রঙের যুদ্ধে জিতল কে, হিলারি না ট্রাম্প?

জমে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। হিলারি ক্লিনটন নাকি ডোনাল্ড ট্রাম্প—ভোটের যুদ্ধে কে জিতবেন, সেটা ঠিক করবেন যুক্তরাষ্ট্রের জনগণ। কিন্তু তার আগেই এই দুই প্রার্থী মুখোমুখি আরেক যুদ্ধে। হিলারি ও ট্রাম্পের মধ্যে এই যুদ্ধ রং নিয়ে। হিলারির দল ডেমোক্রেটিক পার্টির ‘ব্র্যান্ড কালার’ নীল আর ট্রাম্পের দল রিপাবলিকান মানেই তো লাল। তারপরও এই দুই প্রার্থীর পোশাকে শোভা পাচ্ছে নানা রং। ফ্যাশনে রঙের ব্যবহারে কে এগিয়ে সে তথ্য থাকছে এখানে। বিজয়ী না হয় আপনিই নির্বাচন করুন!

ভোগ ইন্ডিয়ার অনুসন্ধান বলছে, সম্প্রতি হিলারি ক্লিনটন দলীয় রঙের পোশাক পরেছেন সবচেয়ে বেশি সময়। মোট ২৮ শতাংশ পোশাকে নীল রং বেছে নিয়েছেন তিনি। তাঁর পোশাকবৈচিত্র্য ট্রাম্পের চেয়ে অনেক বেশি। এমনকি ট্রাম্পের রিপাবলিকান পার্টির সিগনেচার রং লাল ও কমলা হিলারিকে পরতে দেখা গেছে ২০ শতাংশ বার। এ ছাড়া হিলারি কালচে রঙের পোশাক পরেছেন ১৮ শতাংশ, সাদা বা চাপা সাদা রং পরেছেন ১৬ শতাংশ, সবুজাভ ছোঁয়ার পোশাক ৭ শতাংশ ও অন্যান্য রঙের পোশাক পরেছেন ২ শতাংশ হারে।
অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিশেষ পোশাক হিসেবে টাইয়ের রংটাই আমলে নিয়েছেন বিশ্লেষকেরা। যেখানে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প তাঁর দলীয় রং (লাল) বেছে নিয়েছেন সবচেয়ে বেশি। ট্রাম্প ৭০ ভাগ সময়ে লাল রঙের ছোঁয়া রেখেছেন টাইয়ে। বাকি ৩০ ভাগের পুরোটাই নীল। এই দুই রঙের বাইরে খুব একটা দেখা যায়নি তাঁকে।
