যৌন নির্যাতনের অভিযোগে ড্যানি মাস্টারসনের বিরুদ্ধে তদন্ত শুরু

জনপ্রিয় মার্কিন অভিনেতা ড্যানি মাস্টারসনের বিরুদ্ধে তিন নারীকে যৌন নির্যাতন করার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলস পুলিশ গতকাল শুক্রবার তাঁর এই তদন্ত শুরু হওয়ার বিষয়টি জানিয়েছে।
আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্যাট সেভেন্টিস শো’-এর অভিনেতা ড্যানি মাস্টারসন দাবি করেছেন, ১০ বছরেরও আগের ঘটনায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, হত্যা ও তিন নারীকে যৌন নির্যাতনে জড়িত থাকার অভিযোগে অভিনেতা ড্যানি মাস্টারসনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি ওই তিন নারী তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, ২০০০ সালের শুরুর দিকে মাস্টারসন তাঁদের যৌন নির্যাতন করেছেন। বিবৃতিতে আর বিস্তারিত কিছু বলা হয়নি।
ড্যানি মাস্টারসনের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, এই অভিযোগের বিষয়টি তাঁরা জানেন। অভিযোগে প্রায় ১৪ থেকে ১৬ বছর আগে এই ঘটনার কথা বলা হয়েছে। ওই তিন নারীর একজন মাস্টারসনের সাবেক প্রেমিকা। ঘটনার কথা যখন বলা হচ্ছে, তখন ওই প্রেমিকার সঙ্গে মাস্টারসনের ছয় বছরের প্রেমের সম্পর্ক চলে। এ ঘটনার পরেও ওই প্রেমিকা কী করে সম্পর্ক এগিয়ে নিলেন! আরেক নারীর অভিযোগ ১৪ বছর আগের। পুলিশ প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের জবানবন্দি নিয়েছে। সেখানে অভিযোগের যথার্থ সত্যতা মেলেনি। তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগ সত্য নয়।
ড্যানি মাস্টারসন বর্তমানে নেটফ্লিক্স কমেডি ‘দ্য রাঞ্চ’-এ অভিনয় করছেন। ২০১১ সালে তিনি অভিনেত্রী বিজো ফিলিপসকে বিয়ে করেন।