যেভাবে খবরে ট্রাম্পের 'কেলেঙ্কারি'

যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল রাশিয়ার সঙ্গে ‘আঁতাত করেছিল’ আর ট্রাম্পের ব্যক্তিগত জীবনের কিছু অতি স্পর্শকাতর তথ্য রুশ গোয়েন্দাদের কাছে রয়েছে বলে যে খবর রটেছে, তা বিশ্ব মিডিয়ায় এ মুহূর্তের আলোচিত বিষয়গুলোর একটি। এর সবই নির্বাচনের আগের ঘটনা। তবে তা আলোতে এসেছে অতি সম্প্রতি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হ্যাকারদের কথিত হস্তক্ষেপ নিয়ে প্রস্তুত গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে গত শুক্রবার ট্রাম্পকে ব্রিফ করেন তাঁর দেশের গোয়েন্দাপ্রধানেরা। তখন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্টকে আরও একটি বিষয়ে জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গোয়েন্দারা ভিন্ন একটি গোয়েন্দা প্রতিবেদনের দুই পৃষ্ঠার সারসংক্ষেপ ট্রাম্পের হাতে তুলে দেন। এতে বলা হয়েছে, মস্কোয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে হোটেলে উঠতেন, সেই হোটেলে ট্রাম্প নারী নিয়ে ফুর্তি করতেন—এমন একটি ভিডিও চিত্র রাশিয়ার হাতে আছে। সিএনএনের এই খবরের পরই মার্কিন সংবাদমাধ্যম বাজফিড গোয়েন্দা প্রতিবেদনের পুরোটাই প্রকাশ করে।
ট্রাম্প অবশ্য এসব খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে এই নতুন ‘কেলেঙ্কারির’ খবর কীভাবে আলোয় এল, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে কৌতূহল।
বিবিসির সাংবাদিক পল উড লিখেছেন, ট্রাম্পের বিরুদ্ধে ওঠা নতুন অভিযোগগুলোর পক্ষের বিভিন্ন তথ্য তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই দেখেছেন। তবে রুশ গোয়েন্দাদের হাতে থাকা কথিত অডিও-ভিডিও নিজেরা পরীক্ষা না করে প্রকাশের পক্ষে ছিল না বিবিসি।
পল উডের ধারণা, মস্কোর হাতে এসব তথ্য থাকার বিষয়টি সিআইএ–ও বিশ্বাস করে। একই সময়ে সিআইএ এবং এফবিআই যৌথ তদন্তে বেরিয়ে এসেছে, নির্বাচনে প্রচারণার কাজে ব্যয়ের জন্য রাশিয়া থেকে ট্রাম্পের প্রতিষ্ঠান বা প্রচারণা কমিটির কাছে অর্থ এসেছে।
বিবিসির ওই সাংবাদিক আরও লিখেছেন, রাশিয়ার কাছে অডিও ও ভিডিও চিত্র থাকার ব্যাপারে গোয়েন্দা প্রতিবেদনটি তৈরি করেছেন যুক্তরাজ্যেরই একজন সাবেক গোয়েন্দা। ক্রিস্টোফার স্টিল নামে ওই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের সদস্য হিসেবে একসময় মস্কোয় ব্রিটিশ দূতাবাসে কাজ করেছেন।
পল উড তাঁর নিবন্ধে জানান, রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবিতে কর্মরত বেশ কয়েকজন গোয়েন্দার সঙ্গে অতীতে কাজের সুবাদে যোগাযোগ ছিল ক্রিস্টোফার স্টিলের। তাঁদেরই কয়েকজনের কাছ থেকে অর্থের বিনিময়ে তিনি তথ্য কিনে নেন। ওই গোয়েন্দারা স্টিলকে জানিয়েছেন, মস্কোর রিজ-কার্লটন হোটেলের প্রেসিডেনশিয়াল স্যুটে ট্রাম্পের কয়েকজন ‘যৌন কর্মীর’ সঙ্গে ফুর্তি করার ভিডিও রুশ কর্তৃপক্ষের কাছে রয়েছে।
পল উড জানান, ওয়াশিংটনের ট্রাম্পবিরোধী একটি রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্রিস্টোফার স্টিলকে দিয়ে প্রতিবেদনটি তৈরি করেছিল। কিন্তু স্টিল তাঁর ৩০ পৃষ্ঠার প্রতিবেদন এফবিআইকে দিয়ে দেন।