যেন বিলের হারানো দিন...
সকাল থেকে বৃষ্টি। জানি সারাটা দিন এমনটাই চলবে। মুষলধারে বৃষ্টি নয় মোটেই। কেমন অবিরাম টিপ টিপ বৃষ্টি। যেন অনন্তকাল ধরে চলবে এমন বর্ষণ। এসব দিনের একটা আজব শক্তি আছে। টেনে নিয়ে যায় অতীতের চৌকাঠে। এমন নয় যে জোর করে, টেনেহিঁচড়ে নিয়ে যায়। বরং কেমন কোমল স্পর্শে ধীরে ধীরে তলিয়ে নেয় আমাকে। যেন এ আমার ইচ্ছে-মরণ। বড় মোহময় এই স্খলন, এই পতন। ডুবে থাকতে মন চায়, চায় ভেসে থাকতে। আজন্ম এই ডুবসাঁতারের খেলা খেলতে খেলতেই কখন গোধূলি এসে কড়া নাড়ে আমাদের দরজায়। কখন যেন বুকের গভীরে শুনি, ‘আমার বেলা যে যায়, সাঁঝ বেলাতে’। তবু, ভালো লাগে হারিয়ে যাওয়া সেসব দিন।
মনে পড়ে, সেই কবে, নানুবাড়িতে এমনই বৃষ্টির দিনে আমি নৌকা চালিয়ে চলে গেছি বিলের ঠিক মাঝখানে। কদিন আগেও এখানে কোনো বিলের অস্তিত্ব ছিল না, পানির বালাই ছিল না। বন্ধুদের সঙ্গে দৌড়ে গেছি অনায়াসেই, কোনো ঝামেলা হয়নি। বিলের ঠিক এই জায়গাটিতেই, ঠিক এই জলের নিচেই, রয়েছে খেলার ময়দান। বন্ধুরা মিলে দৌড়ঝাঁপ করেছি খুব। এই তো কদিন আগেই খেলেছি গোল্লাছুট। উত্তেজনায় খেয়ালও করতাম না, কখন সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি ফেরার সময় প্রতিবারই ভাবতাম, ইশ্, দিনটা আরেকটু বড় হলে কী ক্ষতি হতো? খেলা শেষের ঠিক আগেই জুমা ঘর থেকে মুয়াজ্জিনের আজান ভেসে আসত। আমার মন আফসোসে ডুবে যেত। অথচ সেই মাঠের বুকেই আজ কেমন বিশাল জলরাশি! বিশ্বাস হতে চায় না। আমি খুশি মনে অনড় বসে থাকি নৌকার গলুইয়ে। হাতের লগি উঠিয়ে বসে আছি। পানির ওপর নৌকা দোল খায়। এখানে বইঠা চালানো কঠিন। পানির নিচের ঘাস, গুল্ম, লতানো গাছ বাধা হয়ে দাঁড়ায়। তাকিয়ে থাকলে দেখা যায় জলের নিচের ওই নাজুক বীথিকুল। কেমন রহস্য ছিটিয়ে দেয় ওরা। আমি তাকিয়ে থাকি অপলক। দেখি, জল স্বচ্ছ হয়ে এলে আরেকটি স্রোত যেন স্পষ্ট হয়ে ওঠে। দেখি, ছোট ছোট মাছের পাল কেমন ভীতিহীন সাঁতরে বেড়াচ্ছে। আজ তাদের অনেক আনন্দ, সীমাহীন তাদের স্বাধীনতা। জলের তো কোনো দেয়াল নেই। আমি চুপচাপ সে মীন রাশির নিঃশব্দ সন্তরণ দেখি আর ভাবি, কোথা থেকে আসে এই মাছের মিছিল। কিছুদিন আগে এখানে সবকিছুই কেমন শুকনো খটখটে ছিল। প্রকৃতির কী বদল!
