যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সুপ্রিম কোর্টে মনোনয়নপ্রাপ্ত ব্রেট কাভানার বিরুদ্ধে অভিযোগ তোলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে নিয়ে প্রকাশ্যে ব্যঙ্গ করেছেন ট্রাম্প নিজেই। গতকাল মঙ্গলবার কাভানার বিরুদ্ধে অধ্যাপক ক্রিস্টিন ব্লাসি ফোর্ডের যৌন হয়রানির অভিযোগ ঘিরে অনেক বিষয় মনে করতে না পারার বিষয় নিয়ে ব্যঙ্গ করেন।
ট্রাম্প বলেন, ওই রাতে কী ঘটেছিল, তা নিজেই মনে রাখতে পারেননি ওই অধ্যাপক।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই ব্যঙ্গ করার বিষয়কে পরিকল্পনা বদল করে আক্রমণাত্মক হয়ে ওঠার বিষয় হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি ক্রিস্টিন ব্লাসি ফোর্ডের অভিযোগ বিষয়ে তেমন কিছু বলেননি। বরং সিনেটে তাঁর সাক্ষ্য দেওয়াকে ‘খুব বিশ্বাসযোগ্য সাক্ষী’ বলে মন্তব্য করেছিলেন।
তবে গতকাল মিসিসিপির সাউথহ্যাভেনে এক কর্মসূচিতে দেওয়া বক্তব্যের সময় ক্রিস্টিন ব্লাসি ফোর্ডের সিনেটে সাক্ষী দেওয়ার বিষয়গুলো নিয়ে ব্যঙ্গ করেন ট্রাম্প।
ট্রাম্পের এ ব্যঙ্গ করার বিষয়টি সমালোচকেরা খুব ভালোভাবে নেননি। অনেকেই বলছেন, এ ধরনের ব্যঙ্গ–বিদ্রূপের ভয়ে যৌন হেনস্তার শিকার অনেকেই জনসমক্ষে তা প্রকাশ করতে ভয় পান।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা মাইকেল ব্রোমিচ এক টুইটে বলেছেন, ক্রিস্টিন ব্লাসি ফোর্ডের প্রতি বিদ্বেষপূর্ণ নীচ এবং আত্মাহীন হামলা এটি। তবে তাঁর দারুণ সাহস আছে। আর ট্রাম্পের প্রোফাইলকে কাপুরুষোচিত বলা যায়।
গত বৃহস্পতিবার সিনেটের জুডিশিয়ারি কমিটির সামনে সাক্ষ্য দেন ক্রিস্টিন ব্লাসি ফোর্ড, যা দুই কোটি মার্কিন দেখেছে। ব্লাসি ফোর্ড বলেছেন, তিনি শতভাগ নিশ্চিত যে ১৯৮২ সালে কাভানা তাঁকে আক্রমণ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন।
ক্রিস্টিন ব্লাসি ফোর্ড অভিযোগ করেছেন, ১৯৮২ সালে হাইস্কুলে পড়ার সময় এক পার্টিতে কাভানা মাতাল অবস্থায় তাঁকে যৌন হয়রানি করেন। তাঁর এই অভিযোগের কারণে সুপ্রিম কোর্টে কাভানার নিয়োগ প্রশ্নের মুখে পড়েছে।
সুপ্রিম কোর্টে মনোনয়নপ্রাপ্ত ব্রেট কাভানার অতীত নিয়ে ‘অতিরিক্ত তদন্ত’ করছে এফবিআই। সাত দিনের মধ্যে এই তদন্ত শেষে হোয়াইট হাউসে প্রতিবেদন দিতে হবে। হোয়াইট হাউস এই প্রতিবেদন বা প্রতিবেদনের অংশ সিনেটের বিচার বিভাগের কাছে পাঠাবে। আগামী শুক্রবারের মধ্যে এই প্রক্রিয়া শেষ হতে হবে।
বিরোধী ডেমোক্র্যাটরা বলছেন, এই তদন্তের বস্তুনিষ্ঠতা নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে। তদন্তে কী কী বিষয় অন্তর্ভুক্ত হবে, কোন কোন সাক্ষীর ভাষ্য নেওয়া হবে, সে ব্যাপারে হোয়াইট হাউস সীমা বেঁধে দিয়েছে। কাভানার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে সম্পৃক্ত সবার সাক্ষ্য গ্রহণের বদলে মাত্র চারজন সাক্ষীর সঙ্গে কথা বলতে এফবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কাভানা সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পাবেন কি না, সে প্রশ্নে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট নন, সিনেটের সদস্যরা। এই মুহূর্তে অন্ততপক্ষে তিনজন রিপাবলিকান সিনেটর ইঙ্গিত দিয়েছেন, তদন্তের ফলাফল দেখে তাঁরা সিদ্ধান্ত নেবেন। অ্যারিজোনার বিদায়ী রিপাবলিকান সিনেটর জেফ ফ্লেক বলেছেন, গত সপ্তাহে সিনেট কমিটির শুনানিতে কাভানা যদি কোনো ব্যাপারে মিথ্যা বলে থাকেন, তাহলে তিনি বিপক্ষে ভোট দেবেন।