রক্তাক্ত ইরাক নিয়ে চুপ ওয়াশিংটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত সপ্তাহ ধরে অশান্ত ইরাকের রাজধানী বাগদাদসহ দেশের বিভিন্ন অংশ। সরকারবিরোধী আন্দোলনে ৩৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত ২০ হাজারের বেশি। সেনা ও পুলিশের দমনপীড়নের মুখেও বেকারত্ব, সামাজিক বৈষম্য, প্রশাসনে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনের পুরোভাগে যুবসমাজ। বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগের দাবি করছেন। ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের মধ্য দিয়ে দুর্নীতিগ্রস্ত যে পুতুল সরকারের গঠন হয়েছিল তার।
অধিকাংশের মৃত্যু হয়েছে গুলিতে। এর মধ্যে যেমন সেনাবাহিনীর মেশিনগান থেকে এলোপাতাড়ি গুলিতে বহু মানুষকে ঝাঁজরা করে দেওয়া হয়, আবার দূর থেকে বন্দুক তাক করেও অনেক বিক্ষোভকারীকে খতম করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর জন্য তৈরি টিয়ার গ্যাস গ্রেনেড হামলাতেও আহত অনেক।
বিক্ষোভ চলাকালে অনেকেই নিখোঁজ। এমনকি মৃতদের দেহ পেতেও স্বজনদের হেনস্তা হতে হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমন মুচলেকা দেওয়ার পরেই পরিবারের লোকেদের লাশ দেওয়া হয়।
এদিকে প্রশাসনিক নির্যাতনের জেরে বিক্ষোভ তীব্র হয়। বহু মানুষ পথে নামেন। একটা সময় পর্যন্ত যারা ঝামেলা এড়াতে চেয়েছিলেন, বিশেষত দেশের মেহনতি বিক্ষোভকারীরা বাগদাদে টাইগ্রিল নদীর ওপরে তিনটি সেতু দখল করে নেয়। যার কাছে নিরাপত্তার ঘেরাটোপে থাকা গ্রিন জোন। সরকারি ভবন, আমলা ও মন্ত্রীদের আবাস। রয়েছে বিভিন্ন দূতাবাস, সেনাদের কেন্দ্র ও বিদেশি সংস্থাগুলোর ঠিকানা।
দক্ষিণে বিক্ষোভকারীরা বসরার কাছে ইরাকের উম কাসর বন্দরে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পারস্য উপসাগরে এটা ইরাকের প্রধান বন্দর। সঙ্গে স্থানীয় মেহনতি মানুষ বিক্ষোভে যোগ দেয়। আন্দোলন-বিক্ষোভের জেরে বন্দরের কাজ প্রায় ৫০ শতাংশে নেমে আসে। বন্দর শ্রমিকেরা ধর্মঘটে যোগ দেন। তাহরির স্কয়ারে বিশাল বিক্ষোভ হয়। দক্ষিণ ইরাকের শিয়া প্রধান এলাকায় শিক্ষকেরা ধর্মঘটে যোগ দেন। বেশ কিছু শহর আন্দোলনে স্তব্ধ হয়ে যায়।
অবশ্য উত্তর ইরাকের সুন্নি প্রধান আনবার এবং মসুলে আন্দোলনের ঢেউ ওঠেনি। ওই শহরগুলোতে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইসিস) বিরুদ্ধে মার্কিন সেনা অভিযান চলে। দুটি শহরই একটা সময় আইসিসের দখলে ছিল। অবশ্য এটা মনে করার কোনো কারণ নেই, আনবার ও মসুলের মানুষের মনে সরকারবিরোধী আন্দোলনের ছাপ ফেলেনি। অথবা তারা বিক্ষোভকে সমর্থন করেননি। এ ক্ষেত্রে কাজ করে আতঙ্ক। আইসিসের সময় ও তারপরে মার্কিন অভিযানের সময় স্থানীয়রা যা দেখেছেন। কেউ চায়নি সরকারের বিরুদ্ধে গিয়ে ফের মার্কিন নেতৃত্বাধীন সেনাবাহিনীকে অত্যাচার চালানোর আমন্ত্রণ দিতে।
