রক্তাক্ত টেক্সাস, ওহাইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তাক্ত টেক্সাস, ওহাইও। তেরো ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আমেরিকার দুই শহরে বন্দুকধারীর তাণ্ডবে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে, জখম ৪২ জন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রথম ঘটনা ঘটে শনিবার সকালে, টেক্সাসের এল পাসোয় একটি ভিড়ে ঠাসা ওয়ালমার্ট স্টোরে। আততায়ীর নির্বিচার গুলিতে খুন ২০ জন। সেই নৃশংসতার রেষ কাটতে না কাটতেই ওহাইওর ডেটনে একটি পানশালার বাইরে হামলা। এলোপাতাড়ি গুলিতে খুন ৯ জন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারী। এখনো পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। তবে টেক্সাসের ঘটনায় বন্দুকবাজ নিজেই ধরা দিয়েছে। পুলিশ চারদিক থেকে ওয়ালমার্ট স্টোরকে ঘিরে ফেললে সে আত্মসমর্পণ করে।
দুটি হামলার পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ। ওহাইওর ঘটনা নিয়ে ধোঁয়াশা থাকলেও টেক্সাসের হামলা উগ্র জাতিবিদ্বেষ ও অভিবাসী বিদ্বেষ থেকে বলে মনে করছে গোয়েন্দা সংস্থা এপবিআই। গ্রেপ্তার হওয়া হামলাকারী একুশ বছরের শ্বেতাঙ্গ যুবক প্যাট্রিক ক্রুসিয়াস, এল পাসো থেকে ৬৫০ মাইল পূর্বে টেক্সাসের শহর অ্যালেনের বাসিন্দা। শনিবার সন্ধ্যায়ই বন্ধ করে দেওয়া হয় প্যাট্রিকের টুইটার অ্যাকাউন্ট, যেখানে সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্তুতিতে ভরিয়ে দিয়েছে, বিশেষত মার্কিন-মেক্সিকো সীমান্তে বরাবর প্রাচীর নির্মাণের তারিফ করেছে।
মার্কিন-মেক্সিকো সীমান্ত চেকপোস্ট থেকে গাড়িতে মিনিট দশকের দূরত্ব এল পাসো শহর। শনিবার সকাল এগারোটা। শহরের সিয়েলো তিস্তা শপিংমলের কাছে ওয়ালমার্টের স্টোরে আচমকাই আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে প্যাট্রিক। সময় না নিয়ে এলোপাতাড়ি গুলি শুরু করে। তখন কেনাকাটায় ব্যস্ত সবাই। গুলির শব্দে শুরু ছোটাছুটি। অনেকেই জামাকাপড়, টেবিল চেয়ারের নিচে লুকিয়ে পড়েন। সেসময় সেখানে প্রায় হাজার তিনেক মানুষ ছিলেন বলে জানা গিয়েছে। ছয় মিনিটের মধ্যেই পৌঁছে যায় পুলিশ। ঘিরে ফেলে গোটা স্টোর। আত্মসমর্পণ করে প্যাট্রিক। পুলিশের দাবি, দ্রুততার সঙ্গে পৌঁছে যাওয়ায় রক্তপাত কিছুটা হলেও আটকানো গেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেক ওব্রাডোর জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন ম্যাক্সিকান রয়েছে, আহতদের মধ্যে সাতজন রয়েছেন।
