রইল বাকি তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যান ডিয়েগো চিড়িয়াখানায় নোলার দেহে গত ১৩ নভেম্বর অস্ত্রোপচার করা হয় l ছবি: রয়টার্স
স্যান ডিয়েগো চিড়িয়াখানায় নোলার দেহে গত ১৩ নভেম্বর অস্ত্রোপচার করা হয় l ছবি: রয়টার্স

নোলা ছিল বিশ্বের সর্বশেষ বেঁচে থাকা চারটি উত্তরাঞ্চলীয় সাদা গন্ডারের একটি। গত রোববার ৪১ বছর বয়সে মৃত্যু হয়েছে এই মাদি গন্ডারটির। যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো চিড়িয়াখানার বাসিন্দা নোলার দেহে গত ১৩ নভেম্বর অস্ত্রোপচার করা হলেও তখন থেকে তার অবস্থার অবনতি হচ্ছিল।
নোলার মৃত্যুর পর গোটা বিশ্বে বেঁচে রইল আর মাত্র তিনটি উত্তরাঞ্চলীয় সাদা গন্ডার। এগুলোর অবস্থান কেনিয়ার ওল পেজেতা সংরক্ষিত বনে। সেখানে তাদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় বাণিজ্য করতে আসা ঔপনিবেশিক সময়ের ডাচরা বিশাল চেহারার গন্ডারগুলোর চওড়া মুখ দেখে তাদের নাম দেয় ওয়াইড রাইনো।
ওয়াইড (চওড়া) কথাটি কালক্রমে হয়ে যায় ‘হোয়াইট’ অর্থাৎ কিনা সাদা রাইনো। পরবর্তী সময়ে আকারে অপেক্ষাকৃত ছোট অন্য এক প্রজাতির গন্ডারের নাম হয় ব্ল্যাক রাইনো।
গন্ডারের শিং অত্যন্ত মূল্যবান। অনেকের বিশ্বাস এর বিশেষ ঔষধি গুণ আছে। আর সে কারণে একসময় চোরা শিকারিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় তারা। সংখ্যায় কম হওয়ায় ২০০৮ সাল নাগাদ নিজেদের অস্তিত্ব প্রায় হারিয়ে ফেলে উত্তরাঞ্চলীয় সাদা গন্ডার। এগুলোকে বিলুপ্তির কবল থেকে রক্ষা করতে সম্প্রতি ছয়টি দক্ষিণাঞ্চলীয় সাদা গন্ডার কেনে স্যান ডিয়েগো চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা বলছে, এদের শরীরে উত্তরাঞ্চলীয় সাদা গন্ডারের ভ্রূণ প্রতিস্থাপন করে বংশ বৃদ্ধির উদ্যোগ নেবে। তবে এ নিয়ে এখনো গবেষণা চলছে। বর্তমানে বিশ্বে প্রায় ২০ হাজার দক্ষিণাঞ্চলীয় সাদা গন্ডার আছে। সূত্র: বিবিসি।