যেন ফিরে এসেছিল ষাটের দশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ মাত্রই নস্টালজিক, স্মৃতিকাতর। সুযোগ পেলেই পেছনের দিনে ফিরে যেতে চায় সে।
প্রথম আলো উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন উত্তরের নকশার বর্ষ পূর্তি উপলক্ষে ৫ জানুয়ারি জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ষাটের দশকের সাজ ও পোশাকের আদলে সাজানো হয়েছিল অনুষ্ঠান। চলচ্চিত্রের সাজসজ্জা, পোশাক, মানুষের মনে গেঁথে যায়। ষাটের দশকের ছায়াছবি মানুষের জীবনে বিরাট ভূমিকা রাখত। মানুষ মনের মানসীর বা প্রিয়জনকে তখনকার ছায়াছবির নায়ক–নায়িকার সঙ্গে কল্পনা করতে ভালোবাসত। নায়ক-নায়িকার মতো পোশাক পরে সাজসজ্জা করতে ভালোবাসত। নায়িকারা যে শাড়ি বা ব্লাউজ পরত, সেটা বা যে ধরনের শাড়ি পরতো সেরকম শাড়ি পরতে পছন্দ করত। সেই সময় সুচিত্রা-উত্তম যেমন জনপ্রিয় ছিল, সে রকমই জনপ্রিয়তা পেয়েছিল রাজ্জাক-কবরী জুটি।

‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে’ বা ‘আমি সাত সাগরের ওপার হতে’ গানগুলো সবার জীবনেই পেছনের কোনো না কোনো দিন সামনে এনে দেয়। উপস্থিত দর্শক মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরীকে নস্টালজিক হয়ে গান গেয়ে উঠতে শুনলাম।
ষাটের দশক ছিল তৎকালীন পূর্ব ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের স্বর্ণযুগ। এ সময়ই বল প্রিন্টের শাড়ি, চেকের শাড়ি, জরি চুমকির কাজের শাড়ির প্রচলন শুরু হয়েছিল। নানা ডিজাইনের ব্লাউজ, যা ষাট ও সত্তরের দশকে বেশ জনপ্রিয় ছিল। পিঠে বোতাম, হাতা কাটা ব্লাউজ এ সময়ে এসব ফ্যাশানের চল ছিল। লম্বা চুল ছিল নায়িকাদের রূপের বৈশিষ্ট্য। লম্বা ঘন চুল পেছনে উঁচু করে ফুলিয়ে সুন্দর করে বাঁধার চল শুরু হয়েছিল। সেই চুলে রং বেরঙের কাপড়ের ব্যান্ডও পরতো। চোখে টানা টানা করে কাজল দিতে পছন্দ করত। টিপ পরতো কপালের মধ্যদেশে।
বর্তমান সময়ের মতো মেকআপ সামগ্রীর প্রচলন তেমন ছিল না। হালকা প্রসাধন, খোঁপা করা চুল, টানা ঝুমকা ও কাজলের সাজে সজ্জিত হতো সেকালের নারীরা। সিনেমায় নায়িকারা কানের পাশে বিভিন্ন রকম ফুল গুঁজে সাজতো। পোশাকের সঙ্গে মিলিয়ে উজ্জ্বল রঙের অলংকার পরতো। সে যুগের চলচ্চিত্র নায়িকাদের মধ্যে সুচিত্রা সেন, মালা সিনহা, শর্মিলা ঠাকুর, তনুজা, শবনম, সুজাতা, কবরী, সুচন্দা, রোজী, সুমিতা দেবী তারকাখ্যাতি পেয়েছিলেন।

পুরোনো সাজ–পোশাক নতুনত্ব নিয়ে বারবার ফিরে আসে। মায়ের আলমারিতে তুলে রাখা কাঞ্জিভরম, বেনারসি, মাইসর সিল্ক হাতে নিয়ে আমরা সাজগোজ শুরু করি। উত্তর আমেরিকার ইব্রাহীম চৌধুরী একটি অতি সত্য কথা বলেছেন। মা হলেন আমাদের চোখে দেখা সবচেয়ে সুন্দরী নারী। আমরা প্রিয় নায়িকাদের যা যা ভালো লাগে, তাই অনুকরণ করি। যেমন কারও চুলের ধরন, কারও শাড়ি, কারও ব্লাউজ, কারও গয়না, কারও সাজসজ্জা, কারও তিল। সব মিলিয়ে পরিপূর্ণ এক নতুন সত্তা।
