রংপুরে হিন্দুবাড়িতে হামলা সাউথ জার্সিতে প্রবাসী হিন্দুদের সমাবেশ

বাংলাদেশের রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামে ১০ নভেম্বর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে সমাবেশ করেছেন হিন্দু সম্প্রদায়ের প্রবাসী বাংলাদেশিরা। ২০ নভেম্বর সন্ধ্যায় জাগরণী কালচারাল সোসাইটি ইনকের উদ্যোগে সেন্ট জোসেফ রিসোর্টে এই সমাবেশের আয়োজন করা হয়।
জাগরণী কালচারাল সোসাইটি ইনকের সভাপতি কনক রাউথের সভাপতিত্বে ও পল্লব সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন স্বরূপ বিশ্বাস, উত্তম চৌধুরী, অমূল্য রতন চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী, রানা দাশ ও গৌতম নাগ। প্রতিবাদ সমাবেশ সমন্বয় করেন জাগরণী কালচারাল সোসাইটি ইনকের সাধারণ সম্পাদক লিটন ধর।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে মুসলিম মৌলবাদী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত আছে। বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বক্তারা আরও বলেন, সরকার নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার বলে দাবি করলেও মাঝেমধ্যে প্রশাসনের গোচরেই এমন কিছু অঘটন ঘটছে যা মানুষকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। রংপুরের ঘটনায় স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততায় আবারও প্রমাণিত হয়েছে, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বর্তমান সরকার আন্তরিক নয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বাংলাদেশে পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক হামলা বন্ধের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।