ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান লড়াইকে নিজের হাতে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর বক্তব্য অনুযায়ী, এর অর্থ, সেখানে চলমান মার্কিন বিমান হামলা আরও সম্প্রসারিত হবে; এতে যোগ দিতে পারে মিত্রদেশগুলোও। যুদ্ধ সম্প্রসারণ করতে বাড়তি বিশেষ বাহিনী মোতায়েনের দরকার পড়বে।
হামলা সিরিয়া পর্যন্ত সম্প্রসারণ: ওবামার যুদ্ধপরিকল্পনার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হচ্ছে সিরিয়ায় জিহাদিদের বিরুদ্ধে সম্ভাব্য বিমান হামলা। মার্কিন নেতৃত্বাধীন হামলার সুযোগ নিয়ে পূর্ব সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অগ্রসর হবে, এমন কোনো মধ্যপন্থী বিদ্রোহী গ্রুপ সেখানে নেই; যেমনটি ঘটেছে প্রতিবেশী ইরাকের ক্ষেত্রে। তাই ইরাকের চেয়ে সিরিয়ায় হামলার পরিসর হতে পারে সংক্ষিপ্ত। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার বিষয়টিও ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ।
বাড়তি বিমানশক্তি: ইরাকে গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া মার্কিন বিমান হামলা এখন পর্যন্ত সীমিত পর্যায়ে রয়েছে। গড়ে প্রতিদিন ১২টিরও কম হামলা চালানো হয়েছে। কিন্তু জাতির উদ্দেশে ওবামার ভাষণের পর হামলার গতি উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপীয় মিত্রদেশগুলো। এর অর্থ, যুদ্ধবিমান ও হামলার লক্ষ্যবস্তুর সংখ্যা সম্প্রসারিত হবে। এ জন্য ওয়াশিংটনকে ওই অঞ্চলে বাড়তি রানওয়েতে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু এ ধরনের অনুমতি দেওয়া মধ্যপ্রাচ্যের সরকারগুলোর জন্য সহজ হবে না।
স্থানীয়দের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়া: বিমানশক্তি বৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাহিনীগুলোকে প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র দিয়ে শক্তিশালী করার মাধ্যমে জিহাদিদের মোকাবিলা করার দিকেই বেশি মনোযোগ দেবে ওবামা প্রশাসন। এসব বাহিনী মার্কিন বিমান হামলার সুযোগ নিয়ে আইএসের বিরুদ্ধে অগ্রসর হবে। যুক্তরাষ্ট্রের প্রায় ৩০০ সামরিক ‘উপদেষ্টা’ এরই মধ্যে ইরাকে রয়েছেন।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কাছ থেকে শিগগিরই ইরাকি বাহিনী ও স্বায়ত্তশাসিত কুর্দি এলাকার পেশমেরগা বাহিনীর জন্য বাড়তি প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার ঘোষণা আসতে পারে। সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহী গ্রুপগুলোকে প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে কর্মকর্তারা স্বীকার করছেন, বহুমুখী গৃহযুদ্ধের ময়দান সিরিয়ায় এমন উদ্যোগ ফলপ্রসূ করে তুলতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। কারণ, সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহী গ্রুপগুলোকে একদিকে দেশটির সরকারি বাহিনী, অন্যদিকে আইএসের হাতে নাজেহাল হতে হচ্ছে।
বাড়তি বিশেষ বাহিনী ও সহায়ক সেনা: বিমান হামলা সম্প্রসারণের অর্থ হচ্ছে, প্রেসিডেন্ট ওবামা বাড়তি ক্ষুদ্র ক্ষুদ্র বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনী পাঠাবেন। গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তাদের পাঠানোর সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ, ইরাকি, কুর্দি বাহিনীসহ সমভাবাপন্ন বাহিনীগুলোকে নির্দেশনা দিতে এসব বাহিনী পাঠাতে হবে। এর বাইরে প্রথাগত অন্যান্য বাহিনীরও দরকার হতে পারে। তারা ইরাক বা ওই এলাকার অন্য ঘাঁটিগুলোতে অবস্থান নিয়ে যুক্তি-পরামর্শ বা অন্যান্য সহায়তা দেবে। বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে প্রায় ৩৫ হাজার মার্কিন সেনা রয়েছে।