যৌন অপরাধ তদন্তে পর্যাপ্ত লোকবল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সংঘটিত যৌন অপরাধ তদন্তে নিউইয়র্ক নগর পুলিশের স্পেশাল ভিকটিম ডিভিশনে পর্যাপ্ত জনবল নেই। ফলে অনেক ক্ষেত্রে যৌন-হামলার শিকার নারীদের অভিযোগ তদন্তের বাইরে থেকে যায়। ২৭ মার্চ নিউইয়র্ক পুলিশের তদন্ত শাখার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, আট বছর ধরে নিউইয়র্ক নগরীর পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) যৌন অপরাধ তদন্ত শাখা মারাত্মক জনবল সংকটে ভুগছে। ফলে প্রতিনিয়ত যৌন নিপীড়নের বহু অভিযোগ পেলেও অনেক সময়ই যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
পুলিশের যৌন অপরাধ তদন্ত শাখা চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ৩৩৫টি ধর্ষণের তথ্য পেয়েছে। 
২০১৭ সালের একই সময়ে এই ধরনের তথ্যের সংখ্যা ছিল ২৫৩। চলতি বছরে এই অপরাধ বেড়েছে ৩২ দশমিক ৪ শতাংশ।
এনওয়াইপিডির তদন্ত বিভাগের কমিশনার মার্ক পিটার্স বলেন, যৌন নিপীড়নের শিকার ব্যক্তিরা সুবিচারের দাবিদার। এটি তাদের পাওয়া উচিত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এ জন্যই কাজ করছেন। কিন্তু উপেক্ষা-উদাসীনতার কারণে সৃষ্ট জনবলহীনতা এ বিভাগে চরম। ফলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অনেক সময়ই সম্ভব হয় না। এটা বিব্রতকর ও উদ্বেগজনক এবং একই সঙ্গে অগ্রহণযোগ্য।
পুলিশের এ গোয়েন্দা শাখার তথ্যমতে, বিশেষ এই শাখার ‘অ্যাডাল্ট সেক্স ইউনিটে’ মাত্র ৬৭ জন গোয়েন্দা রয়েছেন। ২০০৯ সালের তুলনায় নিউইয়র্ক নগরে যৌন অপরাধের হার ৬৫ দশমিক ৩ শতাংশ বাড়লেও বাড়েনি তা মোকাবিলায় প্রয়োজনীয় জনবল। ২০১৭ সালে ধর্ষণ, যৌন হামলাসহ নিউইয়র্কে ৫ হাজার ৬০০-এর বেশি যৌন অপরাধ হয়েছে। আর এই বিপুলসংখ্যক অপরাধের তদন্ত সামাল দিতে হয়েছে মাত্র ৬৭ জন কর্মকর্তার। পরিস্থিতি সামাল দিতে ‘স্পেশাল ভিকটিম ডিভিশন’ আরও অন্তত ৭৩ জন গোয়েন্দা নিয়োগ দেওয়া জরুরি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এনওয়াইপিডির মুখপাত্র জে পিটার ডোনাল্ড অবশ্য এক ই-মেইল বার্তায় এই তথ্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘অ্যাডাল্ট সেক্স ইউনিটে’ ৮৭ জন গোয়েন্দা কাজ করছেন। তবে ‘স্পেশাল ভিকটিম ডিভিশনে’ ২০১০ ও ১১ সাল থেকে কাজের চাপ বাড়ছে। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষ প্রয়োজনীয় যোগ্য তদন্তকারীর সংখ্যা বাড়াননি।
তদন্ত বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেশাল ভিকটিম ডিভিশনে অতিমাত্রায় কাজের বিপরীতে রয়েছে দুর্বল কর্মীবাহিনী। এ ছাড়া পুরোনো যুগের প্রযুক্তি ও সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবও একটি বড় সংকট। এ শাখায় নতুন নিয়োগপ্রাপ্তদের পাঁচ দিনে মাত্র ৪০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হয়।
তবে ডোনাল্ড এ প্রতিবেদনকে নামমাত্র হিসেবে অভিহিত করে বলেন, “এটা যথার্থ নয়। বিভ্রান্তিকর। তদন্ত শাখা এই প্রতিবেদন তৈরির সময় সংশ্লিষ্ট অনেক বিভাগের প্রধানদের সাক্ষাৎকার নেয়নি। সাক্ষাৎকার নেওয়া হয়নি গোয়েন্দা প্রধান, ব্যবস্থাপনা ও বাজেটের সহকারী কমিশনারের। এই প্রতিবেদন এনওয়াইপিডি ও ‘স্পেশাল ভিকটিম ডিভিশন’র মধ্যে বিদ্যমান আস্থার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।”