যৌন নিপীড়নের ঘটনায় সিনেটরের দুঃখপ্রকাশ

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর আল ফ্রাঙ্কেন তাঁর বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের ঘটনায় ক্ষমা চেয়েছেন। রেডিওর উপস্থাপক ও সাবেক মডেল লিয়ান টুইডেন সাবেক এই কৌতুক অভিনেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। ২০০৬ সালে এ ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, সম্মতি ছাড়া ফ্রাঙ্কেন তাঁর বুকে হাত রেখে আপত্তিকর ছবি তুলেছেন, চুমু খেয়েছেন।
এএফপির খবরে জানানো হয়, আল ফ্রাঙ্কেন ২০০৯ সাল থেকে মিনেসোটা অঙ্গরাজ্যের সিনেটর। অভিযোগ ওঠার পরপরই তিনি একটি বিবৃতি দিয়ে লিয়ান টুইডেনের কাছে ক্ষমা চান।
এক সময়ের মডেল লিয়ান টুইডেন অভিযোগ করেছেন, আফগানিস্তানে মোতায়েন করা মার্কিন সেনাদের বিনোদন দিতে ২০০৬ সালে উদ্যোগ নেওয়া হয়। ওই উদ্যোগের অংশ হিসেবে আল ফ্রাঙ্কেন, তিনিসহ আরও অনেকে আফগানিস্তানে যান। ওই সময় কৌতুক অভিনেতা আল ফ্রাঙ্কেন তাঁর সঙ্গে আপত্তিকর ও যৌন নিপীড়নমূলক আচরণ করেন।
লিয়ান টুইডেনের অভিযোগ, চিত্রনাট্যে না থাকার পরও আল ফ্রাঙ্কেন চুম্বন দৃশ্য যোগ করে তাঁকে সেনা সদস্যদের সামনে আপত্তিকরভাবে চুমু দেন। সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরার সময় উড়োজাহাজে তিনি ঘুমিয়ে পড়লে তাঁর বুকের ওপর হাত রেখে আপত্তিকর ছবি তোলেন আল ফাঙ্কেন। পরে সেসব ছবি তাঁর কাছে পাঠানো হলে তিনি বিষয়টি দেখতে পান। এ ঘটনায় তিনি অসহায় বোধ করেন। বিষয়টিকে তিনি ‘বিব্রতকর’, ‘অমর্যাদাকর’ ও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।
গতকাল বৃহস্পতিবার বিবৃতিতে আল ফ্রাঙ্কেন বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি স্পষ্টভাবে কিছু মনে করতে পারছি না। তবে আমি গভীরভাবে এ ঘটনার জন্য লিয়ানের কাছে ক্ষমা চাইছি।’ ছবিটি দেখে বোঝা যাচ্ছে, ‘এটা মজা করার জন্য করা হয়েছে। তবে আমার এমনটা করা ঠিক হয়নি।’
সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিক দলের নেতা মিচ ম্যাককনেল বিষয়টি খতিয়ে দেখতে নৈতিকতা বিষয়ক কমিটিতে পাঠানোর আহ্বান জানিয়েছেন। কর্মক্ষেত্র বা অন্যত্র-সবখানে যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধ হওয়া প্রয়োজন।
আল ফাঙ্কেনের দলের শীর্ষস্থানীয় সিনেটর চাক সুমারও বিষয়টি তদন্ত করে দেখতে আহ্বান জানিয়েছেন। বলেছেন, যৌন হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা কোনোভাবেই বরদাশত করা হবে না।