আর তাই ৫ জানুয়ারি সবাই সেজে এসেছিল আপন মনের মাধুরী মিশিয়ে। কেউ চুলে খোঁপা করেছে, কেউ ছেড়ে দিয়েছে, কেউ লম্বা বেণী করেছে। ফুলের মালা জড়িয়েছে কেউ কেউ, চুলে গুঁজেছে ফুল। সবাই ফিরে গিয়েছিলাম ষাটের দশকে। ষাটের দশক দেখা মানুষেরা নস্টালজিক হয়েছিলেন। মোট ৪৩ জন প্রতিযোগী অংশ নেন সেরা সাজের প্রতিযোগিতায়। বিচারকদের রায়ে প্রতিযোগিতায় প্রথম হন কান্তা কবির। রানার্সআপ হন রুবিয়া খান।
তবে নতুন প্রজন্মের সবার উৎসাহ–উদ্দীপনা ছিল দেখার মতো। নতুন প্রজন্মের মেয়েরা রীতিমতো শ্রম দিয়ে গুরুত্ব সহকারে বিষয়টিকে নিয়েছে। চ্যাম্পিয়ন আর রানার আপের কথা শুনে দর্শকেরা অভিভূত। রানার্সআপ রুবিয়া খান বলল, তিনি শবনমের ওপর রীতিমতো জেনে নিয়েছেন। কত সাল থেকে কত সাল পর্যন্ত কতটি ছবি করেছেন, কী ধরনের সাজসজ্জা করতেন সব। তাই আজ এখানে তিনি মনে করেন, তিনি না, শবনমই রানারআপ হয়েছেন। বল প্রিন্টের শাড়িতে ছোট আঁচলে তাকে শবনমের মতোই লাগছিল।
আর যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, তিনিও এই প্রজন্মের। তাঁর নাম কান্তা কবীর। ষাটের দশকে ফিরে যেতে তিন মাস ধরে হোমওয়ার্ক করেছেন। ঐতিহ্য ও সংস্কৃতির যে বহমান ধারা, তা এক জায়গায় স্থির থাকে না। প্রবাসের কঠিন ব্যস্ততার ভেতর এই দিনটা ছিল এক নিরবিচ্ছিন্ন আনন্দের দিন। প্রথম আলোর এই অনুষ্ঠানে সব অতিথিই ছিলেন প্রাণবন্ত। কোন একঘেয়ে বক্তৃতা বা বাণী ছিল না। এই অনুষ্ঠানে ষাটের দশকের জনপ্রিয় ছায়াছবির গান গেয়েছেন শিল্পীরা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, তানভির শাহীন ও তাহমিনা শহীদ। প্রতিযোগীরা হেঁটে আসার সময় ষাটের দশকের জনপ্রিয় গানগুলো বাজছিল।
এক শাশুড়ি তার বউকে ষাটের দশকের সাজে সাজিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে এসেছেন। এক ননদ তার ভাবিকে সাজিয়ে নিয়ে এসেছেন।
বিচারক মণ্ডলীতে ছিলেন অভিনেত্রী কুমকুম হাসান, উপস্থাপক খাইরুল ইসলাম, মডেল ও অভিনেত্রী মিলা হোসেন, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস, সংগীত শিল্পী কাবেরী দাস, সংগীত শিল্পী রুকসান আরা ও অলিম্পিয়ান সালমা ফেরদৌস।
সাজে ও সংগীতে ষাটের দশক অনুষ্ঠানের আয়োজন করায় দর্শকেরা ধন্যবাদ জানালেন প্রথম আলোকে। অনুষ্টান সফল করে তুলতে সহায়তা করায় প্রথম আলোর পক্ষ থেকেও উপস্থিত অতিথি ও দর্শকদের ধন্যবাদ জানানো হয়। ধন্যবাদ জানানো হয় অনুষ্ঠানের প্রধান অতিথি শায়লা আজিমকেও।
পঁয়ষট্টি–ঊর্ধ্ব পুরুষ ও নারীরা ফেসবুক ব্যবহার করে ইমোজির ব্যবহারে কতটুকু পারদর্শী, তারও প্রতিযোগিতা ছিল। বিজয়ী হন ফরিদা তালুকদার, ফেরদৌসী বেগম, সুব্রত বিশ্বাস, মুকিত চৌধুরী ও আজহারুল হক।
চুপি চুপি বলি অংশগ্রহণ করে আনন্দ করতে চেয়েছি। আনন্দ করেছি, পুরস্কারও পেয়েছি। পুরস্কার পেলে সবাই খুশি হয়। আর পুরস্কার যদি হয় শাড়ি, তাহলে তো
আনন্দই আনন্দ।