যেন ভুতুড়ে এক নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উডবার্ন আমেরিকার অরিগন রাজ্যের একটি শহর। শহরটি যেন এখন এক জনমানবশূন্য ভুতুড়ে নগর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসী বিতাড়নের যজ্ঞ চলছে। ঘরে ঘরে তল্লাশি অভিযানের পরিপ্রেক্ষিতে উডবার্নের বাসিন্দারা উধাও হয়ে গেছেন। 

হঠাৎই এ অভিযান উডবার্নকে ভুতুড়ে নগরে পরিণত করেছে। বৈধ বাসিন্দারাও পড়েছেন বিপাকে। ব্যবসা-বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের আয়-রোজগার লাটে উঠেছে।
কাপড়ের দোকানি সিজার মোরা’র গ্রাহকেরা দলে দলে পালিয়ে গেছেন। তার দোকান এখন আর খোলাই হয় না। উডবার্নের পুরোনো অংশে তাঁর দোকান। প্রতি শনিবার তাঁর দোকানে গ্রাহকেরা চামড়ার বুটজুতা ও কাউবয় হ্যাট কিনতে আসতেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিতাড়নের উদ্যোগ নেওয়ার পর পরিস্থিতি পালটে গেছে। নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর ফেডারেল অভিবাসন এজেন্টরা এ শহরের গ্যাস স্টেশন থেকে এগারো জনকে গ্রেপ্তার করে। আটক হওয়ার ভয়ে অন্যান্য শ্রমজীবীরা তাদের চাকরি ছেড়ে দেয় এবং ছেলেমেয়েরা ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
উটপাখি, কুমির এবং মাছের চামড়া দিয়ে তৈরি বুটজুতা সপ্তাহের পর সপ্তাহ ধরে কেউ স্পর্শ করেনি। মোরা’র ব্যবসা এ বছরের প্রথম ক’ মাসের মধ্যে ৮০% নেমে গেছে। ‘আমি জনগণের ওপর নির্ভরশীল, তারা বৈধ হোক কিংবা অবৈধই হোক’—মোরা বলেন।
সারা আমেরিকা জুড়ে কাগজপত্র বিহীনদের মতে, তারা এখন বিতাড়নের ভীতির মুখে বসবাস করছেন।
অভিবাসীদের উদ্বিগ্নতার কারণে অধিকাংশ অনেক প্রান্তিক আমেরিকান শহরেই এমন পরিবর্তন ঘটেছে। উডবার্নের চিত্র ভিন্ন। উডবার্নের ২৫ হাজার বাসিন্দার মধ্যে এক-তৃতীয়াংশই কাগজপত্রবিহীন। এদের অর্ধেক লোককেই ইংরেজি ভাষায় কথা বলার জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়। যদিও আমেরিকার স্বপ্ন ধরার জন্য এ শহরের অভিবাসীদের প্রতিশ্রুতি ছিল লক্ষণীয়।
এক প্রজন্মের মধ্যেই উডবার্নের বাসিন্দারা অরিগনের সবচেয়ে বাজে শহরকে, হাইস্কুল গ্র্যাজুয়েশনের পাশের হারের দৃষ্টিকোণ থেকে রাজ্যের সর্বোচ্চ স্থানে উন্নীত করতে সক্ষম হয়েছিল।
মেক্সিকান পিতামাতা তাদের আমেরিকায় জন্ম নেওয়া ছেলেমেয়েদের আমেরিকান স্বপ্ন নিয়ে কলেজ ডিগ্রি এবং অফিসে চাকরি পাওয়ার মতো যোগ্যতাসম্পন্ন হিসেবে গড়ে তোলেন। একজন লাতিনো এর মধ্যেই অরিগন স্টেট আইনসভায় একটি আসন থেকে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে দুজন স্কুল বোর্ডে এবং আরেকজন সিটি কাউন্সিলে নির্বাচিত হন। লাতিনরা পুলিশ অফিসার থেকে স্কুলের অধ্যক্ষ হয়েছেন।
জানুয়ারির পর বাসিন্দারা ভীতির মুখে উডবার্ন ছেড়েছেন। ফলে উডবার্ন ভুতুড়ে শহরে পরিণত হয়। যুগ যুগ ধরে যারা শ্রম দিয়েছিলেন আমেরিকায় বসবাসের উদ্দেশ্যে। অনেকের সে স্বপ্ন চুরমার হয়ে গেছে।
যেসব বাবা তিন থেকে চার দশক আগে এখানে এসেছিলেন তারা কর্মস্থল থেকে পালিয়ে গেছেন অভিবাসন এজেন্টদের তল্লাশির ভয়ে। মায়েরা তাদের অ্যাপার্টমেন্ট ত্যাগ করতে অস্বীকার করেন। তাদের ভয় ফেডারেল এজেন্টরা তাদের ‘ল্যা মিগরা’ বলে ডাক দেবে। এরা চুপিসারে মুদি দোকানে যাওয়া-আসা করেন। টিনএজারা উদ্বিগ্ন থাকে। ফলে পরিবারগুলোতে বিরাজ করছে চাঞ্চল্যহীন এক জীবন বাস্তবতা।
গ্রেপ্তারের হিড়িক শুরু হওয়ার পর রেস্টুরেন্ট ব্যবসায়ও ধস নেমেছে। খাবার সরবরাহ করার অগ্রিম কার্যাদেশ বন্ধ হয়ে গেছে।