আমার স্পষ্ট মনে আছে প্রথম বৃষ্টির দিনের কথা। সেদিনও তো আমরা ওই মাঠেই খেলছিলাম। সারা আকাশ কখন যে কালো হয়ে এসেছে খেয়ালই করিনি। বৃষ্টির প্রথম ভারী ফোঁটা যখন আমার পিঠে এসে পড়ে, চমকে উঠেছি। মনটাই খারাপ হয়ে যায়। এত তাড়াতাড়ি ঘরে ফিরতে কে চায়? বন্ধুরা মিলে তাই জুমা ঘরের বারান্দায় বসে চুপচাপ বৃষ্টি দেখি আর রাজ্যের গল্প করি। তখনো আমাদের মন বৃষ্টি-উত্তর পল্লবিত নতুন পাতার মতোই। সবুজ, পরিষ্কার, দাগহীন। আমাদের অপেক্ষা আসলে বৃষ্টি ধরে আসার জন্যই। যেন বৃষ্টি থেমে গেলে আমরা আবারও নেমে পড়ব মাঠে। খেলাটা এখনো যে বাকি রয়ে গেছে। অথচ সে বর্ষণের বুঝি থামার নাম নেই। চলছে তো চলছেই। আমাদের গল্পও ক্রমেই বিকেলের প্রলম্বিত ছায়ার মতো বেড়েই চলছে। গল্পের পরাবাস্তব হাতছানিতে ডুবে থেকে খেয়াল করিনি কখন বৃষ্টি থেমে গেছে।
আমাদের মাঝেই একজন হঠাৎ বলে ওঠে, ‘এইডা তো এই বছরের পয়লা ম্যাঘ। আইজ উইজ্জা লাগব মনে অয়। ল’ উইজ্জা মারি গিয়া।’ বলেই ফুস করে সবাই হাওয়া। আমি কিছুই বুঝিনি, কী হলো ব্যাপারটা। বেকুবের মতো একা দাঁড়িয়ে আছি। খানিক পরই দেখি, আমার সেই খেলার সঙ্গীরাই হাতে একেকজন নানা ধরনের অস্ত্র নিয়ে হাজির। সেসব সরঞ্জামের নামও আমি জানি না। আমি অবাক হয়ে দেখি, ওরা সারে সারে দাঁড়িয়ে গেছে মাঠের পাশেই। দেখি, একটু আগের বৃষ্টিরধারা মাঠের কিনারা বেয়ে নিজের পথ তৈরি করেছে। দ্রুতগতিতে পানি নিচের দিকে বয়ে চলেছে। তারই পাশে দাঁড়িয়ে থেকে বিস্ময়ে দেখি মাছের মিছিল। জলের স্রোতের উল্টো দিকে প্রবল উল্লাসে বয়ে চলছে। তাদের গায়ে নব্য জলের স্রোত বাড়ি খাচ্ছে। তাদের গায়ের আবর্জনা, মাটি, কাদা ধুয়েমুছে সাফ হয়ে যাচ্ছে। নবধারা জলের অবগাহনের সে আনন্দের প্রকাশে কোনো ভয় নেই। ভেবে অবাক হই, এই অজস্র মাছের আবাস কই? কোথায় থাকে ওরা শুষ্ক দিনে? আমি দেখি, আমার বন্ধুরা ওদের ধারালো অগ্রের অস্ত্র দিয়ে ক্যাঁচক্যাঁচ করে মেরে চলছে সেসব মীন। তারপর সেটা ওপরের দিকে উঁচিয়ে ধরে উল্লাস করতে থাকে। চোখা অস্ত্রে বিঁধে থাকা মাছ পাখনা ঝাপটায়। ওদের গায়ে সূর্যালোক ঠিকরে পড়ে চকচক করে ওঠে। ততক্ষণে পশ্চিম আকাশে সূর্যের দেখা মিলেছে।
প্রকাণ্ড বিলের নিস্তরঙ্গ জলের ওপর ছোট্ট ডিঙিতে অনড় বসে আমি কোনো কূলকিনারা পাই না। যেন আমার ভাবনাও এই বিলের পরিধির মতোই। কূল নাই, কিনার নাই।
আজ সারা দিন অরেঞ্জবার্গে বৃষ্টি হবে। সে বৃষ্টি আমাকে ভাবনায় ভেজাবে। শান্ত রাস্তায় গাড়ি চালাতে চালাতে আমি পথে বৃষ্টির ফোঁটা পড়তে দেখি। কংক্রিটে বৃষ্টির ফোঁটা পড়ে কেমন ভেঙে ভেঙে যায়। ভেঙে পড়া জলের কণা বিশ্লিষ্ট হয়ে গেলে পথের রং বদলে যায়। কেমন সাদা, ‘ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা’ হয়ে যায় রাস্তা। সে পথে গাড়ি চালাতে চালাতে মনে হয় আমি যেন সরু ধারার নদীতে নৌকা বাইছি। জুমা ঘরের সামনে অকস্মাৎ একা হয়ে যাওয়ার মতোই এই চরাচরেও আমি নিঃসঙ্গ হয়ে যাই। যেন এই সন্তরণ আমাকে নৈঃশব্দ্যের এক ঐন্দ্রজালিক ভুবনে ডুবিয়ে-ভাসিয়ে নিয়ে যায়।
আজ সারা দিন বুঝি এমনই যাবে। আজ সারা বেলা কেবল ভাবনায় ডুবে যাওয়ার দিন, ভিজে যাওয়ার দিন।