যৌন হয়রানি সহ্য করা হবে না: ইভানকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ইভানকা ট্রাম্প। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: এএফপি
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ইভানকা ট্রাম্প। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: এএফপি

কর্মক্ষেত্রে নারীদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন ইভানকা ট্রাম্প। তিনি বলেছেন, নারীদের ওপর যৌন হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। জাপানের রাজধানী টোকিওতে এক অনুষ্ঠানে আজ শুক্রবার তিনি এ কথা বলেন।

এএফপির খবরে বলা হয়েছে, টোকিওতে আয়োজিত নারীবিষয়ক বিশ্ব সম্মেলনে বক্তৃতা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা। তিনি বলেন, ‘আমাদের সমাজের প্রায় সব জায়গায় নারীদের যথাযথ সম্মান দিতে ব্যর্থ হচ্ছে। শুধু যৌন হয়রানি নয়, আরও অনেকভাবেই নারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এটা আর সহ্য করা হবে না।’

সম্প্রতি হলিউড ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর অনেক বিখ্যাত ব্যক্তিত্বই যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলেছেন। ঠিক এমনই সময় যৌন হয়রানির বিরুদ্ধে বক্তব্য দিলেন ট্রাম্পকন্যাও।

অবশ্য ইভানকার বাবার বিরুদ্ধেও অসংগত আচরণের অভিযোগ আছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও চিত্রে দেখা গেছে, তাতে ডোনাল্ড ট্রাম্প অসংগত আচরণ নিয়ে গর্ব করছেন। ওই ভিডিও চিত্রে ট্রাম্প বলেন, ‘তারকারা এমনটি করতেই পারে।’ এ নিয়েও সমালোচনা হয়েছে।

তবে নারীদের যৌন হয়রানির বিষয়টি নতুন করে সামনে আসে হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর। এ নিয়ে প্রতিবাদে মুখর হন অনেক নামীদামি হলিউড অভিনেত্রীরা। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী যৌন কেলেঙ্কারির ঘটনায় সম্প্রতি পদত্যাগও করেছেন।