এদিকে হামলার মিনিট কুড়ি আগেই ‘এইটচান’ ওয়েবসাইটে প্রকাশিত হয় ‘দ্য ইনকনভিনিয়েন্ট ট্রুথ’ নামে একটি ইশতেহার। চার-পাতার এই ইশতেহারে আমেরিকায় অভিবাসী প্রবেশ বন্ধের ছবি তোলা হয়। বলা হয়, এমন চললে টেক্সাসের নিয়ন্ত্রণ একদিন চলে যাবে অভিবাসীদের হাতে। নিজেদের সুবিধামতো নিয়মকানুন পাল্টে নেবে তারা। তাতে আরও শক্ত হবে ডেমোক্র্যাটদের হাত। এই ওয়েবসাইট থেকেই এ বছরের গোড়ায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসকে সমর্থন জানানো হয়। এই সন্ত্রাসবাদী হামলার শিকার হন ৫১ জন। যে ব্রেন্টন হ্যারিসন ট্যারান্ট এই হামলা চালিয়েছিল, তাকেও সমর্থন করা হয় ইশতেহারে।
হামলা চালানোর আগে প্যাট্রিকই ওই ইশতেহারটি পোস্ট করেছিল কিনা, তা খতিয়ে দেখছেন এফবিআই গোয়েন্দারা। এর আগে এই ‘এ্যাইটচান’ ওয়েবসাইটেই হামলার কথা ঘোষণা করেছিল ট্যারান্ট। তবে এল পাসোর পুলিশ প্রধান গ্রেগ অ্যালান বলেন, এই মুহূর্তে আমাদের হাতে আছে এই তরুণের কাছ থেকে পাওয়া একটি ইশতেহার, যাতে মনে হচ্ছে সে একটি ঘৃণ্যচক্রের সঙ্গে জড়িত।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন টেক্সাসের গ্রেগ অ্যাবট। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘আমরা এই হামলাকে নৃশংস হত্যাকাণ্ড এবং ঘৃণা-অপরাধ বলে গণ্য করব, যা আসলে ঘটেছে।’ অভিবাসী বিদ্বেষ থেকে যিনি সীমান্ত বরাবর প্রাচীর তোলার নির্দেশ দিয়েছিলেন, সেই প্রেসিডেন্ট ট্রাম্পও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, যেমন করতে হয়। এক টুইটে বলেছেন, ‘কাপুরুষোচিত’ হামলা, কোনোভাবেই নিরীহ মানুষের এই হত্যাকে বৈধতা দেওয়া যায় না।
মেক্সিকোর প্রেসিডেন্ট ওব্রাডোর বলেছেন, ‘ঘটনা হলো আমি এল পাসোকে চিনি, আমি জানি এটা খুব শান্তিপূর্ণ জায়গা, যেখানে খুব কমই হিংসার ঘটনা ঘটে।’ এল পাসো মানে ৬ লাখ ৮০ হাজার মানুষের বাস, যার মধ্যে ৮৩ শতাংশই অশ্বেতাঙ্গ, হিসপানিক। সীমান্তের ওপারেই মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ। সীমান্তে দুই শহরের লাতিন মানুষের মধ্যে রয়েছে ঐতিহাসিক বন্ধন, আত্মীয়তা। দুই শহরের মানুষই প্রতিনিয়ত দুপারে যাতায়াত করেন। ঘটনার পরে রাতেই সিউদাদে বেরিয়েছে মোমবাতি নিয়ে শোক মিছিল।
হামলার রেশ কাটতে না–কাটতেই ওহাইও অঙ্গরাজ্যের ডেটন শহরের ওরেগনে ইস্ট ফিফথ স্ট্রিটে রয়েছে একাধিক পানশালা আর আর্ট গ্যালারি। সেখানে ‘নেট পেপার্স বার’ নামে একটি পানশালার সামনে রাত ১টা নাগাদ এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। জখম হন ১৬ জন। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হামলাকারীর মৃত্যু হয়। এল পাসো, টেটন নিয়ে গত আট দিনে আমেরিকায় এ রকম তিনটি হামলার ঘটনা ঘটল। আগের ঘটনাটি ঘটে ক্যালিফোর্নিয়ায়। তিনজনের মৃত্যু হয়, জখমের সংখ্যা ছিল ১৩। ইউএসএ টুডে–এর হিসেবে ২১৬ দিনে ঘটছে ২৫১টি হামলার ঘটনা।