যৌন হয়রানির বিরুদ্ধে সরব আনসারিই সেই দোষে দুষ্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিজ আনসারি
আজিজ আনসারি

‘মাস্টার আব নান’ টিভি সিরিজের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পাওয়ার কিছুদিনের মধ্যেই অভিনেতা আজিজ আনসারির জীবন কেমন এলোমেলো হয়ে উঠেছে। এক নারী আলোকচিত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ অবস্থায় এসএজি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে আজিজ আনসারি যোগ দেননি বলে জানিয়েছে নিউইয়র্ক ডেইলি ।

প্রথম এশীয় ও ভারতীয় হিসেবে ৮ জানুয়ারি গোল্ডেন গ্লোব পুরস্কার পান আজিজ আনসারি। নারীর প্রতি যৌন হয়রানির বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কারের অনুষ্ঠানে ‘টাইমস আপ’ ব্যাজ পরে মঞ্চে উঠেছিলেন আনসারি। কিন্তু এর পরপরই তাঁর বিরুদ্ধে ওঠে যৌন হেনস্তার অভিযোগ। এর উত্তরও দিয়েছেন তিনি।
অভিযোগকারী নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা ২৩ বছর বয়সী এক নারী আলোকচিত্রী। গোল্ডেন গ্লোব আসরে আজিজ আনসারিকে ‘টাইমস আপ’ উদ্যোগের সমর্থনে কথা বলতে দেখে ভীষণ অবাক হওয়া এই আলোকচিত্রী এক ওয়েবসাইটকে জানিয়েছেন, গত বছর সেপ্টেম্বরে অ্যামি অ্যাওয়ার্ডের পার্টিতে আজিজ আনসারির সঙ্গে তাঁর পরিচয়। আলাপের পর তাঁদের মধ্যে ফোন নম্বর আদান-প্রদান হয়। তাঁরা দুজনই তখন নিউইয়র্কের বাসিন্দা। পরে একদিন নৈশভোজের পর আনসারির ট্রিবেকা অ্যাপর্টমেন্টে যান তিনি, যেখানে তাঁকে যৌন হয়রানি করেন আনসারি। আনসারি তাঁর ওপর জোর করেন বলেও অভিযোগ করেন তিনি। পরে আনসারির বাড়ি থেকে চলে যান ওই আলোকচিত্রী।
ওই আলোকচিত্রী শুধু এটুকুই জানাননি। তাঁকে হেনস্তা করার পূর্ণ বিবরণও তিনি তুলে ধরেছেন ওয়েবসাইট সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে। অবশ্য অভিযোগ উত্থাপনের পরপরই আনসারি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ইউএস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন তারকা জানান, ‘একসঙ্গে রাতের খাবার খেয়ে আমি আর সেই নারী যখন আমার অ্যাপার্টমেন্টে ফিরি, তখন আমি তাঁর কাছে আসতে চাই। তাঁর আচরণেও আমি সম্মতিসূচক ইঙ্গিত পেয়েছিলাম। কিন্তু পরদিন তিনি আমাকে একটি টেক্স ম্যাসেজ পাঠান। তখন জানতে পারি, আগের রাতের ঘটনা নিয়ে তিনি বিব্রত।’
আজিজ আরও বলেন, মেয়েটি তখন সাবলীল থাকায় তাঁর অস্বস্তির কথা তিনি টের পাননি। বিষয়টা জানার পর আজিজ নাকি খুব অবাক হয়েছিলেন। তবু সেই নারীকে বিব্রত করার জন্য তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নারীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ ঠেকাতে গঠিত টাইম’স আপ আন্দোলনের সঙ্গে থাকা প্রসঙ্গে আজিজ আনসারি বলেন, ‘আমি সব সময় এই আন্দোলনকে সমর্থন করে যাব। আমাদের সংস্কৃতিতে এর প্রয়োজন আছে। আরও আগেই এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল।’
বলার অপেক্ষা রাখে না তিন শতাধিক অভিনেত্রীর উদ্যোগে শুরু হওয়া টাইম’স আপ আন্দোলনের সঙ্গে শুরু থেকেই একাত্মতা ঘোষণার করেন আজিজ আনসারি। এই একাত্মতা ঘোষণাকে আজিজ আনসারির দ্বিচারিতা হিসেবেই দেখছেন ওই নারী আলোকচিত্রী।
সংশ্লিষ্টদের মতে, এসএজি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যোগ না দিয়ে আনসারি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তীরটিকে আরও তীক্ষ্ণ করলেন। এখন আনসারিরই দায় নিজেকে অভিযোগমুক্ত করা। আর তা না হলে বিশ্বের অন্যতম সেরা কমেডিয়ান হয়ে ওঠার যে পথে তিনি রয়েছেন, সেখান থেকে ছিটকে পড়তে হতে পারে তাঁকে।