্রধানমন্ত্রী ১৭ সেপ্টেম্বর আমেরিকায় আসবেন। ওইদিন বিকেল তিনটা থেকে নিউইয়র্কের জেএফকে বিমান বন্দরে বিক্ষোভ প্রদর্শিত হবে। ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা। বিএনপি ওই দিন দুপুর ১২ থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় শেখ হাসিনার হোটেলের সামনে বিক্ষোভ হবে। একই সময় এবং প্রায় একই জায়গায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ হওয়ার কথা। ২২ সেপ্টেম্বর ওয়াশিংটনে ও ২৮ সেপ্টেম্বর ভার্জিনিয়া গণসংবর্ধনাস্থলের পাশে এবং ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ত্যাগের সময় জেএফকে বিমানবন্দরে বিক্ষোভ প্রদর্শিত হবে বলেও নেতারা জানান।
এদিকে যুক্তরাষ্ট্রে জামায়াত ইসলামের কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড নেই। জামায়াত সমর্থকেরা ভিন্ন নামে তাঁদের দলীয় কর্মসূচি পালন করেন। শেখ হাসিনার আগমন উপলক্ষে কোনো কর্মসূচি আছে কিনা জানতে চাইলে জামায়াতের একজন নেতা বলেন, ‘আমরা এখনো কোনো কর্মসূচি গ্রহণ করিনি। তবে আমাদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’