যৌনশিক্ষা ও আমাদের সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বড় সন্তানের বয়স কুড়ি। ছোট সন্তানের বয়স তেরো। এখন নিজেকে আমি একজন অভিজ্ঞ মা মনে করি। বলা বাহুল্য আমাদের সমাজে ছোট সন্তানের বয়স যদি তেরো হয়, তখন তাকে আর অনভিজ্ঞ মা হিসেবে মনে করা হয় না। হাইস্কুলে যাওয়ার আগে জুনিয়র স্কুলে আমার অত্যধিক সরল ছেলেটি যখন যৌনশিক্ষার (সেক্স এডুকেশন) সঙ্গে পরিচিত হচ্ছিল, তখন লজ্জায় সংকোচে তার অবস্থা ছিল দেখার মতো। সিনিয়র গ্রেডের মেয়েরা ওর গাল টেনে দিয়ে আদর করে বলত, ‘হাউ সুইট মিনবয়!’
আমার ছেলের নাম মিনহাজুল ইসলাম পিয়াল। বেশি নমনীয় স্বভাবের বলে শিক্ষক-শিক্ষার্থীরা ওকে আদর করে ‘মিনবয়’ বলে ডাকত। সবাই জানে এ দেশে মিডল স্কুল থেকে ছেলেমেয়েদের যৌনশিক্ষা শুরু হয়। এ বিষয়ে প্রথম অভিজ্ঞতাটা আমার জন্য খুব বিব্রতকর ছিল। ছেলে একদিন স্কুল থেকে ফিরে মুখ হাঁড়ির তলার মতো করে বলল, ‘আম্মু কেন এ দেশে আসলা? আমরা কি বাংলাদেশে ভালো থাকতে পারতাম না?’ আমি বললাম, ‘বাংলাদেশে আমাদের জন্য সারভাইব করা কঠিন হতো। কী হয়েছে? তুমি এত ডিস্টার্বড কেন?’ তারপর ওর মুখ থেকে যা শুনলাম, খুব বিব্রত হয়েছিলাম। এইট গ্রেডের ছেলেমেয়েরা বাথরুমে কনডম ফেলে রেখে যায়। ভেরি ডিজগাস্টিং... ইত্যাদি ইত্যাদি। কথাগুলো বলার সময় ছেলে তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল। ভয়ে আমার বুক কেঁপে উঠল।
হায় মাবুদ, এ কেমন দেশে এলাম, বসতি গড়লাম! যেখানে এত অল্প বয়সী ছেলেমেয়েরা ফিজিক্যাল রিলেশনে জড়ায়! আমি তখন মোটেও অভিজ্ঞ মা হতে পারিনি। দুশ্চিন্তায় আমার চেহারা শুকিয়ে আমসি। ঘোর দুর্দিনে মায়ের শরণাপন্ন হলাম। আম্মা তখন বছরে একবার নিউইয়র্কে আসা-যাওয়া করতেন। ঘটনা শুনে আম্মা ধীর গলায় বললেন, ‘ওকে বুঝিয়ে বলতে হবে সব। কাঁচা বয়সী ছেলেমেয়েরা অবাধে শারীরিক সম্পর্ক করছে। এই দেশের জন্য এটা কিছু না। কিন্তু আমাদের জন্য এভরিথিং।’ খুব জ্ঞানী ছিলেন আমার আম্মা। এক ঘণ্টা ধরে আমার ছেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললেন। ওকে যা যা বুঝিয়ে দেওয়ার দরকার, দিলেন। আমার ছেলে তার নানুর কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখে নিল, যার সুফল আমিও পেয়েছি। আসলে সবাই শিক্ষা দেওয়ার নিয়ম জানে না। বাচ্চাদের সঙ্গে জটিল সময়ে কিভাবে কথা বলতে হবে, সেটা শিখেছি আম্মার কাছ থেকে।
এ দেশে হাইস্কুল হচ্ছে উঠতি বয়সী ছেলেমেয়েদের জন্য পিচ্ছিল রাস্তা। একবার যদি পা হড়কায়, বুঝতে হবে সারা জীবনের জন্য গেছে। ক্যারিয়ার আর গড়া হয় না। আর যদি খুব সতর্কতার সঙ্গে মায়া-মমতা দিয়ে নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে পিছলে পড়ার আশঙ্কা থাকে না। আল্লাহর দয়া আছে অধম আমার প্রতি। হাইস্কুল ভালোভাবেই সম্পন্ন করল আমার ছেলে। এখন কলেজে আছে, সেকেন্ড ইয়ারে। মাঝেমধ্যে আমাকে বলে, নানুমনি ওর জীবনের আদর্শ শিক্ষক। কত রকমের টিপস পেয়েছে নানুমনির কাছ থেকে। সেই টিপস তার জীবন চলার ক্ষেত্রে প্রচুর সাহায্য করেছে। ওর ভাষায় নানুমনি নলেজেবল উইম্যান ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো। আমি মনে করি মানুষের জ্ঞান-মেধা-বুদ্ধি আল্লাহ প্রদত্ত। আমার আম্মা কলেজে পড়াশোনা করেননি। আমার নানাজান ছিলেন ভীষণ ধার্মিক ব্যক্তি। ছোটবেলায় নানির মুখে নানাজানের কত গল্প শুনেছি। নানাজান ঘুমন্ত অবস্থায় নাকি দরুদ শরিফ পড়তেন। সুরা ইয়াসিন পড়তেন। রাতের শেষভাগে হারিকেন নিয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে যেতেন। ধার্মিক পরিবারে বেড়ে ওঠা আমার আম্মার পড়াশোনার পর্ব কলেজের চৌকাঠ অবধি যাওয়ার প্রশ্নই আসেনি। কিন্তু আল্লাহপ্রদত্ত ঐশ্বরিক জ্ঞানের অধিকারিণী ছিলেন আম্মা। তবে ছোটবেলায় তাঁকে দেখেছি শরৎচন্দ্র-বঙ্কিম-বুদ্ধদেব-নজরুল-রবি ঠাকুরের সাহিত্য পাঠ করতে দেখতাম।
আমার তেরোত্তীর্ণ মেয়ের মিডল স্কুলের পাঠ চুকাবে জুন মাসে। প্রতিদিন তার কতশত প্রশ্ন জমে থাকে আমার জন্য। আমি অফিস থেকে ফিরলে মেয়ে তার প্রশ্নের ঝাঁপিটি খুলে বসে। তার কিছু প্রশ্ন বেশ কৌতূহলোদ্দীপক। শুনে আমার হাসি পেত। যেমন, ‘আচ্ছা মা বলো তো আমি কিভাবে জন্মেছি?’ শরীরের কোন অংশ দিয়ে তার জন্ম হয়েছে ইত্যাদি। আমি বলি, ‘আমার পেট কেটে তোমার জন্ম হয়েছে।’ মেয়ে বলে, ‘আমার জন্মের সময় তোমার কি খুব ব্যথা হয়েছে? তাহলে কেন তুমি এত ব্যথা সয়েছ? কেন একটা শিশুকে দত্তক নাওনি?’ আমি বলি, ‘অন্য শিশুকে অ্যাডপ্ট করলে তোমাকে কোথায় পেতাম? আমার কথা শুনে জাপটে ধরে আমাকে।
একদিন তুষারপাতের সময় জানা গেল এই ছোট মেয়েও তার বিজ্ঞান শিক্ষকের কল্যাণে সন্তান জন্ম দেওয়ার প্রাকৃতিক পদ্ধতিটি জেনে গেছে। নিজেকে প্রায় ‘ম্যাচিউর’ দাবি করে জানাল, মানুষের প্রাইভেট পার্ট দিয়ে মানুষের স্বাভাবিক জন্ম হয়। আর তারটি হয়েছিল ‘সি-সেকশনের’ মাধ্যমে। ‘ম্যাচিউর’ হয়েছে এমন মনে করার কারণ জানতে চাইলে বলল, তার বিজ্ঞান শিক্ষক জানিয়েছে। আর এর প্রমাণ হচ্ছে তার ঋতুচক্র। গর্ভধারণ সম্পর্কেও একটু-আধটু ধারণা হয়েছে। বিজ্ঞান শিক্ষকই জানিয়েছেন তাকে। তিনি বলেছেন, হাইস্কুলে ওঠার পরই অনেকে গর্ভবতী হয়, কিন্তু তা অনুচিত। এতে ভবিষ্যৎ শঙ্কায় পড়ে। শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ‘প্রোটেকশন’ নেওয়া উচিত ইত্যাদি। বাজে সম্পর্কে জড়ানো উচিত নয়। বয়ঃসন্ধিকালে সাবধান থাকতে হয়। তা না হলে শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়, পারিবারিক জীবনও অস্থির হয়ে উঠতে পারে।
মেয়ের কাছ থেকে সব শুনে নিজেরও চোখ খুলে যাচ্ছে। সঠিক সময়ে যৌনশিক্ষা আসলে প্রতিটি ছেলেমেয়ের জন্য জরুরি। তাহলেই অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব। এখানে ভিন্ন সাংস্কৃতিক আবহে বেড়ে উঠছে আমাদের সন্তানেরা। তাই তাদের জন্য এ ধরনের শিক্ষা আরও জরুরি। এটি পরিবার থেকে শুরু হলেই সবচেয়ে ভালো। এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবশ্য বেশ দক্ষতার সঙ্গে এ শিক্ষা দেয়। সঙ্গে পারিবারিক শিক্ষা ও নিজের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো। যে যেই সংস্কৃতি ও ধর্মের, তার সেই সংস্কৃতি ও ধর্মমতেই চলা উচিত। পাশাপাশি অন্য ধর্ম ও সংস্কৃতির প্রতি থাকা চাই শ্রদ্ধাবোধ।