সরকারের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে। যারা সরকারের বিরুদ্ধে যাবে তাদের প্রশাসন সন্ত্রাসবাদী এবং আইসিসের সমর্থক হিসেবে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেই এর মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এটি বলার অপেক্ষা রাখে না, ইরাকের মতো অবস্থা রাশিয়া, চীন, ভেনেজুয়েলা অথবা ইরানে হলে আন্তর্জাতিক খবর কতটা আলোড়ন ফেলত। অকুস্থল থেকে প্রতি সেকেন্ডের ওয়াল টু ওয়াল কভারেজ পেত করপোরেট মিডিয়াতে। কিন্তু ইরাক বলে সেটি ব্যতিক্রম। উদাসীন বিশ্ব মানবতাবাদের ধামাধারীরা। তেমন সাড়া নেই ইলেকট্রনিক অথবা প্রিন্ট মিডিয়াতে। তবে এর থেকে মনে করার কোনো কারণ নেই, ইরাকের রক্তারক্তি নিয়ে মানুষ উদাসীন। কারণ ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সেনা অভিযানের সময় প্রায় ২০ লাখ মার্কিন সেনা, সরকারি কর্মী এবং বেসরকারি ঠিকাদাররা যান। ২০১১ সালে ওবামা প্রশাসনের সেনা প্রত্যাহারের আগে পর্যন্ত যারা ইরাকেই ছিলেন। অভিযানের মেয়াদে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন সেনা মারা যায়। যুক্তরাষ্ট্রে ফিরে যান হাজারো আহত ও আক্রান্ত সেনারা। কিন্তু এটাই সব নয়।
মার্কিন সেনা প্রত্যাহারের পর তিন বছরের মধ্যেই ফের অশান্ত ইরাক। বেশ কিছু শহরে সন্ত্রাসবাদীরা দখল করে নেয়। এবার সন্ত্রাসবাদী গোষ্ঠী আইসিসের বিরুদ্ধে অভিযানে আসে মার্কিন সেনা। প্রথম থেকেই যাদের উদ্দেশ্য ছিল ইরাকের তেল সম্পদের দখল নেওয়া। বিশ্বে পেট্রোলিয়াম সম্পদের বিচারে প্রথম স্থানে ছিল ইরাক। কিন্তু এখন দেশে বেকারত্বের হার ২৫ শতাংশ। সিকি ভাগ মানুষ চরম দারিদ্র্যের কবলে। হাজার হাজার বেকার যুবক কাজের খোঁজে মরিয়া। শিক্ষিতেরাও দুমুঠো ভাতের জন্য যেকোনো কাজ করতে প্রস্তুত। কিন্তু তাও হাতে কাজ নেই।
অদ্ভুত হলেও এই পৃথিবীতে অন্তত একটি বিষয়ে ওয়াশিংটন ও তেহরান সহমত। তা হলো ইরাকে শাসন ব্যবস্থার পরিবর্তন। ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহাদিকে উভয়েই নিজেদের প্রয়োজনে সমর্থন করছে। যদিও ইরানে শাসন ব্যবস্থার বদলে তৎপর মার্কিনরা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যাতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া খবরদারি কায়েম হয়।
তাই ইরাকে বিক্ষোভ নিয়ে ট্রাম্প প্রশাসনের কোনো হেলদোল নেই। পেন্টাগনের লক্ষ্য মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা। যেখান থেকে ইয়াঙ্কি সেনারা তৎপরতা চালায়। গত ১ অক্টোবর থেকে দক্ষিণ ইরাকের নয়টি শিয়া প্রধান প্রদেশে প্রবল সরকারবিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে যার প্রয়োজনীয়তা ঘিরে আবারও প্রশ্ন উঠে গেছে। ইরাকের মানুষ দেখেছেন বিবদমান তিনটি পক্ষকে। প্রথম পক্ষে যদি থাকে বিক্ষোভকারীরা, তবে দ্বিতীয় পক্ষ অবশ্যই নিরাপত্তা বাহিনী। এ ছাড়া রয়েছে তৃতীয় পক্ষ। ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র শিয়া গোষ্ঠী, বাগদাদের শাসকেরা যাদের বিরুদ্ধে প্রতিবাদীদের খুন, অপহরণ ও বিক্ষোভকারী ও সাংবাদিকদের গ্রেপ্তারের অভিযোগ তুলেছে।